চাটগাঁর চার পদ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিতে পারেন দেশের যেকোনো প্রান্ত থেকে, নিজের বাড়িতে বসেই। জেবুন্নেসা বেগম দিয়েছেন কয়েক রকম রেসিপি।

দোমাছা
উপকরণ: লাক্ষ্যা বা কোরাল শুঁটকি ১ কাপ, চিংড়ি ১ কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, আদাবাটা আধা চা-চামচ, মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদের গুঁড়া আধা চা-চামচ, জিরার গুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, টমেটো কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল দেড় টেবিল চামচ, কাঁচা মরিচ ২-৩টি, ধনেপাতা কুচি ১ টেবিল চামচ।
প্রণালি: তেলে পেঁয়াজ বাদামি করে ভেজে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিন। এতে টমেটো, আদা, রসুন দিয়ে ভুনে শুঁটকি ও চিংড়ি মাছ ঢেলে দিন। ১ কাপ পানি অল্প অল্প করে দিয়ে কষান। ধনে ও জিরার গুঁড়া দিন। পানি শুকিয়ে তেল ওপরে উঠে এলে কাঁচা মরিচ ও ধনেপাতা দিয়ে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন।

নোনা ইলিশ ভুনা
উপকরণ: নোনা ইলিশ ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো ২টি, কাঁচা মরিচ ২-৩টি, ধনেপাতা ১ টেবিল চামচ।
প্রণালি: নোনা ইলিশের লবণ ধুয়ে নিন। এরপর হালকা গরম পানিতে আধা ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে, যাতে লবণ কমে যায়। পানি ঝরিয়ে নিন। চুলায় তেলে সব মসলা কষিয়ে ইলিশ ও টমেটো ঢেলে দিন। সামান্য পানি দিন। চুলা থেকে নামানোর কিছুক্ষণ আগে কাঁচা মরিচ দিন। ধনেপাতা দিয়ে নামিয়ে নিন।

গরুর কালো ভুনা
উপকরণ: গরুর মাংস ২ কেজি, পেঁয়াজ কুচি দেড় কাপ, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, লাল মরিচবাটা ১ চা-চামচ, সাদা তেল ২ টেবিল চামচ, ধনে গুঁড়া ১ টেবিল চামচ, জয়ফল-জয়ত্রী বাটা আধা চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, কাবাব চিনি ও লবঙ্গবাটা আধা চা-চামচ, এলাচি-দারুচিনি-তেজপাতা কয়েকটা, লবণ-স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাংসে পেঁয়াজ কুচি, গরমমসলা, আদা-রসুনবাটা, হলুদ, মরিচবাটা, লবণ, জায়ফল-জয়ত্রী বাটা, জিরা গুঁড়া, ধনে গুঁড়া মেখে কিছুক্ষণ রেখে দিন। এবার তেল মেখে চুলায় সেদ্ধ করে নিন। প্রয়োজনে আন্দাজমতো সামান্য পানি দিন। পানি শুকিয়ে সেদ্ধ হলে নামিয়ে নিন। লোহার কড়াইয়ে সরিষার তেলে সামান্য পেঁয়াজ বাদামি করে ভেজে মাংস ঢেলে দিন। গোলমরিচ ও গরমমসলার গুঁড়া দিয়ে নাড়তে থাকুন। অল্প আঁচে কিছুক্ষণ পর পর নাড়ুন। কালো রঙের হয়ে এলে নামিয়ে নিন।

লইট্টা শুঁটকির ঝুরি ভর্তা
উপকরণ: লইট্টা শুঁটকি ৩টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুচি ১ চা-চামচ, শুকনা মরিচ ২-৩টি, ধনেপাতা কুচি আধা কাপ, লবণ সামান্য।
প্রণালি: শুঁটকি পরিষ্কার করে ধুয়ে পানি ভালোভাবে ঝরিয়ে নিন। তাওয়ায় শুঁটকি ও শুকনা মরিচ টেলে নিন। পেঁয়াজ ও রসুন হালকা বাদামি করে টেলে নিন। এবার সব উপকরণ পাটায় হালকাভাবে বেটে নিন। মিহি করে বাটবে না, ঝুরি ঝুরি থাকবে। গরম ভাত অথবা পান্তা ভাতের সঙ্গে পরিবেশন।