
ঈদের দিন চিরাচরিত নিয়মে পায়েস, সেমাইয়ের সঙ্গে একটু ভিন্ন স্বাদের কিছু খাবার তৈরি করেন ফ্যাশন ডিজাইনার মাহিন খান। বললেন, ‘মিষ্টি খাবারের মধ্যে ক্রিম ক্যারামেল পুডিং বা কাস্টার্ড তৈরি করি। ঝাল খাবারের মধ্যে স্যুপ এবং মাছের কয়েকটি পদও রান্না করি।’

১০ জুন রাজধানীর গুলশানে মাহিন খানের বাড়িতে গিয়ে দেখা গেল তিনি নকশার জন্য তাঁর পছন্দের ঈদ রান্নাগুলো তৈরি করছেন। জানালেন নিজের ফ্যাশন হাউস মায়াসীরের পোশাক ডিজাইন আর নানা ধরনের সামাজিক কাজ নিয়ে সারা দিনই ব্যস্ত থাকতে হয়। নিজের হাতে তাই প্রতিদিন রান্না করা হয় না এই ডিজাইনারের। তবে প্রতিদিনের রান্নার পরিকল্পনা তিনি নিজেই করে দেন।
ব্যস্ততা যতই থাক বাড়িতে কী রান্না হবে, কীভাবে হবে—সেদিকে সজাগ দৃষ্টি থাকে মাহিন খানের। নিজে সব সময় অল্প তেল-মসলায় রান্না করা খাবার পছন্দ করেন।
তিনি বললেন, ‘বাড়িতে সাধারণত ছেলেমেয়েরা যেগুলো খেতে পছন্দ করে যেমন পাস্তা, চিকেন ফ্রাই সেগুলোই বেশি করা হয়। আর আমি মাছ খেতে পছন্দ করি, বিশেষ করে চিংড়ি মাছ। ঈদের দিনে অবশ্যই বিশেষ পদ তৈরি করা হয় বাসায়।’

লেমন গ্রাস প্রন
উপকরণ: খোসাসহ বড় চিংড়ি আধা কেজি, আদা কুচি ১ টেবিল চামচ, লেমন গ্রাস (কুচি) ২ চা-চামচ, ভেজিটেবল অয়েল ২ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো, ফিশ সস ২ চা-চামচ ও চিলি ফ্লেক্স আধা চা-চামচ।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে ভালোভাবে মেখে ১ ঘণ্টা ম্যারিনেট করতে হবে। এরপর প্রিহিটেড ওভেনে ১০ মিনিট অথবা চিংড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হয়ে গেলে বের করে পরিবেশন করুন।

ফিশ গারলিক পেপার
উপকরণ: রেড স্ন্যাপার (আস্ত) ১ কেজি, রসুন কুচি ১ টেবিল চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সি ফুড সিজনিং ৩-৪ চা-চামচ,
মাখন ২ টেবিল চামচ, ফ্রেশ থাইম স্প্রিগস ৬টি ও লেবু ৬ টুকরো।
প্রণালি: একটি ফয়েল পেপারের মাঝখানে মাছটি রেখে তাতে লেবুর রস, রসুন, সি ফুড সিজনিং দিয়ে মেখে নিতে হবে। মাছের ওপরে মাখন ছড়িয়ে দিতে হবে। আর থাইমগুলো মাছের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ওপরে লেবুর টুকরাগুলো দিয়ে ফয়েল পেপার মুড়ে এক দিন ফ্রিজে রাখতে হবে। পরে ওভেনে প্রিহিট ৩৫০ ডিগ্রি তাপমাত্রায় ৪৫ মিনিট বেক করতে হবে। হয়ে গেলে ফয়েল পেপার খুলে পরিবেশন করুন।

টম ইয়াম স্যুপ
উপকরণ: সবজির স্টক ৩ কাপ, লেবু পাতা ৫টি, লেমন গ্রাস ৩ টুকরা, বাটন মাশরুম ১ কাপ, সয়া সস ২ টেবিল চামচ, বিচি ছাড়া থাই মরিচ ২টি ও টমেটো ১টি
প্রণালি : প্রথমে সবজি স্টক চুলায় দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরপর এতে লেবু পাতা, লেমন গ্রাস দিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে সয়া সস, মাশরুম, মরিচ, টমেটো দিয়ে আরও কিছুক্ষণ চুলায় রেখে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে টম ইয়াম স্যুপ।