
তখন বিকেল, যদিও বাইরে ঝাঁজালো রোদ। ক্লান্তি আর ঘর্মাক্ত শরীর নিয়ে ঢুকলাম কলম্বাস কফি শপে। কফির ঘ্রাণ আর নিরিবিলি পরিবেশে এক পরশ শান্তি যেন। পুরো শপ জুড়ে হালকা হলুদ আলো, সঙ্গে শীতল বাতাস। বসার চেয়ার, সোফা, টেবিল, দেয়াল—সবখানেই কফি রঙের ছোঁয়া।
আমেরিকান প্রতিষ্ঠান ক্রিমসন কাপের সব সুবিধা নিয়ে নিজস্ব নামে বাংলাদেশে যাত্রা শুরু করল কলম্বাস কফি শপ। এটি পাবেন ঢাকার বনানীর ১১ নম্বর রোডের শেষ মাথায় এইচ ব্লকে। ৮ জন তরুণের সম্মিলিত উদ্যোগে এটি চালু হয়েছে মে মাসের মাঝামাঝি থেকে। প্রায় ২০০ বর্গফুট জায়গা জুড়ে শপটির মূল অবস্থান।
উদ্যোক্তাদের একজন মির্জা খালেদ বলেন, ‘আমাদের কফি শপের সব উপকরণই আসে আমেরিকার ক্রিমসন কাপ থেকে। স্বাদ এবং পরিবেশনায় আনা হয়েছে আমেরিকান আবহ। এখানে যাঁরা কাজ করছেন, সবাই ক্রিমসন কাপ থেকে প্রশিক্ষণ নিয়েছেন—তাই আমরা আধুনিক ও উন্নত সেবা দিতে সক্ষম।’
এখানে পাওয়া যাবে নানা রকম স্বাদের এসপ্রেসো, ওভার আইস ও ফ্রোজেন কফি। স্বাদ ও কাপের ধরন অনুযায়ী দামেও থাকবে কিছু পার্থক্য। ২৪০ থেকে ৪২৫ টাকায় পাবেন নানা স্বাদের কফি। চাইলে কফির পাশাপাশি নিতে পারবেন সাব স্যান্ডউইচ (২৫০ থেকে ২৭৫ টাকায়), অরগানিক আইসড চা (১৬৫ থেকে ১৯০ টাকায়), জুস, কাপ কেক, চিজ কেক, সুপসহ অনেক কিছু। পার্সেলের ব্যবস্থাও পাবেন। আছে ওয়াইফাই সংযোগের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারের সুযোগ। এটি খোলা থাকে সকাল ১১টা থেকে মধ্যরাত অবধি।