খাবার পাতে বৈশাখী আমেজ
বৈশাখের গরমে চাই প্রাণ জুড়ানো খাবার আর পানীয়। পেট পুরে খেয়েদেয়ে মনের মতো হজম না হলে কি চলে!
রেসিপি দিয়েছেন জোবাইদা আশরাফ
কাঁচা আমে ইলিশ–কোপ্তা

উপকরণ–১: ইলিশ মাছের কিমা ১ কাপ, পাউরুটি ২ টুকরা, আদা–রসুন পেস্ট আধা চা-চামচ করে, টমেটো পেস্ট ২ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, ডিম ১টি ও তেল ভাজার জন্য।
উপকরণ–২: পেঁয়াজ কুঁচি ১ কাপ, আদা–রসুন পেস্ট ১ চা–চামচ করে, নারকেলের দুধ ২ কাপ, কাঁচা আম কুচি আধা কাপ, ফিস সস ১ চা চামচ, সয়া সস ১ টেবিল চামচ, সরিষা পেস্ট ২ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, লেবুপাতা কয়েকটি, চিনি ২ চা–চামচ, সাদা গোলমরিচ ১ চা–চামচ, কাঁচা মরিচ ৬–৭টি, মটরশুঁটি ২ টেবিল চামচ, চিনি ২ চা–চামচ ও তেল ৪ টেবিল চামচ।
প্রণালি: ইলিশ মাছ লেজ ও মাথা ফেলে ধুয়ে লম্বালম্বি ২ টুকরা করে সেদ্ধ করে কাঁটা বেছে নিতে হবে। ১ নম্বর উপকরণ দিয়ে মেখে মেখে গোল গোল কোপ্তা ভাজতে হবে। এরপর তেল গরম করে পেঁয়াজ কুঁচি কষাতে হবে। হালকা বাদামি রং হলে আদা–রসুন পেস্ট দিতে হবে। এরপর আমের কুঁচিসহ ২ নম্বর উপাদানগুলো একসঙ্গে কড়াইতে দিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে মাছের কোপ্তা ছেড়ে দিয়ে দুই মিনিট রান্না করে নামাতে হবে। নামানোর সময় লেবুর রস, লেবুপাতা ও চিনি দিতে হবে। পোলাও বা খিচুড়ির সঙ্গে গরম গরম পরিবেশন করতে হবে।

কাঁচা কাঁঠালের নারগেসি কাবাব
উপকরণ–১: কাঁচা কাঁঠাল সেদ্ধ ২ কাপ, ছোলার ডাল সেদ্ধ আধা কাপ, পাউরুটি ৪ টুকরা, ডিম ২টি, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, চালের গঁড়ো ২ টেবিল চামচ, আদা পেস্ট ১ চা–চামচ, রসুন পেস্ট ১ চা–চামচ, কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ, জিরার গুঁড়া ২ চা–চামচ, গরমমসলার গুঁড়া ১ চা–চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কিশমিশ পেস্ট ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর খোসা গুঁড়া ২ চা–চামচ ও ধনেপাতা কুঁচি ২ টেবিল চামচ।
উপকরণ–২: ডিম ২টি, পাউরুটির গুঁড়া ১ কাপ, সেদ্ধ ডিম ৪িট ও তেল ভাজার জন্য।
প্রণালি: প্রথমে কাঁঠাল সেদ্ধ ও ছোলা সেদ্ধ ব্লেন্ড করে নিতে হবে। ডিম সেদ্ধ ও তেল ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নিতে হবে। সেদ্ধ ডিমের ওপর কাঁঠালের মিশ্রণের প্রলেপ দিয়ে ডিম ঢেকে দিতে হবে। এরপর ফেটানো ডিমে ডুবিয়ে পাউরুটির গুঁড়া মাখিয়ে তেলে ভেজে গরম গরম পরিবেশন করতে হবে।

চকলেট রসে কড়ই নাড়ু
উপকরণ: ভাজা চালের গুঁড়া ১ কাপ, গলানো চকলেট আধা কাপ, ছানা ৪ টেবিল চামচ, কলা বড় ১টি, নারকেল কোরা আধা কাপ, চিনি স্বাদমতো, ঘন দুধ পরিমাণমতো, লবণ পরিমাণমতো ও আইসিং সুগার পরিমাণমতো।
প্রণালি: আইসিং সুগার ছাড়া বাকি সব উপকরণ ভালোভাবে মেখে নাড়ু তৈরি করে ওপরে আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করতে হবে।

