ঠান্ডা ঠান্ডা...
বাইরের রোদে তেতে অতিথি এলেই তাঁর হাতে দিন বরফকুচি দেওয়া এক গ্লাস শরবত। পয়লা বৈশাখে দারুণ আপ্যায়ন। দেখে নিন আতিয়া আমজাদের দেওয়া শরবতের রেসিপিগুলো।

আম-মরিচ ফ্লোট
উপকরণ: কাঁচা আম ২ টুকরা, টালা শুকনা মরিচগুঁড়া আধা চা-চামচ, কাঁচা মরিচ ১টি, ধনে ও পুদিনাপাতা একমুঠ, টালা জিরাগুঁড়া আধা চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, আম ফ্লেভারের যেকোনো আইসক্রিম ২ স্কুপ, বরফ কিউব ৬-১০টি, পানি ২ কাপ।
প্রণালি: আইসক্রিম বাদে বাকি সব উপকরণ ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে গ্লাসে ঢালুন। প্রতি গ্লাসে ১ স্কুপ আইসক্রিম ঢেলে দিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

জলজিরা
উপকরণ: ধনেপাতাকুচি সিকি কাপ, পুদিনাপাতাকুচি সিকি কাপ, জিরাগুঁড়া ২ চা-চামচ, চিনি ৩ চা-চামচ, আমচুর পাউডার ১ চা-চামচ, পাতা তেঁতুল (বিচিছাড়া) ১ টুকরা, বিটলবণ আধা চা-চামচ, চাট মসলা আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, ঠান্ডা পানি ৪ কাপ, লবণ স্বাদমতো।
প্রণালি: লেবুর রস ও পানি বাদে সব উপকরণ মিক্সারে মসৃণ পেস্ট করে নিন। এতে এবার পানি ও লেবুর রস মেশান। ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে বরফ দিয়ে পরিবেশন করুন।

সবুজ শরবত
উপকরণ: খোসাসহ শসা ১টি, কাঁচা মরিচ ২টি, কাঁচা আম ১ টুকরা, লবণ স্বাদমতো, টালা জিরাগুঁড়া আধা চা-চামচ, বিটলবণ আধা চা-চামচ, ধনেপাতাকুচি ২ টেবিল চামচ, চিনি আধা চা-চামচ, পানি ২ কাপ, বরফ প্রয়োজনমতো।
প্রণালি: পানি ও বরফ ছাড়া সব উপকরণ মিক্সারে পেস্ট করে নিন। এবার পানি মিশিয়ে ছেঁকে নিন। বরফ দিয়ে পরিবেশন করুন।

পেঁপে-তরমুজের শরবত
উপকরণ: তরমুজ টুকরা ১ কাপ (বিচি ছাড়া), পাকা পেঁপে টুকরা ১ কাপ, চিনি ৩ টেবিল চামচ, লেবুর রস ১ চা-চামচ, পানি ৩ কাপ, বরফ প্রয়োজনমতো।
প্রণালি: পানি ও বরফ বাদে বাকি সব উপকরণ ব্লেন্ড করে মসৃণ পেস্ট বানিয়ে নিন। এবার পানি দিয়ে ছেঁকে নিন। গ্লাসে ঢেলে ফ্রিজে ৩০ মিনিট রেখে ঠান্ডা করুন। এবার বরফ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি ফ্লোট
উপকরণ: তাজা বা ফ্রিজে রাখা স্ট্রবেরি ১০টি, পানি ১ কাপ, চিনি ৪ টেবিল চামচ, বিটলবণ আধা চা-চামচ, স্ট্রবেরি আইসক্রিম ২ স্কুপ, বরফ কিউব ৬-১০টি।
প্রণালি: স্ট্রবেরি কুচি করে নিন। আইসক্রিম বাদে বাকি সব উপকরণ ব্লেন্ড করে নিন। ছেঁকে নিয়ে গ্লাসে ঢালুন। বরফ গুঁড়া করে গ্লাসে ঢেলে দিন। এর ওপর আইসক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

বরফলেবু চা
উপকরণ: চা-পাতা আধা চা-চামচ, পানি ৪ কাপ, চিনির শিরা ১ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ। লেবুকুচি, পুদিনাপাতা ও বরফ কিউব প্রয়োজনমতো।
প্রণালি: হালকা চা বানিয়ে তাতে চিনির শিরা মিশিয়ে ঠান্ডা করে নিন। গ্লাসে লেবুকুচি ও বরফ দিয়ে ভরে দিন। এবার ওপর থেকে চা ঢেলে দিন। পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।