গ্লাসে মিষ্টিমুখ

প্রাত্যহিক জীবনে অনেক কিছুর ব্যবহারই বদলে গেছে। সাধারণ গ্লাসের কথাই ধরা যাক। পানি বা শরবত পানের জন্যই কি এখন শুধু এটার ব্যবহার? বিভিন্ন ধরনের মিষ্টান্ন পরিবেশনেও ব্যবহার করা হচ্ছে গ্লাস। পরিবেশন ভালো হলে দেখা এবং স্বাদ দুটোর মধ্যেই ভিন্নতা চলে আসে। প্রবাদমতে, প্রথমে দর্শনদারি, তারপর গুণবিচারি।
রান্নাবিদ ফাতিমা আজিজ বলেন, ‘সাধারণভাবে কাচ ও স্টেইনলেস স্টিলের গ্লাসের সঙ্গে আমরা পরিচিত। তবে আজকাল সামগ্রিক পরিবর্তনের অংশ হিসেবে গ্লাসেও এসেছে পরিবর্তন। কাচের গ্লাস ছাড়াও বিভিন্ন আয়োজনে প্লাস্টিক এবং বিশেষ ধরনের কাগজের তৈরি গ্লাস ব্যবহার করা হচ্ছে।’
তিনি বলেন, ফালুদা, স্মুদি, ফ্রুট পাঞ্চ, পান্না কৌটা কিংবা রঙিন পুডিং পরিবেশনেও গ্লাস ব্যবহার করলে তা ভালো দেখায়। আলাদা আলাদা পানীয় পরিবেশনের জন্য আলাদা ধরনের গ্লাস ব্যবহার করা ভালো।
সাধারণ চোঙাকৃতির গ্লাস তো রয়েছেই, তবে গ্লাসের কারুকার্যে বৈচিত্র্য থাকলে তা পরিবেশনেও আনবে ভিন্নতা। নিচের দিকের ব্যাসার্ধ একটু কম, আর ওপরের দিকটা ধীরে ধীরে চওড়া হয়ে উঠে গেছে; এমন গ্লাস ব্যবহার করতে পারেন।

আবার নিচের দিকটা খুব সরু হয়ে আঙুল দিয়ে ধরার মতো জায়গা থাকতে পারে। চওড়া ভিত্তির ওপর এমন সরু একটা অংশ, আর তার ওপর গ্লাসের মূল কাঠামোটি দাঁড়িয়ে রয়েছে; এমন গ্লাসও মন্দ নয়। অনেক সময় এ ধরনের গ্লাসের মাঝের অংশটাও আবার একটু সরু হয়। আকৃতির এমন ভিন্নতা থাকলে তা পরিবেশনকে করে তুলবে আরও আকর্ষণীয়।
আজকাল এমন কিছু গ্লাস পাওয়া যায়, যেগুলোর পুরোটাই বেশ সরু। এমন গ্লাসে ফালুদা সাজাতে পারেন। রঙিন স্তরগুলো একের পর এক সাজালে বেশ দেখাবে। তবে সঙ্গে মানানসই আকারের চামচও চাই।
ফাতিমা আজিজ জানালেন, ফালুদা বা আইসক্রিম পরিবেশনের উপযোগী বিশেষ গ্লাসও কিনতে পাওয়া যায়। এ ধরনের গ্লাসের নিচের দিকে চওড়া ভিত্তি থাকে। এর ওপর বেশ লম্বা একটা স্ট্যান্ড থাকে, যার ওপর বসে থাকে ছোট গ্লাসের আকৃতিটা। এমন গ্লাসে পুডিং বা ফ্রুট পাঞ্চও পরিবেশন করা যায়। ফ্রুট পাঞ্চে আইসক্রিমের স্তরটি দেওয়ার পর এতে ফলের টুকরা ছড়িয়ে দিলে সুন্দর দেখাবে।
গ্লাসের আকৃতির পাশাপাশি নকশায় রয়েছে বৈচিত্র্য। গ্লাসের চারদিকে খাঁজের মতো নকশা থাকতে পারে। বর্ণহীন কাচের গ্লাসে যেমন বর্ণময় খাবার বা পানীয় পরিবেশন করতে পারেন, তেমনি আবার সাধারণ পানীয় পরিবেশন করতে পারেন রঙিন নকশা করা গ্লাসে।

ছোট-বড় নানা আকারের গ্লাস পাবেন বাজারে। পরিবেশনের সময় আকারের ভিন্নতায় সমন্বয় আনতে পারেন, এভাবেও পরিবেশনের গ্রহণযোগ্যতা বাড়ানো যায়। একটু চৌকো আকৃতির গ্লাসও কাজে লাগাতে পারেন। কোন গ্লাসে কী পরিবেশন করবেন, তা কেনার সময়ই ভেবে নেওয়া ভালো। তাহলে পানীয়ের ধরন অনুযায়ীই গ্লাস কিনে নিতে পারবেন।
গ্লাস সম্পর্কে আরও কিছু তথ্য দিলেন ফাতিমা আজিজ—অনুষ্ঠানে কারুকার্যময় কাচের গ্লাস ব্যবহার করতে পারেন। গ্লাসের ওপরের অংশে কিংবা নিচের অংশে কিছুটা নকশা করা থাকলে সেই গ্লাসে শরবত পরিবেশন করতে পারেন। দুধের শরবতও এমন গ্লাসে পরিবেশন করতে পারেন। তবে পানি ও বোরহানি পরিবেশনে সাদামাটা কাচের গ্লাসও ব্যবহার করতে পারেন। কোমল পানীয় পরিবেশনের জন্য বিশেষ কাগজে তৈরি গ্লাস ব্যবহার করা যায়।
* ‘ব্রোকেন গ্লাস পুডিং’ কাচের গ্লাসে পরিবেশন করলে ভালো দেখাবে।
* বাইরে খেতে গেলে বা দূরে কোথাও পিকনিকে গেলে প্লাস্টিক কিংবা বিশেষ কাগজে তৈরি মাত্র একবার ব্যবহারের উপযোগী বা ‘ওয়ান টাইম ইউজ’ গ্লাস কিনে নেওয়া যায়। তবে প্লাস্টিকের গ্লাস মানসম্মত নাও হতে পারে। তাই কেনার আগে এর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। বিশেষ কাগজে তৈরি গ্লাসে নানা নকশাও করা থাকে।
* শিশুরা দুধ খেতে না চাইলে রঙিন গ্লাস কিংবা কার্টুন আঁকা গ্লাসে দুধ দেওয়া যায়।
* গ্লাস কাচের হোক বা প্লাস্টিকের, ধোয়ার সময় তরল সাবান ব্যবহার করুন। এর ফলে এতে দাগ পড়ে যাওয়ার ভয় থাকে না।