ছুটির দিনে শখের রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাঙ্গো স্টিকি রাইস
ছবি: লেখক

কোথাও বেড়াতে গিয়ে হয়তো একটা মজার খাবার খেয়েছিলেন। সেই খাবারের রেসিপি জানতে হয়তো ঢুঁ মেরেছেন ইউটিউবেও। বানাব বানাব করে আর হয়ে ওঠেনি খাবারটি বানানো। অনেক সময় হয়তো সেই বিশেষ খাবারটির জন্য মন আনচান করতে থাকে, যাকে বলে ‘ক্রেভিং’। কিন্তু কাজের চাপে আর হয়ে ওঠে না। ছুটির দিনে কিন্তু এমন একটা খাবার রান্না করতেই পারেন।

নিজের পছন্দের খাবার রান্না করে ছুটির দিনে চমকে দিতে পারেন পরিবারের সদস্যদেরও। এই যেমন আমের মৌসুমে নানা রকম ডেজার্ট বানাতে পারেন পাকা আম দিয়ে। আমের তৈরি চিজ কেক তো অনেকেরই পছন্দের। তবে সেটা তৈরির জন্য আপনার অনেকটা শ্রম দিতে হবে। তার চেয়ে কম শ্রমে তৈরি করতে পারেন ম্যাঙ্গো স্টিকি রাইস। থাইল্যান্ডের এই জনপ্রিয় খাবারের স্বাদ যিনি একবার নিয়েছেন, বারবার তিনি খেতে চাইবেন।

খাবারটি তৈরি করা যেমন সহজ, উপকরণও লাগে কম। তাই ছুটির দিনে আপনার স্পেশাল রান্না হতে পারে ম্যাঙ্গো স্টিকি রাইস।

এটি বিশেষ একধরনের আঠালো ভাতের ডেজার্ট, যা রান্না করা হয় নারকেলের দুধ দিয়ে। শেষপাতের খাবার হিসেবে ভিনদেশি পদটি তৈরি করে ছুটির দিনটাকে আরও আনন্দদায়ক করে তুলতে পারেন।

যেভাবে তৈরি করবেন

এক কাপ চাল (স্টিকি বা বিন্নি চাল) পানিতে ৬ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এরপর সেটা একটা পরিষ্কার সুতি কাপড়ে পেঁচিয়ে চুলায় ভাপে সেদ্ধ করুন ৩০ মিনিট। তারপর নামিয়ে একটা ননস্টিক প্যানে ঢেলে নিন।

এবার এক কৌটা নারকেলের দুধ (২ কাপের একটু বেশি) আর তিন টেবিল চামচ চিনি ও একটু লবণ মিশিয়ে চুলায় দিয়ে নাড়ুন। চিনি গলে গেলে মিশ্রণটুকু নামিয়ে নিন। চুলার ওপর অল্প আঁচে চালের পাত্রটি বসিয়ে তাতে কয়েকবারে দুধের মিশ্রণ ঢালুন। দেখবেন ভাতগুলো সব দুধ শুষে নেবে। এভাবে স্টিকি রাইস বানানো শেষ।

অন্য একটি পাত্রে চুলায় আধা কাপ নারকেল দুধ, ১ টেবিল চামচ চিনি আর কিছুটা পানিতে ১ চা–চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে মিশিয়ে ঘন করে নিন।

পাকা আম ফালি করে কেটে নিন।

এবার একটা পাত্রে কিছুটা রাইস ঢেলে তার পাশে আমগুলো দিয়ে ওপরে তৈরি করে নেওয়া দুধের মিশ্রণ আর ভাজা তিল ছড়িয়ে পরিবেশন করুন।

আশা করি, আপনার ছুটির দিনের এই রান্নার প্রশংসা পাবেন সবার কাছে।