
চ্যাপা শুঁটকির মাখা ভর্তা
উপকরণ: পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, রসুন মোটা কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো ও চ্যাপা শুঁটকি ৭-৮টি।
প্রণালি: শুঁটকি পানিতে ভিজিয়ে রেখে মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন। প্যানে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ খুব অল্প আঁচে হালকা ভেজে নিন। ননস্টিক প্যান হলে ভালো। ভাজা হলে শুঁটকি দিয়ে আবার ভাজুন। লবণ দিন। নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিন অথবা শিল-পাটায় বেটে নিতেও পারেন।

টমেটো-মাগুর
উপকরণ: মাগুর মাছ ৪টি, টমেটো কুচি ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি আধা কাপ, হলুদ, মরিচ ও ধনে গুঁড়ো আধা চা-চামচ করে, ধনেপাতা কুচি ইচ্ছামতো, চিনি ও লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ৪-৫টি ও তেল পরিমাণমতো।
প্রণালি: সামান্য হলুদ-লবণ দিয়ে মাছ ভেজে নিন। একই প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে নিয়ে টমেটো কুচি দিন। টমেটো সেদ্ধ হয়ে পানি বের হলে হলুদ, মরিচ ও ধনে গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা মাছ মিশিয়ে নিন। তেল ছেড়ে এলে চিনি, ধনেপাতা ও কাঁচা মরিচ মিশিয়ে কিছুক্ষণ দমে রেখে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

চ্যাপা ভর্তায় পিঠা
উপকরণ: চ্যাপা ভর্তার জন্য: পেঁয়াজ মোটা কুচি ১ কাপ, রসুন মোটা কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৮-১০টি, লবণ স্বাদমতো ও চ্যাপা শুঁটকি ৭-৮টি।
প্রণালি: শুঁটকি পানিতে ভিজিয়ে রেখে মাথা ফেলে পরিষ্কার করে ধুয়ে রাখুন। প্যানে পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ খুব অল্প আঁচে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিন। ননস্টিক প্যান হলে ভালো। ভাজা হলে শুঁটকি দিয়ে আবার ভাজুন। লবণ দিন। নামিয়ে ঠান্ডা করে হাত দিয়ে মেখে নিন অথবা শিল-পাটায় বেটে নিন।
পিঠার জন্য: চালের গুঁড়ো দেড় কাপ, পানি ২ কাপ ও লবণ স্বাদমতো।
প্রণালি: পানি ফুটিয়ে অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে ডো করে নিন। চালের রুটির ডো করতে হবে। ডো বা কাই তৈরি হলে কিছুটা ঠান্ডা করে ছোট ছোট বল বানিয়ে নিন। এবার এই বলগুলো হাতের তালুতে চেপে চেপে রুটি বানান। রুটি বানানো হলে একটি রুটির ওপর ১ চা-চামচ ভর্তা মেখে নিন। ভর্তার ওপরে আর একটি রুটি দিয়ে চেপে দিন। দুই আঙুলের চাপে চারদিক বন্ধ করে দিন। এইভাবে সব বানানো হলে শুকনা তাওয়ায় মৃদু আঁচে পিঠার দুই পিঠ ভেজে নিন। গরম-গরম পরিবেশন করুন।