দেখতে মজা খেতেও মজা
বিকেলের নাশতা বাইরে থেকে না এলে কি বাচ্চার মুখ বেজার হয়ে যায়? বাড়িতেই চটপট বানিয়ে নিতে পারেন মজাদার সব পদ। রেসিপি দিয়েছেন জেবুন্নেসা বেগম

নুডলস নেস্ট
উপকরণ: নুডলস ১ প্যাকেট, আলু ২ কাপ, লবণ সামান্য, গাজর সাজানোর জন্য, মটরশুঁটি ২ টেবিল চামচ, তেল ভাজার জন্য ও মাখন ২ টেবিল চামচ, সাজানোর জন্য লবঙ্গ অথবা কালিজিরা।
প্রণালি: নুডলস সেদ্ধ করে একটা চা ছাঁকনির ওপর বসিয়ে ঝুরির মতো করে ডুবো তেলে ভেজে নিতে হবে। আলু সেদ্ধ করে মিহিভাবে চটকে নিয়ে মাখনে সামান্য ভেজে তুলে নিন। এবার ছোট ছোট বল বানিয়ে পাখির আকৃতি দিন। গাজর দিয়ে পাখির ঠোঁট ও ডানা বানাতে হবে। লবঙ্গ অথবা কালিজিরা দিয়ে চোখ বানিয়ে নুডলসের ঝুরিতে বসাতে হবে। ইচ্ছে হলে কয়েকটা মটরশুঁটি ভেতরে দিতে পারেন। সস দিয়ে পরিবেশন করুন।

ফ্রুটস ডিলাইট
উপকরণ: পাকা আম আধা কাপ, বেদানা ২ টেবিল চামচ, আপেল আধা কাপ, আনারস আধা কাপ, হুইপড ক্রিম ১ কাপ, জেলোটিন ১ কাপ, গার্নিশিংয়ের জন্য চেরি ও ঠান্ডা দুধ ২ টেবিল চামচ। পরিবেশনের জন্য সার্ভিং গ্লাস (একটু পুরোনো ধাঁচের)।
প্রণালি: আপেল, আনারস ও আম কিউব করে কেটে নিতে হবে। হুইপড ক্রিম ঠান্ডা দুধে বিট করে নিতে হবে। জেলোটিন সামান্য পানি দিয়ে চুলায় জ্বাল দিয়ে নিন। গ্লাসে ফলের ওপর হুইপড ক্রিম, এর ওপর আবার ফল দিয়ে দিন। এবার জেলোটিন ঢেলে দিন। ওপরে হুইপড ক্রিম, ফল অথবা চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডোনাট
উপকরণ: ময়দা ২ কাপ, চিনি ১ কাপ, ইস্ট ১ চা-চামচ, গুঁড়া দুধ ১ চা-চামচ, পানি আধা কাপ ও বাটার ১ চা-চামচ।
প্রণালি: ময়দার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মেখে আধা ঘণ্টা ঢেকে রাখতে হবে। রুটি বেলে ডোনাট কাটার দিয়ে ডোনাট কেটে নিতে হবে। আবার আধা ঘণ্টা পলিথিন দিয়ে ঢেকে রেখে ভেজে নিতে হবে।
চকলেট ডোনাট: গলানো চকলেটে (১ কাপ) ডোনাট ডুবিয়ে তুলে নিতে হবে। ইচ্ছে হলে এর ওপর সুইট বল ও চকলেট দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
সুগার ডোনাট: ১ কাপ চিনি চুলায় গরম করে সঙ্গে ১ টেবিল চামচ লেবুর রস জ্বাল দিয়ে ডোনাটের ওপর ঢেলে দিতে হবে। ঠান্ডা হলে পরিবেশন করুন।

হটডগ
উপকরণ: ময়দা ৩ কাপ, ইস্ট ১ টেবিল চামচ, অলিভ অয়েল ১ টেবিল চামচ, ডিম ১টা, লবণ ১ চা-চামচ, চিনি ১ টেবিল চামচ, পানি আধা কাপ, সসেজ ৮-১০টা ও সস সাজানোর জন্য।
প্রণালি: ময়দার সঙ্গে সসেজ ছাড়া বাকি সব উপকরণ ভালোভাবে মেখে ঢেকে রাখতে হবে। ময়দা ফুলে উঠলে লম্বা করে কয়েকটা বান বানাতে হবে। ওভেন প্রি-হিট করে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপে ২০ মিনিট বেক করতে হবে। এবার বানগুলো মাঝখানে লম্বা করে কেটে নিতে হবে। সসেজ ঢুকিয়ে সস দিয়ে সাজিয়ে পরিবেশন।

