বৈশাখের ১৪ তারিখে চট্টগ্রামে হবে ঐতিহ্যবাহী বলী খেলা। এটি ১২ থেকে ১৪ বৈশাখ অনুষ্ঠেয় আব্দুল জব্বার বলী খেলা ও বৈশাখী মেলার একটি অংশ। বলী খেলা ছাড়াও এই মেলার অন্যতম আকর্ষণ কিছু তৈজসপত্র, যেগুলো সচরাচর চোখে পড়ে না। বাতাসা, টফি, ভুজিয়া ছাড়াও কিছু খাবার আছে যার দেখা কেবল এই মেলাতেই মেলে। সেগুলোর কয়েকটি খাবারের রেসিপি পাঠিয়েছেন চট্টগ্রামের ফাহা হোসাইন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। রান্না করা তাঁর শখ। পাঠকের রেসিপি বিভাগে এবার থাকছে তাঁর পাঠানো কয়েকটি রেসিপি।

জাফরানি রাজভোগ
উপকরণ: তরল দুধ ১ লিটার, ভিনেগার ১ চা-চামচ, চিনি ১ কাপ, পানি ৪ কাপ ও জাফরান ১ চিমটি।
প্রণালি: প্রথমে হাঁড়িতে দুধ জ্বাল দিতে থাকুন। যখন দুধ ফুটে উঠবে, তখন চুলা বন্ধ করে দিন। ২ মিনিট পর ভিনেগার দিয়ে দুধ ফেটে ছানা তৈরি হলে মসলিন কাপড়ে ছানা ছেঁকে নিন। এমন ভাবে পানি ঝরাতে দিন যাতে ছানায় কোনো পানি না থাকে। এবার ছানা হাতের তালু দিয়ে চেপে চেপে মসৃণ করে নিন। বেশ সময় নিয়ে ছানা মথে নিতে হবে। এবার ১০ ভাগে ভাগ করে গোলা পাকিয়ে নিন। রাজভোগের শেষ ধাপের জন্য প্রেশার কুকারে জাফরান, চিনি ও পানি দিয়ে সিরা করে নিন, ভালোমতো বলক এলে সব রাজভোগ দিয়ে, প্রেশার কুকার আটকে দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট জ্বাল দিতে হবে। ১০ মিনিট পর ঢাকনা না খুলেই ঠান্ডা হতে দিন, ঘণ্টাখানেক পর পরিবেশন করুন জাফরানি রাজভোগ।

গুড় নারকেলের চিড়া
উপকরণ: নারকেল ১টি ও গুড় আধা কাপ।
প্রণালি: আস্ত নারকেল থেকে ছুড়ি দিয়ে চিড়ার মতো করে পাতলা করে কেটে নিন। পছন্দের আকারে টুকরো করে নিন। এবার একটি ননস্টিক ফ্রাই প্যানে মৃদু আঁচে অনেক সময় নিয়ে নারকেলের টুকরাগুলো ভাজতে থাকুন। অনবরত নাড়তে হবে। এতে করে সবগুলো চিড়া সমানভাবে ভাজা হবে। শেষের দিকে কুচি করা গুড় দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন।

খাজা খাস্তা
উপকরণ: ময়দা ১ কাপ + ১ টেবিল চামচ, তরল দুধ এক কাপের তিন ভাগের এক ভাগ, ঘি ৫ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ ও লবণ সিকি চা-চামচ এবং তেল ২ কাপ, খাবার রং (লাল) ২ ফোঁটা ও আইসিং সুগার ১ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে ময়দা, বেকিং পাউডার, লবণ, চিনি, ৩ টেবিল চামচ ঘি এবং তরল দুধ দিয়ে খামির করে নিন। খামির খানিকটা শক্ত হবে। এবার ৫ ভাগে ভাগ করে ২টি ভাগে লাল রং মিশিয়ে নিন। ৫টি বড় রুটি বেলে নিন। একটি ছোট বাটিতে ২ টেবিল চামচ ঘি এবং ১ টেবিল চামচ ময়দা ভালোভাবে ফেটে মিশ্রণ তৈরি করে নিন। একের পর এক বেলে রাখা রুটির ওপর মিশ্রণ দিয়ে দিন। পুরোটাতে মাখিয়ে নিয়ে একটির ওপর আরেকটি রুটি, এভাবে ৫টি রুটির স্তর তৈরি করুন। এবার রোল করুন। ১ ইঞ্চি মাপের রোল কেটে নিয়ে, হালকা চাপ দিয়ে বেলে নিন। রোলের টুকরো সামান্য পাতলা করে নিন, তবে বেশি চাপ দেবেন না। এবার অল্প আঁচে তেলে বাদামি করে ভেজে নিন, গরম-গরম খাজা খাস্তার ওপর আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করুন।