চট্টগ্রামের মেজবানি মাংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোবাইদা আশরাফ
জোবাইদা আশরাফ
চট্টগ্রামে গিয়ে মেজবানি মাংস খেয়েছেন কিংবা সিলেটে গিয়ে সাতকরার রান্না! বাংলাদেশের একেক অঞ্চলে আছে বিশেষ বিশেষ খাবার, যে খাবারগুলোর সঙ্গে এক হয়ে গেছে সেই অঞ্চলের নাম। তেমনি চট্টগ্রামে মেজবান আয়োজনের ঐতিহ্য শত বছরের। জন্ম, মৃত্যু, বিষয়-সম্পদের উন্নতি ইত্যাদি উপলক্ষে বা উপলক্ষ ছাড়াও সম্পন্ন পরিবারগুলো মেজবান আয়োজন করে। এই আয়োজনে বিশেষ প্রক্রিয়ায় রান্না করা হয় গরুর মাংস। এটাই মেজবানি মাংস নামে পরিচিত। রেসিপি দিয়েছেন জোবাইদা আশরাফ

উপকরণ-১

বুকের হাড়, কলিজা, গুর্দা, ফুসফুসসহ গরুর মাংস ৫ কেজি, পেঁয়াজ ২ কেজি (অর্ধেক বাটা, অর্ধেক কুচি) আদাবাটা ১৫০ গ্রাম, রসুনবাটা ১৫০ গ্রাম, সাদা সরষেবাটা ৫০ গ্রাম, চিনাবাদামবাটা ৫০ গ্রাম, নারকেলবাটা ১৫০ গ্রাম, ধনে গুঁড়া ৪ টেবিল চামচ, মরিচ গুঁড়া ৪ টেবিল চামচ, হলুদ গুঁড়া ৩ টেবিল চামচ, জিরা গুঁড়া ৪ টেবিল চামচ, টমেটো ১ কেজি, সরষের তেল আধা কেজি, ঘি ২০০ গ্রাম, কাঁচা মরিচ ১০টি, গরমমসলা পরিমাণমতো, লবণ ও পানি পরিমাণমতো।

উপকরণ-২
জিরা ২০ গ্রাম, ধনে ২০ গ্রাম, রাঁধুনি ১৫ গ্রাম, শুকনা মরিচ ১০টি ও তেজপাতা ৮টি।
উপকরণ-৩
এলাচি ৬-৭টি, ২ ইঞ্চি লম্বা দারুচিনি ৩টি, লবঙ্গ ৮টি, গোলমরিচ আধা টেবিল চামচ, মেথি ২ টেবিল চামচ, জায়ফল ১টি, জয়ত্রী ১ টেবিল চামচ, রাঁধুনি মসলা আধা টেবিল চামচ, জৈন ১ চা-চামচ ও ঘি ১০০ গ্রাম।


প্রণালি

প্রথমে ৪ কেজি মাংসের সঙ্গে ১ কেজি বুকের হাড়, গুর্দা, কলিজা, ফুসফুসের টুকরা মিলিয়ে ৫ কেজি করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। উপকরণ-১-এর তালিকায় থাকা কাঁচা মরিচ ছাড়া বাকি উপাদানগুলো মাংসের

চট্টগ্রামের মেজবানি মাংস
চট্টগ্রামের মেজবানি মাংস

সঙ্গে ভালোভাবে মাখিয়ে একটি ভারী সসপ্যানে দিয়ে চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে। ১৫ থেকে ২০ মিনিট পর নেড়ে দুই কাপ গরম পানি দিতে হবে। এরপর নেড়েচেড়ে আবার ঢাকনা দিতে হবে। এর মধ্যে উপকরণ-২-এর মসলা ভেজে গুঁড়া করে নিতে হবে। এই মসলা মাংসে দিয়ে নেড়ে আবার ঢাকনা দিতে হবে। উপকরণ-৩-এর মসলা তাওয়ায় টেলে গুঁড়া করতে হবে। মাংস মধ্যম আঁচে রান্না করতে হবে। প্রয়োজনে আরও গরম পানি দিতে হবে। মাখা মাখা ঝোল থাকবে। মাংস সেদ্ধ হলে উপকরণ-৩-এর গুঁড়া মসলা, কাঁচা মরিচ ও ১০০ গ্রাম ঘি ছড়িয়ে দিয়ে রান্না শেষ করতে হবে। সার্ভিং ডিশে মাংস নিয়ে ওপরে বেরেস্তা দিয়ে পরিবেশন করতে হবে।