গরিবের জিবে অভিজাত স্বাদ

বিশ্বসেরা বাবুর্চিদের একজন মাসসিমো বত্তুরা। তাঁর তৈরি জিবে-জল-আনা ইতালীয় খাবারের খ্যাতি বিশ্বজুড়ে। সেসব খাবার খেতে অনেক অর্থ ব্যয় করতে হয়। তবে অলিম্পিক গেমস উপলক্ষে ব্রাজিলের রিও ডি জেনিরোতে দরিদ্র মানুষকে বিনা মূল্যে এগুলো খাওয়ানো হবে।
এএফপির খবরে জানানো হয়, ব্রাজিলের সুবিধাবঞ্চিত, দরিদ্র মানুষকে দামি খাবারের স্বাদ দিতেই বত্তুরার এ আয়োজন। বত্তুরা তাদের খাবারে একটু বৈচিত্র্য আনতে চান।
ইতালির মদেনা শহরে ওস্তেরিয়া ফ্রানচিসকানা রেস্তোরাঁ রয়েছে বত্তুরার। ‘রেস্টুরেন্ট’ সাময়িকীর জরিপে এ বছর বিশ্বের সবচেয়ে ভালো রেস্তোরাঁ হিসেবে এটি বিবেচিত হয়েছে। এখানকার জনপ্রিয় সব খাবারের মধ্যে রয়েছে ইল উইথ পোয়েন্তা, কমপানিয়ে অ্যাপল জেলি, বার্নট সাবা অনিয়ন ও চারকোল সল্ট।
বত্তুরার রেস্তোরাঁয় এসব খাবার খেতে গেলে খরচ পড়ে ২২০ ইউরো। তবে রিও ডি জেনিরোর দরিদ্র মানুষ এগুলো বিনা মূল্যে খেতে পারবে। অলিম্পিক পার্ক ও ক্রীড়াবিদদের গ্রামগুলোতে এসব খাবার বিতরণ করা হবে।
বত্তুরা এবং তাঁর দলের নামীদামি বাবুর্চিরা দরিদ্র ব্যক্তিদের জন্য প্রায় পাঁচ হাজার পদের খাবার বানাবেন।
আগামী সোমবার রিও ডি জেনিরোর পার্শ্ববর্তী লাপা এলাকায় রেফেত্তারিয়ো গাসত্রোমোতিভা নামে ওই রেস্তোরাঁর উদ্বোধন করা হবে। অলিম্পিক ও প্যারা অলিম্পিকের পর বিনা মূল্যে খাবার সরবরাহ বন্ধ হয়ে যাবে।
বহুজাতিক প্রতিষ্ঠানগুলো ওই রেস্তোরাঁয় তহবিল জোগাচ্ছে। রেস্তোরাঁয় ১০৮টি আসন রয়েছে। বত্তুরার দলে রয়েছেন ফ্রান্স, স্পেন, ব্রাজিল থেকে আসা নামীদামি বাবুর্চিরা।
এক সংবাদ সম্মেলনে বত্তুরা বলেন, ‘আমি আমার মাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমার খ্যাতি দিয়ে সমাজের বঞ্চিত সব মানুষকে ওপরে তুলে আনব। এখন সেই প্রতিশ্রুতি রক্ষার সময় এসেছে।’