গরম গরম স্যুপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে বা সন্ধ্যায় এক বাটি গরম স্যুপের স্বাদই আলাদা। দেখুন শাহানা পারভীনের দেওয়া রেসিপিগুলো।

সবজি ক্লিয়ার স্যুপ
সবজি ক্লিয়ার স্যুপ

সবজি ক্লিয়ার স্যুপ
উপকরণ: মুরগির স্টক ৫ কাপ, সেদ্ধ নুডলস ২ টেবিল চামচ, কাজুবাদাম ১০-১২টি, মাখন ১ টেবিল চামচ, গাজর সেদ্ধ ২৫ গ্রাম, ফুলকপি ২৫ গ্রাম, পেঁপে ২৫ গ্রাম, টমেটো ১টি, ধনে পাতা ১ চা-চামচ, লেটুস পাতা ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, স্বাদলবণ আধা চা-চামচ, লবণ স্বাদমতো, ভাজা শুকনো মরিচ ২টি।
প্রণালি: সব সবজি পছন্দমতো কুচি করে নিতে হবে। কাজুবাদাম ও মাখন ছাড়া ওপরের সব উপকরণ স্টকের সঙ্গে মিশিয়ে চুলায় ফুটিয়ে স্যুপ তৈরি করতে হবে। মাখনে কাজুবাদাম একটু ভেজে স্যুপে দিতে হবে। এবার ভাজা শুকনো মরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

মাশরুম স্যুপ
মাশরুম স্যুপ

মাশরুম স্যুপ
উপকরণ: মাশরুম ১০০ গ্রাম, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, সিরকা ১ চা-চামচ, স্বাদলবণ সিকি চা-চামচ, সয়াসস ১ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, ডিম ১টি, মুরগির স্টক ৮ কাপ।
প্রণালি: মাশরুম হালকা গরম পানিতে ধুয়ে কুচি করে নিন। সসপ্যানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি ও মাশরুম কুচি দিয়ে নাড়তে হবে। সব উপকরণ নরম হয়ে গেলে তাতে সয়াসস দিতে হবে। এরপর স্টক দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এবার ১ কাপ ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার মিশিয়ে স্যুপের মধ্যে ঢেলে চামচ দিয়ে অনবরত নাড়তে হবে। ডিম ফেটিয়ে নিয়ে ফুটে ওঠা স্যুপের মধ্যে মিশিয়ে দিতে হবে। সব শেষে সিরকা ও স্বাদলবণ মিশিয়ে গরম গরম পরিবেশন করতে হবে। 

টমেটো ক্রিম স্যুপ
টমেটো ক্রিম স্যুপ

টমেটো ক্রিম স্যুপ
উপকরণ: টমেটো ৪টি, মুরগির স্টক ৫ কাপ, লবঙ্গ ৫টি, মাখন ১ টেবিল চামচ, ভাঁজ খোলা পেঁয়াজ ২টি, কাঁচা মরিচ ২টি, গোলমরিচ ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, রসুন কুচি ১ চা-চামচ, ক্রিম ২ টেবিল চামচ।
প্রণালি: টমেটো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিতে হবে। সসপ্যানে টমেটো পেস্ট ও মুরগির স্টক দিয়ে চুলায় দিতে হবে। ফুটে উঠলে অন্য সব উপকরণ দিয়ে আবার ফুটতে দিতে হবে। অন্য একটি ফ্রাইপ্যানে মাখন গরম করে তাতে রসুন কুচি দিতে হবে। হালকা বাদামি হলে স্যুপের ওপর ঢেলে দিতে হবে। গরম গরম ব্রেড টোস্টের সঙ্গে পরিবেশন করতে হবে টমেটো ক্রিম স্যুপ।

সবজি-মাছের বল স্যুপ
সবজি-মাছের বল স্যুপ

সবজি-মাছের বল স্যুপ
মাছের বলের উপকরণ: যেকোনো বড় মাছের কিমা ১ কাপ (কাঁটা ও ছাল ফেলে দিয়ে পাটায় পিষে নিতে হবে)। আদা ও রসুন বাটা ১ চা-চামচ, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২-৩টি, ধনে পাতা কুচি ১ চা-চামচ, ফিশসস আধা চা-চামচ, কর্নফ্লাওয়ার প্রয়োজনমতো, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।
প্রণালি: তেল ছাড়া ওপরের সব উপকরণ দিয়ে মাখিয়ে ছোট ছোট বল তৈরি করে ডুবো তেলে ভেজে নিতে হবে।
স্যুপের উপকরণ: মুরগির স্টক ৪ কাপ, বাঁধাকপি কুচি ২ টেবিল চামচ, লেটুস পাতা ২টি, কচি পাতাসহ পেঁয়াজ কুচি ২টি, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, কাঁচা মরিচ কুচি ২টি, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ডিম ১টি।
প্রণালি: লেবুর রস ও কর্নফ্লাওয়ার ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় ফুটাতে হবে। ঠান্ডা পানিতে কর্নফ্লাওয়ার গুলে স্যুপে দিয়ে নাড়তে হবে। ফেটানো ডিম দিয়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। এবার লেবুর রস ও মাছের বল দিয়ে পরিবেশন করতে হবে। 

মুরগির স্টক তৈরি

এক কাপ মুরগির হাড় নিয়ে দশ কাপ পানিতে সেদ্ধ করতে হবে। পানি শুকিয়ে অর্ধেক হয়ে গেলে নামিয়ে ছেঁকে নিতে হবে। হয়ে গেল মুরগির স্টক।