নতুন গুড়ের পিঠা-পায়েস
নতুন গুড়, নতুন চালের এই তো সময়। পিঠা-পায়েস তো এখনই চাই। দেখুন ফাতিমা আজিজের দেওয়া রেসিপিগুলো।

গুড় ক্ষীরসার দুধ-কুলি
উপকরণ: পোলাওর চালের গুঁড়া ১ কাপ, কোরানো নারকেল আধা কাপ, লবণ ১ চিমটি, কনডেন্সড মিল্ক আধা কাপ, পানি দেড় কাপ বা পরিমাণমতো, দুধ ১ লিটার, খেজুরের গুড় আধা কাপ (কুচি করা) চিনি ২ টেবিল চামচ, এলাচির গুঁড়া সিকি চা-চামচ, জায়ফলের গুঁড়া ১ চিমটি, ঘি ১ চা-চামচ।
প্রণালি: হাঁড়িতে দেড় কাপ পানির সঙ্গে এক চিমটি লবণ ও ঘি দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত পানিতে চালের গুঁড়া দিয়ে কাই করে নিন। তারপর একটি বাটিতে নিয়ে ভালো করে মসৃণভাবে মথে নিয়ে ২০ থেকে ২২টি ভাগ করুন। কাইয়ের প্রতিটি ভাগ হাতের তালুতে নিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে ছোট ছোট রুটির আকৃতি করে নিন। এতে আধা চা-চামচ করে ক্ষীরসা দিয়ে চাঁদের আকৃতির মতো করে মুখ চেপে চেপে বন্ধ করে মুড়ে নিন। এভাবে সব কটি কুলি পিঠা বানিয়ে নিন। হাঁড়িতে দুধ জ্বাল দিয়ে কনডেন্সড মিল্ক ও কুচি করা গুড় দিয়ে নাড়তে থাকুন। ফুটে উঠলে তাতে ক্ষীর কুলি পিঠা, জায়ফলের গুঁড়া ও এলাচির গুঁড়া দিয়ে সাবধানে নেড়ে আঁচ কমিয়ে দিন। এবার হাঁড়ি দুই ধার দিয়ে ধরে ডান থেকে বা দিক এবং বাঁ থেকে ডান দিকে এভাবে কয়েকবার ঘুরিয়ে দিন, যেন পিঠা ও দুধ ভালোভাবে মিশে যায়। ৩ থেকে ৪ মিনিট জ্বাল হওয়ার পর ফুটে উঠলে ১ টেবিল চামচ কোরানো নারকেল তুলে রেখে বাকি নারকেল ছিটিয়ে দিয়ে হাঁড়ি আগের মতো ঘুরিয়ে নিন। নারকেল ও দুধ মিশে গেলে দুই মিনিট পর চুলা বন্ধ করে পরিবেশন পাত্রে ঢেলে তুলে রাখা কোরানো নারকেল ছিটিয়ে পরিবেশন করুন।

গুড়ের ক্ষীর
উপকরণ: দুধ (২ লিটার দুধকে জ্বাল দিয়ে) ৬ কাপ, পোলাওর চাল আধা কাপ, খেজুর গুড় ১ কাপ (কুচি করা), মাওয়া সিকি কাপ ও ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, এলাচি গুঁড়া আধা চা-চামচ, বাদাম ও পেস্তা কুচি ১ টেবিল চামচ।
প্রণালি: চাল ভালো করে ঝেড়ে বেছে ধুয়ে ৩ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখুন। হাত দিয়ে কচলে চাল আধা ভাঙা করে নিন। এবার পানিসহ চাল দুধের সঙ্গে মিশিয়ে চুলায় দিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখবেন, যেন নিচে পোড়া না লাগে। চাল সেদ্ধ হয়ে ক্ষীর হয়ে এলে অনবরত নাড়ুন। কুচি করা গুড় ক্ষীরে দিয়ে মাওয়া দিন এবং অনবরত নাড়ুন। আঁচ কমিয়ে এলাচি গুঁড়া দিয়ে নাড়ুন। ২ থেকে ৩ বার ফুটে উঠলে নামিয়ে বাটিতে ঢেলে নিন। ওপর থেকে ২ টেবিল চামচ মাওয়া ছিটিয়ে তার ওপর বাদাম ও পেস্তা কুচি ছিটিয়ে দিন। ঠান্ডা হলে পরিবেশন করুন। অনেকেই খই ও মুড়ি দিয়ে এই ক্ষীর পরিবেশন করেন।

