জামিলের ফিশ কাবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনায় নিজের রেস্তোরাঁয় জামিল
খুলনায় নিজের রেস্তোরাঁয় জামিল

জীবনের রং ‘এভারগ্রিন’ হলেই ভালো। বয়স বা মনে বার্ধক্যের রেখা ফুটে ওঠে না। একদিন জীবন হেলে পড়ে পশ্চিম দিগন্তে। ‘এভারগ্রিন’রা তবু বুড়ো হয় না। লোকে বলে ৬০ কিংবা ৭০ বছরের ‘তরুণ’।
কাবাব ব্যাপারটা পুরো উল্টো। তরতাজা এক টুকরো মাছ কিংবা মাংস জ্বলে-পুড়ে ‘কয়লা’ হয়। যে কয়লার সঙ্গে অনেকে জীবনকে গুলিয়ে ফেলে বলে, ‘জীবনটা পুড়ে কয়লা হয়ে গেল।’ আসলে কয়লা নয়, বলা উচিত ‘কাবাব হয়ে গেল’। কয়লা পোড়ায়, পোড়ে তো কাবাব!
জীবন আর কাবাবের পথ তাই দুই দিকে। ব্যতিক্রম শুধু আল-জামিল হোটেল। কাবাবই সেখানে জীবন। খুলনার রূপসা সেতু থেকে ফুলতলার দিকে চলে যাওয়া আড়ংঘাটা বাইপাস সড়কের পাশেই ছোট্ট ছিমছাম হোটেলটা। মালিক জামিল আহমেদ, যার জীবনের গল্পের পরতে পরতে কাবাবের সুঘ্রাণ। সেই গল্প শুনতে, সেই কাবাবের সুবাস পেতে যেতে হবে জামিলের ফিশ কাবাব খেতে। বিদেশ-বিভুঁইয়ে দুই যুগেরও বেশি কয়লা পুড়িয়ে যা কিছু শিখেছেন, তার সবই এখন ঢেলে দিচ্ছেন ফিশ কাবাবের ‘শিল্পে’।
হ্যাঁ, মাছের কাবাব বানানোটা জামিলের কাছে শিল্প। চিকেন, বিফ বা মাটনের গ্রিল—সবকিছুতেই হাত থাকলেও তিনি উপভোগ করেন ফিশ কাবাব বানাতে। কয়েক দিন আগে নিজের হোটেলে বসেই হাসতে হাসতে বললেন কারণটা, ‘এটাই আমি সবচেয়ে ভালো বানাই তো...।’ ফিশ কাবাব বানানো কাজ বা ব্যবসার চেয়েও বড় হয়ে উঠেছে জামিলের কাছে। চুলোয় প্রতিটি শিক ওঠানোর আগে ভাবেন, স্বাদে আরেকটু নতুনত্ব কীভাবে আনা যায়। কেমন করে আরও দূর-দূরান্তে ছড়িয়ে দেওয়া যায় ফিশ কাবাবের সুঘ্রাণ।
মাস ছয়েক আগে দুই বন্ধু আসলাম ফকির ও এস এম শাহীনের উৎসাহে সাধারণ একটা রেস্তোরাঁ দিয়ে ব্যবসা শুরু করেন জামিল। কিন্তু মন ভরছিল না। পেশা হিসেবে এমন কিছু করতে চাচ্ছিলেন, যেটা হবে ব্যতিক্রমী ও আনন্দময়। পথ খুলে দিল তাঁর এইচএসসি পরীক্ষার্থী ছেলে। একদিন আড্ডায় বন্ধুদের সে বলে ফেলল, ‘আমার বাবা খুব ভালো ফিশ কাবাব বানাতে পারেন।’ কাবাব খাওয়ার দাওয়াতও দিয়ে এল সবাইকে। কিন্তু বাড়িতে তখন গ্রিল করার চুলো নেই। ছেলের মন রাখতে জামিল দোকান থেকে বড় একটা চুলো বানিয়ে আনলেন। সেটা দিয়েই হলো অতিথি আপ্যায়ন।
এরপর একদিন ছেলেই বলল, চুলোটাকে ফেলে না রেখে এটা দিয়ে হোটেলে সামুদ্রিক মাছের কাবাব বানানো শুরু করলে কেমন হয়? প্রথমে আপত্তি ছিল জামিলের। ছেলেকে বলেছেন, ‘বাবারে...২৫-৩০ বছর তো শুধু আগুনই গুঁতোলাম। আর কত!’ পরে ভেবে দেখলেন ব্যতিক্রম কিছু করার এই তো সুযোগ! পুরোনো নেশাটা জেগে উঠল আবার। আল-জামিল হোটেল সেই থেকে শুধুই ফিশ কাবাবের দোকান। অল্প কয়দিনেই এর সুনাম-সুবাস ছড়িয়ে পড়েছে খুলনা মহানগরে। খুলনার বিখ্যাত আব্বাস আর কামরুলের চুই ঝালের মাংসের সঙ্গে উচ্চারিত হতে শুরু করেছে জামিলের ফিশ কাবাবের নামও। খুলনায় অনুশীলন ক্যাম্প চলাকালীন মাশরাফি-সাকিবসহ জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার গিয়েছিলেন জামিলের ফিশ কাবাবের স্বাদ নিতে।

