গরম চায়ের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাইরে ঝুম বৃষ্টি। হাতে এক কাপ চা। সঙ্গে মচমচে খাবার থাকলে মন্দ হয় না। এমন ভাবনা থেকেই চটজলদি বানিয়ে ফেলতে পারবেন এমন খাবারের কয়েকটি রেসিপি দিয়েছেন আতিয়া আমজাদ

মাশরুম স্প্রিং রোল

উপকরণ: মাশরুম কুচি ২ কাপ, গাজর ১টি (মিহি কুচি), রাইস নুডল্‌স সেদ্ধ ১ কাপ, ফিশ সস ১ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, সয়াসস ২ টেবিল চামচ, রাইস ভিনেগার ২ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, পাঁচফোড়নের গুঁড়া সিকি চা-চামচ, স্প্রিং রোল শিট ২০ থেকে ২৫টি, ডিম ১টি এবং ভাজার জন্য তেল।

প্রণালি: রোল শিট, ডিম আর তেল ছাড়া বাকি সব উপকরণ ১টি বাটিতে নিয়ে মিশিয়ে নিন। স্প্রিং রোল শিটে পুর ভরে রোলের আকার দিয়ে ডিমে চুবান এবং মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

মাশরুম মোগলাই পরোটা

উপকরণ: ডো বানানোর জন্য: ময়দা ৩ কাপ, তেল ৩ টেবিল চামচ, অ্যারারুট সামান্য, লবণ সিকি চা-চামচ, গরম পানি ১ কাপ, বেকিং পাউডার ১ চিমটি।

পুর তৈরির জন্য: মাশরুমের কুচি ২৫০ গ্রাম, পেঁয়াজ ১টি (কুচি করে কাটা), কাঁচা মরিচ ২-৩টি (কুচি), আদাবাটা আধা চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া আধা চা-চামচ, হলুদগুঁড়া সিকি চা-চামচ, লবণ ও চিনি পরিমাণমতো, ডিম ২টি এবং ভাজার জন্য তেল।

প্রণালি: ফিলিংটা তৈরি করে নিয়ে ২ টেবিল চামচ তেলে আদা-রসুনবাটা ও পেঁয়াজ ভেজে তাতে মাশরুম ও বাকি উপকরণগুলো দিয়ে ৩-৪ মিনিট রান্না করে নিতে হবে। ময়দার ডো ৪ ভাগে ভাগ করে একটু ভারী করে ৪টা রুটি বেলে নিন। মাশরুমের পুর মাঝে রেখে রুটি চারপাশ থেকে মুড়ে আবারও হালকা বেলে নিন। ডিম ফেটিয়ে প্রতিটি পরোটার ওপর ব্রাশ করুন। তেল গরম হলে আঁচ কমিয়ে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।

চকলেট চিপ কুকিজ

উপকরণ: মাখন (আনসল্টেড বাটার) ১টি বা আধা কাপ, বাদামি চিনি (ডার্ক ব্রাউন সুগার) পৌনে এক কাপ, চিনি পৌনে এক কাপ, বড় আকারের ডিম ২টি, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ১ চা-চামচ, চকলেট চিপস বা টুকরা চকলেট (চাঙ্ক) ১২ আউন্স, ময়দা সোয়া ২ কাপ, বেকিং সোডা এক চা-চামচের ৪ ভাগের ৩ ভাগ ও মিহি লবণ ১ চা-চামচ।

প্রণালি: ওভেনের মাঝখানে সমানভাবে ২টি র‌্যাক রাখুন। ৩৭৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় ওভেন প্রি-হিট করুন (কনভেনশন থাকলে তা করতে পারেন)। দুটি বেকিং ট্রেকে পার্চমেন্ট পেপার বা সিলিকন শিট দিয়ে ঢেকে দিন। শুধু একটি বেকিং ট্রে থাকলে দুবার ব্যবহারের মাঝে এটিকে সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিন। মাইক্রোওয়েভ ওভেনের উপযোগী পাত্রে মাখন নিন। পাত্রটি ঢাকা অবস্থায় মাঝারি আঁচে ওভেনে রাখুন, যতক্ষণ মাখন না গলে যায়। এর পরিবর্তে ছোট সসপ্যানেও মাখন গলিয়ে নিতে পারেন। কিছুটা ঠান্ডা হতে দিন। একটি বড় পাত্রে সাদা চিনি, বাদামি চিনি, ডিম, মাখন ও ভ্যানিলা একসঙ্গে মিশিয়ে নাড়তে হবে। মিশ্রণটি মসৃণ না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন।

অন্য একটি পাত্রে ময়দা, বেকিং সোডা এবং লবণ মেশাতে হবে। প্রথম পাত্রে এবার ময়দার মিশ্রণটা ঢেলে একটি কাঠের চামচের সাহায্যে নাড়তে থাকুন। তবে খেয়াল রাখুন, যেন মেশানোর জন্য নাড়াচাড়া অতিরিক্ত না হয়ে যায়। এরপর চকলেট চিপস বা টুকরা চকলেট (চাঙ্ক) মিশিয়ে নাড়তে হবে। ভেতর দিকটা গভীর, এমন টেবিল চামচের সাহায্যে ডো স্কুপ করুন এবং তা আগে থেকে তৈরি করে রাখা প্যানের ওপর রাখুন। হাত সামান্য ভিজিয়ে নিন এবং এই ডো থেকে কুকির মতো বল বানিয়ে নিন। প্যানের ওপর কুকিগুলো ২ ইঞ্চি দূরত্বে রাখুন। সোনালি রং না আসা পর্যন্ত বেক করুন, তবে ভেতরটা নরম থাকবে, ১২-১৬ মিনিট (ঠিক কতটা নরম বা মচমচে করতে চাইছেন, এর ভিত্তিতে)। স্প্যাচুলা দিয়ে গরম কুকিগুলো একটি র‌্যাকে রাখুন, ঠান্ডা হওয়ার পর পরিবেশন করুন। ভালোভাবে মুখ আটকে কোনো পাত্রে রাখতে পারেন ৫ দিন পর্যন্ত।

পনির পুরি

উপকরণ: পনির ঝুরি করে কাটা ১ কাপ, আটা ১ কাপ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, ধনেপাতা কুচি সিকি কাপ, গরমমসলা পাউডার সিকি চা-চামচ, ভাজার জন্য তেল, লবণ পরিমাণমতো বা আধা চা-চামচ ও কাঁচা মরিচের কুচি ২ টেবিল চামচ।

প্রণালি: আটার সঙ্গে জিরাগুঁড়া আর লবণ মিশিয়ে পরিমাণমতো ঠান্ডা পানি দিয়ে ময়ান করুন। বাটিতে পনিরের সঙ্গে তেল ছাড়া বাকি সবকিছু ভালো করে মিশিয়ে নিন। আটার কাই ১৮-২০টা ভাগে ভাগ করে ছোট ছোট রুটি বেলে নিন। এবার ভেতরে পনিরের পুর ভরে পুরি বানিয়ে নিন। তেল গরম করে মাঝারি আঁচে সোনালি করে ভেজে তুলুন।