মিঠা টুকরা
উপকরণ: পাউরুটি (স্যান্ডউইচ ব্রেড) ৭ টুকরা, কুচি করা খেজুর গুড় ১ কাপ, পানি ১ কাপ, ভাজা মৌরি গুঁড়া ১ চা-চামচ, কনডেন্সড মিল্ক আধা কাপ, ক্রিম আধা কাপ, ঘি ভাজার জন্য।
প্রণালি: পানিতে গুড় গুলিয়ে নিয়ে চুলায় জ্বাল দিন। ঘন হয়ে এলে আধা চা-চামচ মৌরি গুঁড়া দিয়ে নাড়ুন। নামিয়ে শিরা ছেঁকে নিন। পাউরুটির চার ধার কেটে কোনাকুনি করে সমানভাবে (ত্রিভুজাকৃতি) দুই টুকরা করুন। প্যানে ঘি গরম করে রুটির টুকরাগুলো মুচমুচে ও লালচে করে ভেজে নিন। নামিয়ে সঙ্গে সঙ্গে শিরায় ডুবিয়ে দিন। ১০ থেকে ১২ সেকেন্ড পর শিরা থেকে উঠিয়ে একটি পাত্রে রাখুন। সব কটি রুটি এভাবে তৈরি হলে পরিবেশন পাত্রে সাজিয়ে নিন। বাটিতে ক্রিম ও কনডেন্সড মিল্ক একত্রে মিশিয়ে ফেটিয়ে নিন। তারপর রুটির ওপর এই মিশ্রণের প্রলেপ ছড়িয়ে দিন। ওপরে বাকি মৌরি গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন।

গুড়ের ক্ষীরসা
উপকরণ: দুধ ২ লিটার, মাওয়া সিকি কাপ ও ১ টেবিল চামচ, খেজুরের গুড় আধা কাপ, চিনি ২ টেবিল চামচ, চালের গুঁড়া ১ টেবিল চামচ, বাদাম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ, ঘি ১ থেকে দেড় চা-চামচ।
প্রণালি: দুধ ঘন ঘন নেড়ে জ্বাল দিয়ে শুকিয়ে অর্ধেক করুন। সিকি কাপ দুধ একটি পাত্রে উঠিয়ে রাখুন। বাকি দুধে অল্প অল্প করে গুড় দিয়ে জ্বাল দিন। তুলে রাখা দুধে চালের গুঁড়া ভালো করে মিশিয়ে গরম দুধে ঢেলে ঘন ঘন নাড়ুন। এতে সিকি কাপ মাওয়া দিয়ে নাড়তে থাকুন, যেন তলায় পোড়া না লাগে। একটি ট্রেতে ঘি মাখিয়ে রাখুন। দুধ শুকিয়ে একেবারে মাখা মাখা হলে ঘি মাখানো ট্রেতে ঢেলে সমান করে দিন। এটি আরেকটি ট্রে দিয়ে ঢেকে রাখুন। ঠান্ডা হলে বাটিতে সাজিয়ে ওপরে বাকি মাওয়া এবং বাদাম ও পেস্তা কুচি ছিটিয়ে পরিবেশন করুন।

এই ক্ষীরসা বায়ুরোধী কনটেইনারে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে বেশ কিছুদিন ভালো থাকবে। ক্ষীরসা খালিও খাওয়া যাবে আবার এটা দিয়ে পাটিসাপটা, ক্ষীরসা দুধ কুলি, মালাই চপসহ নানা ধরনের মিষ্টি ও পিঠা তৈরি করা যায়।
গুড়ের শরবত
উপকরণ: দুধ ১ লিটার জ্বাল দিয়ে, পানি ১ কাপ, ঝোলা গুড় সিকি কাপ, চিনি ৩ টেবিল চামচ, খেজুর কুচি সিকি কাপ, বাদম ও পেস্তা কুচি ২ টেবিল চামচ।
প্রণালি: দুধ জ্বাল দিয়ে ৩ কাপমতো হলে তাতে অন্য সব উপকরণ একত্রে মিশিয়ে নাড়ুন। কয়েকবার ফোটার পর নামিয়ে ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে ব্লেন্ড করে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।