
ইলশেগুঁড়ি বৃষ্টি মাথায় নিয়ে ভেতরে এলাম আমরা। এরপরই ঝেঁপে এল বৃষ্টি। টিনের চালে ঝুম বৃষ্টির সেই গান যেন ফিরিয়ে নিয়ে গেল গ্রামের কৈশোরে। তবে এই বর্ণনা গ্রামের না। রাজধানীর গুলশান-১-এর ২৬ নম্বর রোডের ৬৯ ঠিকানার বাড়িটির কথা বলছি। কংক্রিটের কাঠামোয় বাঁশ, কাঠ আর টিন দিয়ে তৈরি এই রেস্তোরাঁর নাম পেদা টিং টিং। পাঁচ তরুণের নতুন উদ্যোগ।
বাড়িটির সামনে আসতেই দুই পাশে বৃষ্টিভেজা বড় দুটি কৃষ্ণচূড়া গাছ মাথা নুইয়ে স্বাগত জানাল। এরপর বাঁশের গেট আর মশালের আলো পেরুলেই চোখ জুড়িয়ে যায়। খোলা সিঁড়ি বেয়ে ওপরে আসতেই দেখা মিলবে বাঁশের বেড়া আর টিনের ছাউনিতে খাবার ও আড্ডার ব্যবস্থা। ছাউনির সামনেই উঠোনজুড়ে আছে বসার ব্যবস্থা। বৃষ্টিতে ভিজে সেখানেও কফির পেয়ালা হাতে আড্ডা দিচ্ছেন কেউ কেউ। উদ্যোক্তাদের একজন নাজমুল নাইম উঠোনের এক কোণে ঝুঁকে পড়া একটা কাঁঠালগাছ দেখিয়ে বললেন, ‘আমরা এই জায়গাটার নাম দিয়েছি কাঁঠালতলা।’

রেস্তোরাঁর উদ্যোক্তাদের একজন গাজী তারেক জানালেন, পেদা টিং টিং পার্বত্য অঞ্চল রাঙামাটির একটি জনপ্রিয় রেস্তোরাঁ। তার অনুপ্রেরণাতেই ঢাকাতে এটি খোলা হয়েছে। এখানে নিচতলায় রান্নাবান্না ও গ্যালারি ছাড়াও আলাদা তিনটি স্থান রয়েছে বসার জন্য। ছোটখাটো সম্মেলন, মিটিংয়ের জন্য একটি কক্ষ, আরেক কক্ষে আবার আলাদা আলাদা ঢঙে বসার ব্যবস্থা আছে। গ্যালারিতে সাজানো আদিবাসী শিল্পীদের আঁকা ছবি, এক কোণে তাদের তৈরি পোশাক, গয়না ইত্যাদি। খাবারের পাশাপাশি তাদের জীবনযাপন সম্পর্কেও যাতে ধারণা পাওয়া যায়, সে জন্যই এ আয়োজন বলে জানালেন উদ্যোক্তারা।

অন্দরসজ্জা আর আশপাশ তো দেখাই হলো, এবার খাবারের স্বাদ নিই। বৃষ্টি কমলে কাঁঠালতলায় পাত পাড়লাম আমরা। খাবারের তালিকায় কন্টিনেন্টাল বা বিদেশি নানা পদ থাকলেও বেছে নিলাম পার্বত্য খাবারের কয়েক পদ। চুমাত কুরাহেরা, চুমাত বিফহেরা, ফিশ ক্যাবাং ও কুরা শুতাইয়া। পাহাড়ি স্বাদ শহরে মিলবে তো! নাজমুল নাইম বললেন, ‘আমরা রেস্তোরাঁ চালু করার আগে শেফদের পাহাড়ি রান্নার ওপরে বিশেষ প্রশিক্ষণ দিয়ে এনেছি।’
মসলাদার খাবারের প্রতি যাদের আগ্রহ তাঁরা কুরা শুতাইয়া খেয়ে বেশি মজা পাবেন। খাবার পরিবেশনায় বৈচিত্র্য আনতে মাটি ও বাঁশের তৈজসপত্র ব্যবহার করা হয়। মাছ, মাংস, সবজির নানা পদের ভারী খাবার ছাড়াও পাকোড়া, ফলের রস বা চায়ের পেয়ালা নিয়েও আড্ডা দিতে পারেন এখানে। প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকে এটি। স্বাদবদলে একদিন বসতেই পারেন পেদা টিং টিং-এর গদি পাতা চৌকিতে। সময়টা মন্দ যাবে না।