ক্রিকেটারের রেস্তোরাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দম ফুঁকের বিরিয়ানি। ছবি: জুয়েল শীল
দম ফুঁকের বিরিয়ানি। ছবি: জুয়েল শীল

খোলা বারান্দার মতো একটি জায়গা। তিন পাশ খোলা ছোট্ট একটি পরিসর। ১৭ মে এখানেই দেখা মিলল তামিম ইকবালের। হ্যাঁ, ক্রিকেটার তামিমই।
চট্টগ্রাম শহরে পূর্ব নাসিরাবাদের ইভস সেন্টারের সিঁড়ির পাশের খোলা বারান্দায় এই রেস্তোরাঁয় সেদিন তামিমকে দেখে অনেকে থমকে দাঁড়িয়েছেন। জোস বার্গার নামের এই রেস্তোরাঁর মালিকদের একজন হলেন তামিমের বড় ভাই জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল।
এখনো খেলছেন নাফিস। খেলার পাশাপাশি এই ব্যবসায়। তিনি জানালেন, তামিম কক্সবাজার থেকে হঠাৎ ১৭ মে হেলিকপ্টারে চট্টগ্রামে চলে আসেন। এসেই জোস বার্গারে। এখানকার স্পেশাল চাঁটগাইয়া বার্গার খেয়ে দেখেন তিনি।

জোস বার্গারে তামিম ইকবাল
জোস বার্গারে তামিম ইকবাল

চলতি মাসে এর যাত্রা শুরু। এখানে ছয়-সাত রকমের বার্গার পাওয়া যায়। পাশাপাশি রয়েছে অন্যান্য কিছু নাশতা ও পানীয়। বার্গারের দাম ১২০ থেকে ৩৪০ টাকা। নাফিসের রেস্তোরাঁ কেবল এই একটি নয়, নগরের ইস্পাহানী মোড় হাইওয়ে প্লাজায় আরেকটি রেস্তোরাঁ চালু করেছেন বন্ধুদের নিয়ে। দম ফুঁক নামের এই রেস্তোরাঁয় ভারতীয় খাবার পাওয়া যায়। তিনি জানালেন, দম ফুঁক হিন্দি শব্দ। অর্থ চুলায় চোঙা দিয়ে ফুঁ দেওয়া। এটির যাত্রা শুরু হয় এপ্রিল মাসে। তামিম-নাফিসের চাচা জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খান এর উদ্বোধন করেন।
তামিম ইকবাল ১৭ মে দম ফুঁকেও ঢুঁ মারেন। এখানে হায়দরাবাদি বিরিয়ানি, তন্দুরি চিকেন, চট্টগ্রামের মেজবানি মাংস খান তিনি।
এর স্বত্বাধিকারীদের একজন সৈয়দ মো. জয়নুল আবেদিন বলেন, ‘আমাদের এখানে শুধু তামিম কেন, ক্রিকেটার নাসির, মুমিনুল, আশরাফুল, পাইলট—সবাই ঘুরে গেছেন।’
এখানে হায়দরাবাদি বিরিয়ানি ছাড়াও বিভিন্ন স্বাদের কাবাব পাওয়া যায়। বিরিয়ানির সর্বনিম্ন দাম ১৬০ টাকা। আর কাবাব পাওয়া যায় ৯০ থেকে ১৬০ টাকার মধ্যে।
রেস্তোরাঁ ঘুরে দেখা শেষে নাফিসের কাছে প্রশ্ন ছিল—ক্রিকেটাররা এখন রেস্তোরাঁ ব্যবসার দিকে ঝুঁকছেন কেন? ‘বিশ্বের বিভিন্ন দেশে খাওয়ার দোকান দেখার অভিজ্ঞতা থেকে এটা হতে পারে।’—মুচকি হেসে জবাব দিয়ে দেন নাফিস।