তিতা তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

খাবারের স্বাদ তিতা। এটা শুনলে অনেকেই খেতে চান না। কিন্তু মজা করে রান্না করলে বৈশাখী পাতে সবচেয়ে মুখরোচক খাবার হয়ে যাবে হয়তো এটাই। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

.
.

লাউ দিয়ে তেতো ডাল

উপকরণ: মটর ডাল ২৫০ গ্রাম, কচি লাউ ১০-১২ টুকরা, কাঁচা মরিচ ৫-৬টি, মেথি সিকি চা-চামচ, উচ্ছে গোল করে কাটা ১ কাপ, লবণ পরিমাণমতো, হলুদ অল্প পরিমাণ, ঘি আধা টেবিল চামচ, সরিষার তেল ৩ টেবিল চামচ, শুকনা মরিচ ৪-৫টি, আস্ত সরিষা আধা চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ ও তেজপাতা ১টা।

প্রণালি: ডাল, লবণ, অল্প হলুদ ও তেজপাতা দিয়ে সেদ্ধ করে নিন। সেদ্ধ হলে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিতে হবে। টুকরো করা লাউগুলো দিয়ে দিন। লাউ আধা সেদ্ধ হলে নামিয়ে রাখতে হবে। পরে কড়াইয়ে তেল দিয়ে আস্ত সরিষা, অল্প মেথি, শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিন। ফোড়নের গন্ধ বের হলে উচ্ছে দিয়ে লাল করে ভেজে নিতে হবে। সেদ্ধ করে রাখা ডাল উচ্ছের মধ্যে ঢেলে দিন। ফুটে এলে নামানোর সময় ঘি দিয়ে নামিয়ে ফেলতে হবে।

উচ্ছে লবণ মাখিয়ে ধুয়ে ফেলতে হবে। তাহলে তেতো ভাবটা কমে যাবে।

.
.

নিম পাতার বড়া

উপকরণ: নিম পাতা ২০-২৫টি, ময়দা ২ টেবিল চামচ, পোস্তদানা আস্ত ১ চা-চামচ, মরিচের গুঁড়া আধা চা-চামচ, চিনি ১ চা-চামচ, লবণ স্বাদমতো এবং সয়াবিন তেল ২ কাপ।

প্রণালি: নিম পাতা ভালো করে পরিষ্কার করে নিন। পাতাগুলো লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে ফেলতে হবে। পাতার মাঝের শির ফেলে দিন। ময়দার মধ্যে একটু তেল, লবণ, চিনি, মরিচের গুঁড়া ও পরিমাণমতো পানি দিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। এই মিশ্রণে নিম পাতা ও পোস্তদানা দিয়ে ডুবো তেলে গোল গোল করে ভেজে নিন।

.
.

সরিষা করলা

উপকরণ: করলা ২টা (লম্বা করে কেটে নিতে হবে), আলু ১টা, সরিষাবাটা ১ টেবিল চামচ, পোস্তবাটা ১ চা-চামচ, হলুদ সামান্য পরিমাণ, চিনি পরিমাণমতো, লবণ স্বাদ অনুযায়ী, কাঁচা মরিচ ৪-৫টি ও কালোজিরা সিকি চা-চামচ।

প্রণালি: করলা লবণ দিয়ে মাখিয়ে ধুয়ে নিতে হবে। আলু হালকা করে ভেজে নিন। কড়াইয়ে তেল দিয়ে কালোজিরা ফোড়ন দিতে হবে। সরিষা ও পোস্তাবাটা একসঙ্গে মিশিয়ে লবণ ও হলুদ দিয়ে কষাতে হবে। অল্প পানি দিয়ে ফুটে উঠলে করলা ও আলু দিতে হবে। কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তেল ভেসে উঠলে কাঁচা মরিচ ও সামান্য চিনি দিয়ে নামিয়ে ফেলুন।