আইস–বেল
উপকরণ: বেলের মণ্ড ২ কাপ, চার কোনা করে কাটা পেপে কাপ, মধু সিকি কাপ, লেবুর রস ২ টেবিল চামচ, ভ্যালিনা আইসক্রিম ১ কাপ ও গ্রেট করা ডার্ক চকলেট প্রতি গ্লাসে ১ টেবিল চামচ করে।
প্রণালি: বেলের সঙ্গে ঠান্ডা পানি মধু, লেবুর রস ও পেপের টুকরা মিশাতে হবে। লম্বা গ্লাসে ঢেলে ওপরে ভ্যানিলা আইসক্রিম ও চকলেট দিয়ে পরিবেশন করতে হবে।
স্ট্রবেরি শর্ট বল উইথ ক্রিম কার্ড
উপকরণ: ময়দা আধা কাপ, ডিম ৪িট, গুঁড়ো দুধ আধা কাপ, স্ট্রবেরি কালার কয়েক ফেঁাটা, স্ট্রবেরি এসেন্স কয়েক ফেঁাটা, কেক ইম্প্রুভার ১ চা–চামচ, চিনি আধা কাপ, বেকিং পাউডার আধা চা–চামচ ও স্ট্রবেরি সিরাপ ১ কাপ।

ক্রিম কার্ডের জন্য: দই ১ কাপ (পানি ঝরানো), ভ্যানিলা আইসক্রিম ১ লিটার, হুইপ্ট ক্রিম ১ কাপ, চকলেট চিপস, কাঠবাদাম (আমন্ড) কুচি সিকি কাপ ও কোকো পাউডার ২ টেবিল চামচ।
স্ট্রবেরি বলের জন্য: হোয়াইট চকলেট গ্রেট করা ১ কাপ, সিকি কাপ করে গুঁড়ো দুধ, চিনি, ক্রিম ও পেস্তা কুচি, স্ট্রবেরি কেক গুঁড়ো ২ কাপ ও ভ্যালিনা আইসক্রিম ১ কাপ।
প্রণালি: প্রথমে স্ট্রবেরি কেক করতে ময়দা, বেকিং পাউডার ও দুধ ঢেলে নিতে হবে। ডিম ভেঙে কুসুম ও ময়দা আলাদা করতে হবে। চিনির গুঁড়ো, এসেন্স, কালার ও কুসুম মিশাতে হবে। এরপর ময়দা মিশাতে হবে। মোল্ড গ্রিজ করে ১৬০ ডিগ্রি তাপমাত্রায় ৩০ মিনিট ইলেকট্রিক ওভেনে বেক করতে হবে। কেক তৈরি হলে ক্রিম কার্ডের জন্য দই, আইসক্রিম, হুইপ্ট ক্রিম একসঙ্গে বিট করতে হবে। ফ্লপিং হলে ক্রিম দুই ভাগ করতে হবে। এক ভাগে বাদাম কুচি মিশাতে হবে, আরেক ভাগে চকলেট চিপস ও কোকো পাউডার মিশাতে হবে।
স্ট্রবেরি বল: মাইক্রো ওভেনে হোয়াইট চকলেট গুঁড়া গলাতে হবে। এবার আইসক্রিম ছাড়া স্ট্রবেরি বলের উপকরণের সব মেখে বল তৈরি হবে। ডেজার্ট সাজানোর জন্য একটি গোল কাচের স্বচ্ছ বাটি নিতে হবে। বাটিতে পাতলা পলিথিন বিছাতে হবে। প্রথমে কেকের স্লাইস বিছাতে হবে, এর ওপর সিরাপ দিতে হবে। এর ওপর সাদা ক্রিম কার্ড (দই) দিতে হবে। আবার কেক বিছাতে হবে, সিরাপ দিতে হবে, এর ওপর চকলেট ক্রিম কার্ড দিতে হবে। এভাবে স্তরে স্তরে সাজাতে হবে। এরপর ফ্রিজে রাখতে হবে। ৩০-৪০ মিনিট পর বড় গোলাকার সার্ভিং ডিশে ডেজার্টটি উপুড় করে আস্তে আস্তে রাখতে হবে। পলিথিন ফেলে দিতে হবে। চারদিকে স্ট্রবেরি ও বল দিয়ে সাজাতে হবে। এর ওপর ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করতে হবে।