দেশি আপ্যায়ন
পয়লা বৈশাখে খাবারের আয়োজন কেমন হবে, আগেই জানিয়ে দিলেন নৃত্যশিল্পী সামিনা হোসেন। রেসিপি দিয়েছেন তাঁর মা রোকেয়া মিনাক্ষী হোসেন

টাকি মাছের ঝুরা
উপকরণ: মাঝারি আকৃতির টাকি মাছ ৪টি, বড় পেঁয়াজ ৪টি, কাঁচা মরিচ ৬টি, হলুদ এক চিমটি। ধনেপাতা, লবণ ও সাদা তেল পরিমাণমতো।
প্রণালি: টাকি মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মেখে ভেজে নিন। এবার চুলা থেকে নামানোর পর মাছগুলো ঠান্ডা হলে কাঁটা বেছে নিন। পেঁয়াজগুলো লম্বা করে কেটে নিন। কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজগুলো আধা ভাজা করে নিন। এরপর কড়াইতে মাছ, কাঁচা মরিচ, ধনেপাতা দিয়ে ভালো করে নাড়তে থাকুন। মাছগুলো ভাজা ভাজা হয়ে এলে পরিমাণমতো লবণ দিয়ে নামিয়ে নিন।

পটোল ভাজি
উপকরণ: পটোল আটটি। লবণ, হলুদ, জিরা ও ধনেগুঁড়া ১ চিমটি, পেঁয়াজকুচি এক কাপ, সাদা তেল পরিমাণমতো।
উপকরণ: প্রথমেই পটোল চেঁছে দুই ভাগ করুন। হলুদ, লবণ, জিরা ও ধনেগুঁড়া দিয়ে পটোলগুলো মেখে নিন। এবার কড়াইতে তেল গরম করে পটোলগুলো দিয়ে নিন। পটোলগুলো ভাজা হয়ে এলে পেঁয়াজকুচি দিয়ে নামিয়ে নিন।

পাবদা মাছের ঝোল
উপকরণ: মাঝারি আকারের পাবদা মাছ ১০টি, পেঁয়াজ বাটা ১ টেবিল-চামচ, হলুদ আধা চা-চামচ, শুকনো মরিচ ১ চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, ধনেগুঁড়া আধা চা-চামচ, আলু ১টি, টমেটো ১টি, আদাবাটা আধা চা-চামচ, পানি আধা কাপ, কাঁচা মরিচ চারটি। সাদা তেল, লবণ, ধনেপাতা পরিমাণমতো।
প্রণালি: চুলায় কড়াই বসিয়ে অল্প তেলে পেঁয়াজ বাটা, অর্ধেক করে কাটা টমেটো, জিরা ও ধনেগুঁড়া, আদাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিন। এবার আলু লম্বা টুকরো করে নিয়ে কড়াইয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিন। আধা কাপ পানি দিয়ে আবারও কষান। বলক উঠলে মাছগুলো দিয়ে দিন। ঝোলটা একটু ঘন হয়ে উঠলে ধনেপাতা, কাঁচা মরিচ আর পরিমাণমতো লবণ দিয়ে নামিয়ে নিন।

কষা আইড় মাছ
উপকরণ: আইড় মাছ আট টুকরা, সাদা তেল দেড় টেবিল-চামচ, পেঁয়াজ ৬টি, বড় টমেটো ১টি, কাঁচা মরিচ ৬টি, আদাবাটা ১ চা-চামচ, রসুনবাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা দেড় টেবিল-চামচ। ধনেগুঁড়া, জিরাগুঁড়া, মরিচের গুঁড়া ১ চা-চামচ করে।
প্রণালি: কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নিন। এবার তাতে আদাবাটা, রসুনবাটা, ধনেগুঁড়া, জিরাগুঁড়া, মরিচগুঁড়া ও আধা কাপ পানি দিয়ে কষিয়ে নিন। তেল ভেসে উঠলে মাছগুলো দিয়ে কষিয়ে নিন। এক কাপ পানি দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। এবার ঝোলটা মাছের গায়ে মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

ইলিশ ভাজা
উপকরণ: ইলিশ মাছের টুকরা আটটি, হলুদ ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, বড় পেঁয়াজ ৪টি, কাঁচা মরিচ ৬টি, লবণ ও সাদা তেল স্বাদমতো।
প্রণালি: হলুদ, লবণ ও পেয়াঁজ বাটা দিয়ে মাছগুলো ভালো করে মেখে নিন। এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো ছেড়ে দিন। পেঁয়াজ কুচি করে কেটে নিন। মাছগুলো ভাজা হয়ে এলে পেঁয়াজকুচি ও কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।

শর্ষে ইলিশ
উপকরণ: ইলিশ মাছ ছয় টুকরা, হলুদ সরিষা বাটা ১ টেবিল-চামচ, হলুদ ও মরিচগুঁড়া আধা চা-চামচ, পেঁয়াজ বাটা দুই টেবিল-চামচ, সরিষার তেল ১ টেবিল-চামচ, টমেটো অর্ধেকটা, পানি দেড় কাপ।
প্রণালি: কড়াইতে সরিষার তেলে সরিষা বাটা, হলুদ ও মরিচগুঁড়া, টমেটো, পেঁয়াজ বাটা ও লবণ দিয়ে কষাতে থাকুন। এবার দেড় কাপ পানি ঢালুন। বলক উঠলে মাছগুলো দিয়ে ঢেকে দিন। ঝোলটা একটু মাখা মাখা হয়ে এলে কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নিন।