চকলেটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাটলারস চকলেট ক্যাফেতে পাবেন চকলেটের নানা স্বাদ। ছবি: খালেদ সরকার
বাটলারস চকলেট ক্যাফেতে পাবেন চকলেটের নানা স্বাদ। ছবি: খালেদ সরকার

রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ে চালু হয়েছে আয়ারল্যান্ডের চকলেট ও চকলেট-জাতীয় পণ্যের রেস্তোরাঁ ‘বাটলারস চকলেট ক্যাফে’। ৫ ডিসেম্বর এর উদ্বোধন করা হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, বাটলারসের চেয়ারম্যান মেরিয়েড সোরেনসেন ও বাংলাদেশে বাটলারস চকলেটের মুখপাত্র ও ব্যবস্থাপনা পরিচালক মেহরিন ঘিওয়ালা। তিনি বলেন, ‘বাংলাদেশে এক টুকরো আয়ারল্যান্ড তথা আইরিশ চকলেটের স্বাদ উপহার দিতে পেরে আমরা আনন্দিত। উদ্বোধনের পর থেকে বাংলাদেশে চকলেটপ্রেমীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’
জানা গেল, বছর দুয়েক আগে থেকেই ঢাকায় বাটলারস চকলেট ক্যাফের শাখা খোলার পরিকল্পনা চলছে। গত বছর আইরিশ প্রকৌশলী জন হেনরির নকশা অনুসারে, স্থাপনা প্রতিষ্ঠান চারুলতা শুরু করে নির্মাণকাজ। মেহরিন ঘিওয়ালা জানান, তাঁদের লক্ষ্য ছিল উন্নত বিশ্বের মতো একটি মানসম্পন্ন ক্যাফে তৈরি করা। আয়ারল্যান্ড থেকে আসা চকলেটের মান ঠিক রাখতে ক্যাফের পেছনেই গড়ে তোলা হয়েছে দুটি হিমাগার। সমুদ্রপথে আয়ারল্যান্ড থেকে চট্টগ্রাম সমুদ্রবন্দর, আবার চট্টগ্রাম থেকে ঢাকা আসার পুরোটা পথেই বাক্সবন্দী চকলেট ও চকলেটজাত দ্রব্য থাকে বায়ুনিরোধক ও নিয়ন্ত্রিত তাপমাত্রায়।

ছবি: খালেদ সরকার
ছবি: খালেদ সরকার

১৯৩২ সালে আয়ারল্যান্ডে বাটলারস চকলেটের প্রতিষ্ঠা করেন ম্যারিওন বাটলার। ১৯৯৮ সালে এসে আয়ারল্যান্ডের ডাবলিন শহরে চালু হয় প্রথম বাটলারস চকলেট ক্যাফে। চকলেট, কফি, চা ও চকলেট পানীয় নিয়ে ক্যাফেটি তার যাত্রা শুরু করেছিল তখন। বর্তমানে আয়ারল্যান্ডে আছে এর ২৬টি শাখা। নিউজিল্যান্ড রয়েছে ৫টি, সংযুক্ত আরব আমিরাতে ২টি, পাকিস্তানে ৫টি ও সর্বশেষ বাংলাদেশে ১টি। মজার ব্যাপার হলো, সারা বিশ্বে যত শাখা আছে সব কটির মধ্যে ঢাকার শাখাটি সবচেয়ে বড়। এর ধারণক্ষমতা ৯০ জন।
এই ক্যাফেতে আছে কেক, পিৎজা, স্যান্ডউইচ, আইসক্রিম, আইসক্রিম-স্যান্ডউইচসহ আরও নানান পদ। চকলেট কফি ও মাখন কফির পাশাপাশি আছে আলাদা আলাদা চকলেট চা, ব্ল্যাক, গ্রিন ও হার্বাল চা পানের সুযোগও। খোলা থাকে সকাল ৮টা থেকে রাত ২টা।
এই ক্যাফেতে গিয়ে খাওয়া যায় যেমন, তেমনি প্রিয়জনকে চকলেট উপহারও দিতে পারেন এখান থেকে। ৩৫০ টাকার ছোট আকারের উপহার বাক্স থেকে শুরু করে ১ কেজি ওজনের ৭২টি চকলেটের বাক্সও আছে উপহার দেওয়ার জন্য। যার দাম ৭ হাজার টাকা।