নকশার জন্য রাজ-রান্না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে একমাত্র তিনিই ‘নায়করাজ’। ভক্তরা ভালোবেসেই চলচ্চিত্র অভিনেতা আবদুর রাজ্জাকের নামের আগে দিয়েছিলেন এই বিশেষণ। রুপালি পর্দার নেপথ্যে ব্যক্তিজীবনে রান্না করার শখ ছিল তাঁর। নকশার অনুরোধে একবার নিজের হেঁশেলে নিজের রেসিপিতে রান্নাও করেছিলেন রাজ্জাক। শুনিয়েছিলেন রান্নার প্রতি তাঁর আগ্রহের কথা। প্রথমআলোর নকশায় ২০০৭ সালের ১৮ ডিসেম্বর ‘রাজ-রান্না’ শিরোনামে ছাপা হয়েছিল রাজ্জাকের রান্নাবান্নার কথা আর তাঁর দুটি রান্নার রেসিপি। লিখেছিলেন কামরুজ্জামান।

গত ২১ আগস্ট নায়করাজ রাজ্জাক চলে গেছেন এই পৃথিবী ছেড়ে। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই প্রতিবেদন এখানে পুনর্মুদ্রণ করা হলো।

নকশার জন্য নিজের হাতে রান্না করেছিলেন রাজ্জাক। ছবি: নকশা
নকশার জন্য নিজের হাতে রান্না করেছিলেন রাজ্জাক। ছবি: নকশা

‘ম্যাট্রিক পাস করার পর বেশ কিছুদিন কোনো কাজ ছিল না। সংসারের অনেক কাজকর্মই করতে হতো। এক চাচি ছিলেন। তাঁর রান্নার কোনো জুড়ি ছিল না। চাচি যখন রান্না করতেন, মাঝেমধ্যে আমি গিয়ে দাঁড়িয়ে থাকতাম। দেখতাম, কত যত্ন করেই না রান্নাটা করেন চাচি। একদিন বাসায় কেউ ছিল না, নিজে নিজেই রান্নার দায়িত্ব তুলে নিলাম। ভাত ছিল, কিন্তু তরকারি নেই। পেটে খুব খিদে, আমি লাবড়া রান্না করতে শুরু করলাম। এই লাবড়া বানাতে দেখেছিলাম চাচিকে। খেতেও পছন্দ করতাম। আলু, বেগুন, মুলা, টমেটো, শিম, বরবটি, ফুলকপি, ধনেপাতা—সবকিছু দিয়ে রান্না করা হতো। সেদিন আমি হাতের কাছে যা যা পেলাম, তা-ই দিয়ে রান্না করলাম। খিদে পেটে বেশ মজা করেই খেলাম, চেটেপুটে। এমনি করেই রান্নার সঙ্গে নিজেকে প্রথম জড়ালাম।’ বলছিলেন নায়করাজ রাজ্জাক।

নায়করাজ শুধু যে লাবড়া রান্না করতে পারেন, তা নয়; গরু ও হাঁসের মাংস রান্নাতেও তাঁর জুড়ি নেই। জনপ্রিয় অভিনেতা, এত যাঁর ব্যস্ততা, তিনি আবার রান্নাবান্না শিখলেন কবে?

‘একবার কলকাতাতেই বনভোজন হচ্ছিল। সেখানে আমি আবার লাবড়া তৈরি করলাম। সবাই তো খেয়ে বেশ প্রশংসা করছে। তখন মনে হলো, রান্নাটা মাঝেমধ্যে করলে দোষের কী! আরেকবার বাড়িতে কেউ ছিল না, বাড়ির পোষা একটি হাঁস ছিল। তখন আমি সেই হাঁসটা জবাই করে আনলাম। চাচি যেভাবে হাঁস রান্না করত, সেভাবেই রান্না করলাম। এরপর খেয়েদেয়ে ঘুমিয়ে পড়েছি। বিকেলবেলা বাড়ির লোকজন এসে হাঁস খুঁজতে থাকে। রান্নাঘরে গিয়ে দেখল যে হাঁস রান্না করা হয়ে গেছে। কে রান্না করল? সব স্বীকার করলাম। বললাম, একবার খেয়ে দেখো, রান্নাটা কেমন হয়েছে। দু-একজন খেয়ে বেশ প্রশংসাই শুরু করল। আর কেউ রাগ করল না।

‘এরপর একদিন ঠিক করলাম, গরুর মাংস রান্না করতে শিখতে হবে। কিন্তু সুযোগ পাচ্ছিলাম না। দেখলাম, চাচি রান্না করবেন। চাচির কাছে বায়না ধরে বললাম, আমি রান্নাটা করি। চাচি তো অবাক। তা কী করে হয়! আমি বললাম, দিয়েই দেখো না, তুমি আমাকে একটু সহযোগিতা করবে, তবেই দেখবে আমি রান্নাটা ভালোভাবে করতে পারব। রান্না করলাম, সবাই চাচির প্রশংসা করল। পরে চাচি আসল ঘটনা খুলে বলল।

‘চলচ্চিত্রে যখন অভিনয় শুরু করলাম, তখন মাঝেমধ্যেই বাইরে শুটিংয়ে গেলে আমি রান্না করতাম। এ বিষয়টা এক কান দুই কান হয়ে সবাই জেনে গেল। ব্যস। শাবানা, ববিতা ওরা তো আউটডোর শুটিংয়ে গেলেই বলত, “রাজ্জাক ভাই, আপনি কিন্তু গরুর মাংসটা খাওয়াবেন।” আবার কেউ বলত, “লাবড়াটা অসাধারণ!”

