গরু-খাসির চেনা-অচেনা
ঈদের দিন অধিকাংশ বাড়িতেই কোরবানির মাংস থাকে। ঝোল বা ভুনা গরু আর খাসির মাংস তো অনেক হলো। এবার রান্না করতে পারেন ভিন্ন কিছু। দেখে নিন তেমন কয়েকটি রেসিপি

কাশ্মীরি মাটন রেজালা
উপকরণ
খাসিরমাংস ১ কেজি, পেঁয়াজবাটা ১ কাপ, আদাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ১ চা-চামচ, টকদই ১ কাপ, পোস্তদানাবাটা ১ চা-চামচ, কাজুবাদামবাটা ২ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রীবাটা ১ চা-চামচ, গরমমসলা পরিমাণমতো, গোলমরিচ ৮ থেকে ১০টি, তেজপাতা ২ থেকে ৩টি, শুকনা মরিচ ৪টি, কাঁচা মরিচ ১০টি, ক্রিম আধা কাপ, জাফরানে ভেজানো দুধ ১ কাপ, আলুবোখারা ১০টি, কেওড়াজল ২ থেকে ৩ ফোঁটা, চিনি, লবণ ও তেল পরিমাণমতো এবং পরিবেশনের জন্য কিশমিশ, কাজুবাদাম, আমন্ড ও পেস্তাবাদাম ইচ্ছামতো।
প্রণালি
মাংস পরিষ্কার করে ধুয়ে লবণ ও দই মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। তেলের মধ্যে পেঁয়াজ বাদামি করে ভেজে নিন। এর মধ্যে একে একে সব বাটা মসলা, গরমমসলা, ভিজিয়ে রাখা শুকনা মরিচ ও লবণ দিয়ে ভেজে নিন। এবার তাতে মাংস দিয়ে মাঝারি আঁচে রান্না করতে হবে। মাংস সিদ্ধ না হলে প্রয়োজনে গরম পানি ব্যবহার করুন। মাংস সিদ্ধ হলে জাফরানে ভেজানো দুধ, ক্রিম, কেওড়াজল, আলুবোখারা, কাঁচা মরিচ, স্বাদমতো চিনি দিয়ে দমে রাখতে হবে কিছুক্ষণ। ওপরে তেল উঠে এলে কাজুবাদাম, আমন্ড, কিশমিশ দিয়ে নামিয়ে পরিবেশন করুন।

বিফ পাসিন্দা পেশোয়ারি
উপকরণ
জুলিয়ান কাট গরুর মাংস ১ কেজি, টকদই আধা কাপ, ঘি ১ কাপ, পেঁয়াজ বেরেস্তা ১ কাপ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরাবাটা ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, হলুদগুঁড়া আধা চা-চামচ, শুকনো মরিচের গুঁড়া ২ চা-চামচ, পোস্তদানাবাটা ২ টেবিল চামচ, কাজুবাদাম, পেস্তাবাদাম ও কিশমিশবাটা ২ টেবিল চামচ, লবঙ্গ ও গোলমরিচবাটা আধা চা-চামচ এবং লবণ স্বাদমতো।
প্রণালি
মাংস ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। এবার বেরেস্তা ও ঘি ছাড়া সব মসলা দিয়ে মাংস ভালো করে মাখাতে হবে। ম্যারিনেট করা মাংস ২ ঘণ্টা ঢেকে রাখতে হবে। এবার প্যানে ঘি গরম করে অল্প অল্প মাংস দিয়ে নাড়তে হবে। সব মাংস দেওয়া হয়ে গেলে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুণ। ঘি মাংসের ওপর উঠে এলে বেরেস্তা দিয়ে ভাজা ভাজা করে নামাতে হবে। গরম-গরম পরিবেশন করুন মজাদার বিফ পাসিন্দা পেশোয়ারি।

আদার রসে গরুর মাংস
উপকরণ
গরুর মাংস ১ কেজি (জুলিয়ান কাট), আদার রস ২০০ গ্রাম, পেঁয়াজবাটা ৩ চা-চামচ, রসুনবাটা ২ চা-চামচ, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, আদাকুচি ২ চা-চামচ, পেঁয়াজকুচি ২ চা-চামচ, রসুনকুচি ২ চা-চামচ, শুকনা মরিচকুচি ৫টি, গোলমরিচগুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, গরমমসলা পরিমাণমতো, তেল পরিমাণমতো ও লবণ স্বাদমতো।
প্রণালি
মাংস পরিষ্কার করে আদার রস, সব বাটা মসলা ও লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন ২ থেকে ৩ ঘণ্টা। প্রেসারকুকারে তেল দিয়ে গরমমসলা দিন। এবার ম্যারিনেট করা মাংস প্রেসারকুকারে দিয়ে মুখ বন্ধ করে ৩টা সিটি দিলে নামিয়ে ফেলুন। কড়াইয়ে তেল গরম করে রসুনকুচি ও আদা দিন। রং একটু পরিবর্তন হলে পেঁয়াজকুচি, শুকনা মরিচ দিয়ে দিন। এরপর মাংস দিয়ে নেড়ে অল্প আঁচে কিছুক্ষণ দমে রাখুন। মাংস সেদ্ধ হলে গোলমরিচের গুঁড়া ছিটিয়ে মাংসে গ্রেভি ভাব এলে নামিয়ে ফেলুন।