কাবাব তৈরি হচ্ছে
কাবাব তৈরি হচ্ছে

আল-জামিল হোটেলে সামুদ্রিক মাছ আসে খুলনার রূপসা ঘাট থেকে। ভোলা, লাক্ষ্যা, তাড়িয়াল, ভেটকি, জাভা, ভোল, হামুর, গলদা চিংড়ি, লাল চোখা—কী নেই রসুইয়ে! থরে থরে সাজানো কাঁচা মাছ থেকে পছন্দ করে অর্ডার দিলে আরবদেশের বার-বি-কিউ মসলায় মাখামাখি হয়ে ২০-৩০ মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে গরম গরম মাছের গ্রিল। সঙ্গে মসৃণ সাদা আটার রুটি আর বিশেষ ফ্রুটস সালাদ।
জামিলের হোটেলে যেতে হবে হাতে একটু সময় আর আড্ডার মুড নিয়ে। দলবল নিয়ে গেলে তো আরও ভালো। বেলা ১টা থেকে রাত ১০টা পর্যন্ত হোটেল খোলা থাকলেও সন্ধ্যার পর যাওয়াই ভালো। রাস্তার পাশেই বসে যাবে বার-বি-কিউ পার্টি। রেস্তোরাঁর সামনের এক চিলতে খোলা জায়গায় জমবে আড্ডা। রেস্তোরাঁর জন্য খুলনা শহর থেকে গাড়িতে ২০-৩০ মিনিট দূরের এই নির্জন জায়গাটি বেছে নেওয়ার কারণ এটাই। কাবাব খেতে এসে যেন কোলাহলমুক্ত পরিবেশে কিছুটা সময় কাটানো যায়।
পৈতৃক নিবাস ঝালকাঠির রাজাপুর উপজেলার তারাবুনিয়া গ্রামে হলেও জন্ম বরিশালের কাউনিয়াতে। ছোটবেলায় বাবাকে হারিয়ে অভিভাবকশূন্য হয়ে পড়েন জামিল। এরপর প্রয়াত চলচ্চিত্র পরিচালক মোহাম্মদ হান্নানের সঙ্গে আত্মীয়তাসূত্রে ঢাকার সিনেমাপাড়ায় আসা। সম্পৃক্ত ছিলেন রায় বিনোদিনী, অবরোধসহ আরও বেশ কয়েকটি ছবিতে। কিন্তু বছর সাতেক এর-ওর সহকারী হিসেবে কাজ করে জামিলের মনে হলো এভাবে ভাগ্য বদলাবে না। ১৯৯০ সালে জীবিকার সন্ধানে দুই বন্ধুকে নিয়ে পাড়ি জমান হংকংয়ে। বয়স তখন ২৫ কি ২৬ বছর।
হংকংয়ের নাথান রোডে ঘটনাচক্রে দেখা লেবাননের নাগরিক ওজির সঙ্গে। তাঁর হাত ধরে সেখানকার এক রেস্তোরাঁয় চাকরি এবং ওই ওজির কাছেই জামিলের ফিশ কাবাব বানানোর দীক্ষা নেওয়া। হংকং ছেড়ে জামিল যান সৌদি আরবে। জামিলের ভাষায়, ‘সৌদি আরবের ওই অঞ্চলে ফিশ কাবাব তখন থেকেই জনপ্রিয় হতে থাকে।’
সেই চেষ্টাটা এখন চালিয়ে যাচ্ছেন আড়ংঘাটা বাইপাসের আল-জামিল হোটেলে। মধু, মিষ্টি আর চুই ঝালের মাংস তো থাকছেই, জামিলের ফিশ কাবাবও হয়তো একদিন হয়ে উঠবে খুলনার নামকরা ‘ব্র্যান্ড।’