‘কলকাতায় শুটিং করতে গেলেই প্রসেনজিৎ, রঞ্জিত মল্লিক সবাই বলে, “দাদা, ওই রান্নাটা আরেকবার করেন না।” এই তো কিছুদিন আগেও গেলাম হায়দরাবাদে। সেখানে প্রসেনজিৎ বলল, “দাদা, আপনাকে কিন্তু রাঁধতেই হবে।”’

রাজ্জাকের রান্নার প্রশংসা ঘরেও। ছেলে সম্রাট জানালেন, বাবা প্রতি শুক্রবার গরুর মাংস আর লাবড়া রান্না করেন। তারপর বাসার সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়াদাওয়া করেন। এটা তাঁর শখ। রাজ্জাক বলেন, ‘আসলে বাসায় এটা করি মনের আনন্দ থেকে। অবশ্য এ কাজে লক্ষ্মী (রাজ্জাকের স্ত্রী) সাহায্য করে। না হলে কি আর এত সহজে রান্নাবান্না করতে পারতাম?’

লাবড়া

উপকরণ

আলু, বেগুন, টমেটো, শসা, ফুলকপি, পেঁপে, বরবটি, শিম, মিষ্টিকুমড়া ইত্যাদি (যখন যত সবজি পাওয়া যায়)। পেঁয়াজ ৩টি (কুচি করে), তেজপাতা, গরমমসলা, হলুদবাটা, লবণ, তেল পরিমাণ মতো।

প্রণালি

সব সবজি কেটে পানিতে ভিজিয়ে রাখুন বেশ কিছু সময়। চুলায় কড়াই চাপিয়ে সেখানে তেল ছেড়ে দিয়ে তিনটি পেঁয়াজের কুচি আর কাঁচা মরিচ ভাজুন। ভাজা হলে, তেজপাতা, গরমমসলা ও হলুদবাটা ছেড়ে দিন। মিনিট পাঁচেক সেগুলো নাড়াচাড়া করার পরই পানিতে ভিজিয়ে রাখা কাটা সবজিগুলো কড়াইয়ে ছেড়ে দিন। এরপর পরিমাণমতো লবণ দিন। বেশ কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে ঢাকনা চাপিয়ে রাখুন। পানি শুকিয়ে এলেই বুঝে নিতে হবে লাবড়া তৈরি।

গরুর মাংস

উপকরণ

এক কেজি মাংস, দেড় কাপ তেল, ছয়টি পেঁয়াজকুচি, গরমমসলা, হলুদবাটা, জিরাবাটা, মরিচবাটা, আদাবাটা ও রসুনবাটা পরিমাণমতো এবং লবন স্বাদ অনুযায়ী।

প্রণালি

প্রথমে মাংস ধুয়ে পানি নিংড়ে নিন। চুলা জ্বেলে পাত্রে তেল দিয়ে গরম করুন। এরপর পেঁয়াজকুচি তেলে ছড়িয়ে দিয়ে ভেজে নিন। হলুদবাটা, জিরাবাটা, মরিচবাটা, আদাবাটা, রসুনবাটা—সব এক করে ওই তেলের মধ্যেই ছেড়ে দিতে হবে। চুলার আঁচ কমিয়ে দিয়ে প্রায় ১৫ মিনিট ধরে মসলাটা তেলের মধ্যে ছেড়ে দিয়ে নাড়াচাড়া করতে থাকুন। যখন পুরো মসলাটা থকথকে হয়ে আসবে, তখন সুস্বাদু গরম মসলার মিশ্রিত দুই চিমটি গুঁড়ো ছেড়ে দিতে হবে। এর মিনিট দুই পর পানি নিংড়ানো মাংসটা ছেড়ে দিতে হবে কড়াইয়ে। সঙ্গে পরিমাণমতো লবণ। এবার আগুনটা একটু বাড়িয়ে দিন। তারপর গরুর মাংসটা কষাতে থাকুন। প্রায় ৪৫ মিনিট ধরে মাংস কষাতে হবে। প্রয়োজন হলে এক কাপ পানি দিন। মাংস সেদ্ধ হয়ে এলে, যদি ঝোল মাংস খেতে চান, পরিমাণমতো পানি দিন। তা না হলে মাংস নামিয়ে খাবারের জন্য পরিবেশন করুন।