কালাভুনা
উপকরণ-১
গরুর মাংস ১ কেজি, পেঁপেবাটা ১ টেবিল চামচ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, পোস্তদানাবাটা ১ টেবিল চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনিয়াগুঁড়া ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ টেবিল চামচ, হলুদগুঁড়া ১ টেবিল চামচ, মেথিগুঁড়া আধা চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ ও সরিষার তেল ২ টেবিল চামচ।
উপকরণ-২
সয়াবিন তেল আধা কাপ, বড় পেঁয়াজকুচি ২টি, তেজপাতা ২টি ও এলাচি ২টি।
প্রণালি
উপকরণ-১-এর সবকিছু মাংসের সঙ্গে মিশিয়ে চুলায় দিন। গরুর মাংস সেদ্ধ হয়ে পানি বের হলে শুকিয়ে নিন। অল্প আঁচে ধীরে ধীরে মাংস সেদ্ধ হবে। ২ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে। এবার উপকরণ-২ থেকে কড়াইয়ে সয়াবিন তেলে পেঁয়াজ বেরেস্তা করে এলাচি ও তেজপাতা দিয়ে মাংস বাগার দিতে হবে। আস্তে আস্তে মাংস কালো ও নরম হবে। মাঝেমধ্যে মাংস নেড়ে দিতে হবে যেন কড়াইয়ে না লেগে যায়। কালাভুনা তৈরি হতে প্রায় ৩ ঘণ্টা সময় লাগবে।

গরুর মাংসের ভর্তা
উপকরণ-১
গরুর মাংস চর্বিসহ ৫ কেজি (২৫০ গ্রাম ওজনের বড় বড় খণ্ড করা), পেঁয়াজ কাটা আধা কেজি, আদাবাটা সিকি কাপ, রসুনবাটা ২ টেবিল চামচ, তেজপাতা ৪টি, গরমমসলাবাটা ২ চা-চামচ (এলাচি, দারুচিনি, জয়ত্রী, জয়ফল) ও লবণ ২ টেবিল চামচ, তেল আড়াই কাপ।
উপকরণ ২
কাঁচা মরিচ ৬টি, পেঁয়াজ ২টি, পুদিনাপাতাকুচি ১ কাপ, টমেটোকুচি আধা কাপ, তেল আধা কাপ ও মাংস ৫০০ গ্রাম।
প্রণালি
গরুর মাংসে ও চর্বিতে উপকরণ-১-এর সব মসলা মেখে জ্বাল দিন। ভালোমতো জ্বাল দিয়ে মাংস থেকে পানি বের করে নিতে হবে। গরমের সময় প্রতিদিন এবং শীতের সময় এক দিন পরপর মাংস জ্বাল দিতে হবে। মাংস জ্বাল দিতে দিতে পানি শুকিয়ে তেল ওপরে উঠে আসবে। এই সময়ে কিছু মাংস ভেঙে ঝুরঝুরে হয়ে যাবে আর কিছু আস্ত থাকবে।
এবার এই মাংস থেকে ৫০০ গ্রামের মতো নিয়ে টুকরা টুকরা করে ছিঁড়ে নিতে হবে। এবার উপকরণ-২-এর সব উপাদান মেখে ৫ থেকে ৭ মিনিটের মতো চুলায় ভেজে গরম গরম পরিবেশন করুন মাংসের ভর্তা।

সাবিনা সিরাজী
সাবিনা সিরাজী চট্টগ্রামের একজন সফল নারী উদ্যোক্তা। ২০১৫ সালে রান্নায় নিজের দক্ষতা প্রমাণ করে জিতে নেন সেরা রাঁধুনী ১৪২২ খেতাব। পুরস্কার হিসেবে জেতা অর্থমূল্যের পুরোটাই বিনিয়োগ করেছেন নিজের প্রতিষ্ঠান সাবিনা’স কিচেন সম্প্রসারণের কাজে।