ছুটির দিনে কাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধানমন্ডিতে স্টার কাবাব ছবি: প্রথম আলো
ধানমন্ডিতে স্টার কাবাব ছবি: প্রথম আলো

শুধু রসনা নয়, পুরো ছুটির দিনের স্বাদও বদলে দিতে পারে হরেক রকম কাবাব। খোলা আকাশের নিচে, গান শুনতে শুনতে চেখে দেখতে পারেন চিকেন বার-বি-কিউ, বিফ কিংবা মাটন শিক কাবাব।
ছুটির দিনটি অন্য দিনের সঙ্গে মেলে না। রুটিন বাঁধা জীবনযাপনের ছক থেকে সপ্তাহ শেষের দিনটি অন্য রকম করে তুলতে পারে খাবারের তালিকায় ভিন্ন স্বাদের সংযোগ। পোলাও, বিরিয়ানি বা চায়নিজ—এসব তো আছেই। শুধু রসনা নয়, পুরো ছুটির দিনের স্বাদও বদলে দিতে পারে হরেক রকম কাবাব। বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলে কাবাব সম্ভারের কোথায় কী, সেই সূত্র রইল এখানে।
পুল ক্লাবে বার-বি-কিউ: রাজধানীর পাঁচতারকা সোনারগাঁও হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই শুরু হয় সপ্তাহান্তের বিশেষ খাবারের আয়োজন। বৃহস্পতিবার থেকে শনিবার প্রতিদিন সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় হোটেলের পুল ক্যাফেতে লাইভ বার-বি-কিউ। সুইমিংপুলের পাশের মনোরম পরিবেশে বুফে (যত খুশি তত) বার-বি-কিউ উপভোগ করতে চাইলে জনপ্রতি খরচ পড়বে দুই হাজার টাকা।
গানের সুর: মোহাম্মদপুরের তাজমহল রোডের হামজা বার-বি-কিউ রেস্তোরাঁয় প্রতি শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় আয়োজন করা হয় লাইভ কনসার্ট। খোলা আকাশের নিচে, গান শুনতে শুনতে চেখে দেখতে পারেন চিকেন বার-বি-কিউ, বিফ কিংবা মাটন শিক কাবাব। সঙ্গে রুমালি রুটি, গার্লিক নান। চারজনের পরিবারের খরচ পড়বে হাজার টাকার মতো।
স্বাদ নিতে পারেন বার-বি-কিউ আর স্টেকের: চিকেন বার-বি-কিউ কিংবা বিফ স্টেক খাওয়ার আগ্রহ থাকলে ঘুরে আসতে পারেন ধানমন্ডির সাতমসজিদ রোডের ক্যাফে দ্রুমে। খোলা আকাশের নিচে, নিরিবিলি পরিবেশে আপনজনের সঙ্গে সময় কাটানোর জন্য চমৎকার পরিবেশ। দ্রুমের রয়েছে বিভিন্ন মূল্যের সেট মেন্যু। ৩২০ থেকে শুরু করে ৭৫০ টাকা পর্যন্ত।
গুলশান-বনানীতে স্টেক: গুলশান আর বনানীতে রয়েছে স্টেকের জন্য বিখ্যাত টাইম আউট রেস্তোরাঁর দুটি শাখা। এখানে একজনের খাবারের মতো চিকেন এবং বিফ স্টেকের দাম ৩৮০ থেকে ৩৯০ টাকা। যাদের গরু-মুরগিতে রয়েছে অরুচি, তাঁরা নিতে পারেন ফিশ স্টেকের স্বাদ। একজন খেতে পারবেন এমন ফিশ স্টেকের দাম ৫২০ টাকা।
পুরান ঢাকার কাবাব: ঢাকায় কাবাবের ছড়াছড়ি। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের বিসমিল্লাহ কাবাব ঘরে পাওয়া যায় ১২ রকমের কাবাব। টিক্কা, জালি কাবাব থেকে শুরু করে পাবেন গরুর চাপ, গরুর বটি কাবাব, খাসির চাপ। দাম ১০০ টাকা। আর বাকিগুলোর দাম ৫০ থেকে ৯০ টাকা পর্যন্ত।
স্টার কাবাব: স্টার কাবাবের খ্যাতিও যথেষ্ট। তাদের আদি শাখা পুরান ঢাকার ঠাটারীবাজারে। এ ছাড়া শাখা আছে ধানমন্ডির সাতমসজিদ সড়ক, ধানমন্ডির দুই নম্বর সড়ক ও কারওয়ান বাজারের পাশে কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে। এখানে পাওয়া যায় আট রকম কাবাব। একজনের উপযোগী আধা প্লেট ৮৫ থেকে ১৬০ টাকা। দুজনের জন্য পুরো প্লেট ১৭০ থেকে ৩২০ টাকা।
মোহাম্মদপুরের কাবাব: মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পসংলগ্ন (ক্যাম্পের বাজার নামে পরিচিত) জায়গায় গড়ে উঠেছে সাত-আটটি কাবাবের দোকান। মোস্তাকিম, মোরসালিন, মুসলিম কাবাব এর মধ্যে সুপরিচিত। এসব দোকানের কাবাব ৭০-১০০ টাকা।