
নয় মাস লন্ডনে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা রুহি। তাঁদের সংসারে এবার নতুন সদস্য হিসেবে আছে পুত্র রুহান মুনসুর। ঈদটা ঢাকায় কাটাতেই তাঁর আসা। আর এবারের ঈদে রুহানকে নিয়ে থাকছে তাঁর যত ব্যস্ততা।
‘জন্মের পর রুহানকে এখানকার কেউ দেখেননি। ওর বয়স পাঁচ মাস পেরিয়ে গেছে। পরিবার ও কাছের মানুষেরা তাকে দেখার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। কাছের মানুষের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি রুহানকে নিয়ে ঈদটা ঢাকায় করতে চেয়েছি। তার কেনাকাটার জন্য একটু ব্যস্ততা থাকবে। দেশে অনেক গরম। লন্ডনে সম্পূর্ণ আলাদা আবহাওয়ায় ছিলাম। হুট করে খাপ-খাওয়ানো অনেক কঠিন হবে। এটা নিয়ে একটু চিন্তায় আছি।’
রুহির শৈশব কেটেছে ঢাকার টঙ্গীতে। তাঁরা ছিলেন ছয় ভাইবোন। বললেন, ‘ঈদের সময় আমরা সবাই খুব সকালে ঘুম থেকে উঠে যেতাম। আমরা সব ভাইবোন একই ডিজাইনের পোশাক পরতাম।’
সময়ের সঙ্গে রুহির জীবনে এসেছে অনেক পরিবর্তন। বছর দুয়েক আগে নির্মাতা মনসুর আলীকে বিয়ে করেন তিনি। সম্পর্কের দিক থেকে শ্বশুরবাড়ির কনিষ্ঠ সদস্য রুহি। শাশুড়ি রুহির হাতের চিকেন মালাইকারির খুব ভক্ত। তাই ঈদে চেষ্টা করবেন শাশুড়ির পছন্দের খাবার রান্না করতে। রুহি বলেন, ‘শ্বশুরবাড়ির সবাই আমার হাতের রান্না খুব পছন্দ করেন। তাঁরা ভাবতেই পারেননি, আমি রান্না করতে পারি।’

মোগলাই জর্দা
উপকরণ: বাসমতি চাল এক কাপ, ঘি ২ টেবিল চামচ, জর্দা রং এক চিমটি, পেস্তা বাদাম কুচি ১ টেবিল চামচ, কিশমিশ ১০টি, দারুচিনি ১ টুকরা, এলাচি ২টি, শুকনা খেজুর, জাফরান, চিনি, দুধ, লবণ ও পানি পরিমাণমতো।
প্রণালি: চাল ভালো করে ধুয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং পানিতে সামান্য লবণ ও জাফরান দিতে হবে। চাল সেদ্ধ হয়ে এলে ও রং ধরে এলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে চাল থেকে পানি ঝরিয়ে নিন। এবার পাত্রে ঘি গরম করুন এবং দারুচিনি ও এলাচি দিয়ে ভেজে নিন। চিনি দিয়ে নাড়তে থাকুন। এবার গুঁড়া দুধ ছিটিয়ে মেশাতে থাকুন ও নাড়ুন। বাদাম ও খেজুর কুচি দিন (এ সময় আপনি চাইলে মোরব্বা কুচিও দিতে পারেন)। ভালো করে মিশিয়ে নিন। চাল নরম হয়ে ঝরঝরে হয়ে গেল কি না দেখে নিন। স্বাদ চেখে নিতে পারেন। বেশি নরম নয় আবার যেন শক্তও না থাকে সেদিকটাও খেয়াল রাখতে হবে। পরিবেশনের জন্য প্রস্তুত হলে কিছু বাদাম কুচি ছিটিয়ে দিন। আপনি চাইলে ছোট নানান পদের মিষ্টিও সাজিয়ে দিতে পারেন।

মুরগির মিষ্টি কোর্মা
উপকরণ: মুরগি ১টি, পেঁয়াজবাটা সিকি কাপ, কাঁচা মরিচ ৪টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, জিরাবাটা ১ চা-চামচ, চিনি ১ চা-চামচ, দারুচিনি ২টি, এলাচ ৪টি, গরম মসলা গুঁড়া আধা চা-চামচ, টক-মিষ্টি দই আধা কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, তেল ১ কাপ, ঘি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, কিশমিশ ও মুরগি মেরিনেট করার জন্য মসলা প্রয়োজনমতো।
প্রণালি: শুরুতে মুরগি মেরিনেট করে নিতে হবে। এরপর মুরগিটিকে মিষ্টি দই ও তেল দিয়ে ভেজে উঠিয়ে রাখুন। এতে করে মাংস আলাদা হওয়ার আশঙ্কা কম থাকে। এখন বাকি তেল ও বাটা মসলাগুলো দিয়ে একটু কষিয়ে দই দিন। এবার মাংস ও মসলা দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। নামানোর কিছুক্ষণ আগে কিশমিশ, লেবুর রস, চিনি, কাঁচা মরিচ ও ঘি দিয়ে ঢেকে দিতে হবে। মাংসে তেল উঠে এলে নামিয়ে নিন। পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।