দেশি ঢঙে ইলিশ পরিবেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইলিশ পরিবেশনেও চাই বাঙালিয়ানা। সেভাবেই সাজিয়েছেন গুলসান নাসরীন চৌধুরী। ছবি: কবির হোসেন
ইলিশ পরিবেশনেও চাই বাঙালিয়ানা। সেভাবেই সাজিয়েছেন গুলসান নাসরীন চৌধুরী। ছবি: কবির হোসেন

মাছে-ভাতে বাঙালির পাতে ইলিশের স্বাদই আলাদা। এখন ইলিশের মৌসুম। তাই ইলিশ মাছের নানা রকম পদ দেখা যাবে খাবার টেবিলে। ইলিশের পরিবেশনে বাঙালিয়ানার ছোঁয়া থাকলে তা হয়ে উঠবে নান্দনিক।

ইলিশ হলো বাংলাদেশের জাতীয় মাছ। ইলিশের খাবার পরিবেশনে দেশি উপকরণই বেশি মানানসই। অন্দরসজ্জাবিদ গুলসান নাসরিন চৌধুরী বলেন, মাটির বাটি বা থালা, কাঁসার বাসনপত্র, কলাপাতায় ইলিশ পরিবেশন করলে বেশ সুন্দর দেখাবে। তবে আজকাল বেতের বিভিন্ন তৈজসপত্র বাজারে পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলে নতুনত্ব আসবে। শীতলপাটি ছোট ছোট করে কেটে তাতেও পরিবেশন করা যায় ইলিশ।

ইলিশ মাছ কলাপাতায় সাজিয়ে তার পাশে নানা রঙিন সবজি দিয়ে নকশা করা যায়। গাজর, মুলা, টমেটো, বিট, পেঁয়াজের পাতা, পেঁয়াজ গোল করে কাটা, কাঁচা ও শুকনা মরিচ, কিছু পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলে খুব রঙিন দেখাবে। সঙ্গে বিভিন্ন ফুলের আকারে নকশাও করতে পারেন।

যদি খাবার পরিবেশনের উপকরণ হয় দেশি, তবে টেবিলটিতেও থাকতে হবে বাঙালিয়ানার ছোঁয়া। টেবিলের সাজসজ্জার দিকে দিতে হবে বিশেষ খেয়াল। টেবিল ক্লথটি ক্রুশকাঁটায় বোনা হতে পারে। এর ওপরে রানার হিসেবে গামছা বিছিয়ে দিলে তো কথাই নেই। আবার গ্রামীণ চেক, খাদি, তাঁত, মণিপুরি কাপড়ের রানারও মানানসই হবে। টেবিল ক্লথটি সাদা, চাপা সাদা (অফ ওয়াইট) হতে পারে। এমনই পরামর্শ দিলেন গুলসান নাসরিন চৌধুরী।

টেবিলের অন্যান্য উপকরণ যেমন গ্লাস, বাটি—এগুলো মাটির বা কাঁসার হতে পারে। ক্রুশকাঁটায় বোনা গ্লাসে ম্যাট বেছে নিতে পারেন। চামচ বা খাবার রাখার ট্রে হতে পারে কাঠের।

রাতের অনুষ্ঠান হলে টেবিলের এক পাশে কাঁসার প্রদীপদানি জ্বালিয়ে দিলে বেশ সুন্দর দেখাবে। তার সঙ্গে মাটির বাটিতে পানি ছিটিয়ে কিছু গোলাপের পাপড়ি দিয়ে রাখলেও খাবার ঘরের সৌন্দর্য বেড়ে যাবে বহুগুণ।