চকলেট পুডিং
উপকরণ: ঘন দুধ ১ কাপ, ডিম ৬টা, চিনি আধা কাপ, ক্রিম আধা কাপ, চকলেট ২ টেবিল চামচ, কোকো পাউডার ১ টেবিল চামচ ও মাখন ১ টেবিল চামচ।
প্রণালি: ডিম ভালোভাবে ফেটে এর সঙ্গে সব উপকরণ দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার পুডিং ডাইসে বাটার মেখে মিশ্রণ ঢেলে ফয়েল পেপার অথবা ঢাকনা দিয়ে ঢেকে একটি পাত্রে সামান্য পানি দিয়ে এর ওপর পুডিং ডাইস বসিয়ে ২০ থেকে ২৫ মিনিট ভাপিয়ে দিতে হবে। ডাইস থেকে পুডিং বের করে ঠান্ডা হলে সাজিয়ে পরিবেশন।

চিকেন বার্ড
উপকরণ: মুরগির বুকের মাংস (ডানাসহ) ২ টুকরা, লবণ স্বাদমতো, সরষেবাটা ১ চা চামচ, লেবুর রস ১ চা-চামচ, গোলমরিচ আধা চা-চামচ, স্বাদ লবণ আধা চা-চামচ, ডিম ১টা, ময়দা ২ টেবিল চামচ, ব্রেড ক্রামস ১ কাপ, আলু আধা কাপ, মাখন ১ টেবিল চামচ ও লং ৪টা।
প্রণালি: মুরগির বুকের মাংস ডানাসহ কেটে নিতে হবে। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। সরষেবাটা, লবণ, লেবুর রস, গোলমরিচ ও স্বাদ লবণ দিয়ে ১ ঘণ্টা মেরিনেট করে নিতে হবে। আলু সেদ্ধ করে চটকে নিয়ে মাখনে ভেজে নিতে হবে। এবার মাংসে ময়দা মেখে ফেটানো ডিমে ডুবিয়ে নিন। এরপর ব্রেড ক্রামসে গড়িয়ে ডুবো তেলে ডিপ ফ্রাই করে নিতে হবে। ডানার অংশে মিহিভাবে চটকানো আলু দিয়ে পাখির মুখ বানিয়ে লং দিয়ে চোখ দিতে হবে।

বাটারফ্লাই কাস্টার্ড চকলেট কেক
উপকরণ: ময়দা ১ কাপ, বেকিং পাউডার ১ চা-চামচ, ঘি বা বাটার ৩ টেবিল চামচ, চিনি ২৫০ গ্রাম, ডিম ৪টা, গুঁড়ো দুধ ২ টেবিল চামচ ও কোকো পাউডার ১ টেবিল চামচ।
কাস্টার্ডের জন্য: গুঁড়ো দুধ দেড় কাপ, কাস্টার্ড পাউডার দেড় টেবিল চামচ, চিনি ১ কাপ, পানি ১ কাপ ও ডিম ১টা।
প্রণালি: কাস্টার্ডের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় জ্বাল দিয়ে কাস্টার্ড তৈরি করে নিতে হবে। ডিম, চিনি ও ঘি বিট করে এর সঙ্গে ময়দা, বেকিং, কোকো পাউডার ও দুধ বিট করতে হবে। ডাইসে মাখন বা ঘি ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে দিতে হবে। প্রি-হিট ওভেনে ১৯০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপে ২০ মিনিট বেক করতে হবে। ডাইস থেকে কেক বের করে ঠান্ডা হলে মাঝখান থেকে কেক কেটে নিতে হবে। ভেতরে কাস্টার্ড ঢুকিয়ে নিতে হবে। ভেতরে কাটা কেক দিয়ে বাটারফ্লাই বানিয়ে কেকের ওপর বসাতে হবে। সুইটবল, বেদানা অথবা অন্য যেকোনো ফল দিয়ে সাজিয়ে পরিবেশন।