নতুন বছরে মিষ্টিমুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নতুন বছর দোরগোড়ায়। নতুন বছরের সঙ্গে মিষ্টিমুখ শব্দটা দারুণভাবেই যায়। বাড়িতেই তৈরি করা যায় মিষ্টি। আর তা হতে পারে অন্য রকম। সে রকম কিছু রেসিপি দিলেন ফাতিমা আজিজ

মার্কিন তুলুম্বা
মার্কিন তুলুম্বা

মার্কিন তুলুম্বা
উপকরণ: পানি ২ কাপ, মাখন ২ টেবিল চামচ, ডিম ৩টি, ময়দা আড়াই কাপ, সুজি ৩ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ২ টেবিল চামচ, ক্রিম (ইচ্ছা) সাজানোর জন্য, তেল ভাজার জন্য।শিরার জন্য: চিনি ৩ কাপ, পানি ২ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ, জাফরান আধা চা-চামচ।
প্রণালি: প্যান বা হাঁড়িতে পানি গরম করে মাখন দিন। মাখন গলে গেলে ময়দা দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। মিশিয়ে নাড়ুন। নরম ও মসৃণ ডো তৈরি হবে। চুলা থেকে নামিয়ে অন্য একটি বোলে নিয়ে ডো ঠান্ডা হতে দিন। শিরার জন্য অন্য একটি বড় প্যানে পানি নিয়ে মাঝারি আঁচে জ্বাল দিন। পানি ফুটে উঠলে চিনি মিশিয়ে নাড়ুন। জাফরান ও লেবুর রস মিশিয়ে নাড়ুন। চিনি গলে মিশে গেলে চুলা বন্ধ করে দিন। এবারে ডোতে সুজি ও কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মথে নিন। একটি একটি করে ডিম দিয়ে মিশিয়ে আরও কিছুক্ষণ মথে নিন। ডো আরও নরম ও মসৃণ হলে চামচ দিয়ে পাইপিং ব্যাগে ভরে ব্যাগের মুখ পাইপ দিয়ে বন্ধ করুন। আপনার পছন্দমতো পাইপ ব্যবহার করতে পারেন। ডুবো তেলে ভাজার জন্য তেল গরম করুন। তেল হালকা গরম হলে পাইপিং ব্যাগ থেকে ডো আধা থেকে ১‌ ইঞ্চি পরিমাণ কেটে তুলুম্বা ভেজে নিন। পাইপের মুখ থেকে ডো কাঁচি দিয়ে কাটতে হবে। ছুরি ব্যবহার করা যাবে না। সোনালি করে ভাজা হলে আঁচ কমিয়ে তেল ছেঁকে উঠিয়ে সরাসরি শিরাতে ছেড়ে দিতে হবে। ১০ মিনিট পর শিরা থেকে উঠিয়ে পরিবেশনপাত্রে ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ডার্ক চকলেট ফাজ ব্রাউনি
ডার্ক চকলেট ফাজ ব্রাউনি

ডার্ক চকলেট ফাজ ব্রাউনি
উপকরণ ১: ডার্ক চকলেট (৭০ শতাংশ কোকো) ৩০ আউন্স, জলপাইয়ের তেল সিকি কাপ, মাখন বেকিং ট্রেতে ব্রাশ করার জন্য।
প্রণালি: একটি ননস্টিক প্যানে চকলেটগুলো ভাগে ভাগে টুকরা করে জলপাইয়ের তেল মিশিয়ে অল্প আঁচে ২ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে স্প্যাচুলা দিয়ে নেড়ে চকলেটের মিশ্রণ মিশিয়ে নিন। এক পাশে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিন।
উপকরণ ২: ময়দা ১ কাপ (সমান), বেকিং পাউডার সিকি চা-চামচ, লবণ আধা চা-চামচ, কোকো পাউডার সিকি কাপ।
প্রণালি: এই উপকরণগুলো একত্রে মিশিয়ে তারের চালুনি বা স্ট্রেইনার দিয়ে চেলে একটি ওয়াশ পেপারে রাখুন।
উপকরণ ৩: চিনি ১ কাপ, ভ্যানিলা ১ চা-চামচ, আখরোট (আধা ভাঙা) ৩–৪ কাপ, চকলেট চিপস সিকি কাপ, ডিম ৩টা।
প্রণালি: চকলেটের মিশ্রণ হালকা গরম থাকা অবস্থায় চিনি দিয়ে ভালো করে মিশিয়ে স্প্যাচুলা দিয়ে নাড়ুন। ডিম ও ভ্যানিলা এক সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবারে এই মিশ্রণে ময়দা ও কোকো পাউডারের মিশ্রণ ঢেলে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিন। অ্যান্টি ক্লক ওয়াইজ মেশাতে হবে, অর্থাৎ বাম দিক থেকে ডান দিক এবং ডান দিক থেকে বাম দিকে ঘুরিয়ে মিশিয়ে নিন। তারপর এতে চকলেট চিপস, আমন্ড ও ওয়ালনাট (আখরোট) দিন।

উপকরণ ৪: বেকিং ট্রে ৮ ইঞ্চি বাই ৮ ইঞ্চি ১টি, ফয়েল পেপার বেকিং ট্রের জন্য, মাখন গ্রিজ করার জন্য

প্রণালি: ওভেন ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে (৩৫০০ ফা.) প্রি-হিট করুন। ফয়েল পেপারের ওপর বেকিং ট্রে রেখে চারপাশ থেকে সমানভাবে ভাঁজ করে পেপারটি বেকিং ট্রের ভেতরে বিছিয়ে দিন। মাখন ব্রাশ করুন। বাকি অংশটুকু ট্রের চার ধারে বাইরের দিকে মুড়িয়ে দিন। এবারে ব্রাউনির মিশ্রণ এই ট্রেতে ঢেলে এর উপরিভাগ স্প্যাচুলা দিয়ে চেপে চেপে সমান করে প্রি–হিটেড ওভেনে ঠিক ২০ মিনিট বেক করুন। তারপর ট্রে থেকে ফয়েল পেপারসহ বের করে একটি ট্রেতে রেখে ছুরি দিয়ে চারকোনা করে কেটে প্লেটে সাজিয়ে পরিবেশন করুন।

জাফরানি মিল্ক পেয়ারা
জাফরানি মিল্ক পেয়ারা

জাফরানি মিল্ক পেয়ারা
উপকরণ: গুঁড়া দুধ ১ কাপ, কনডেন্সড মিল্ক ২০০ এমএল, মাখন ৫০ গ্রাম, গরম দুধ সিকি কাপ, জাফরান সিকি চা-চামচ, বাদাম ও পেস্তা স্লাইস সাজানোর জন্য।
প্রণালি: গরম দুধে জাফরান দিয়ে ৩-৪ মিনিট পর নেড়ে এক পাশে রাখুন। প্যানে মৃদু আঁচে মাখন গলিয়ে তাতে গুঁড়া দুধ মিশিয়ে নিয়ে কনডেন্সড মিল্ক দিয়ে অনবরত নাড়ুন। দুধে ভিজিয়ে রাখা জাফরান বাদ দিয়ে দুধটুকু ঢেলে নাড়ুন। এই মিশ্রণ দিয়ে মসৃণ ডো তৈরি হলে নামিয়ে স্বাভাবিক তাপমাত্রায় রাখুন। সামান্য হালকা গরম থাকতেই ছোট ছোট বলের মতো কয়েকটি ভাগ করুন। একেকটি ভাগ হাতের তালুতে নিয়ে গোল করে কাবারের মতো চ্যাপ্টা করে সার্ভিং ডিশে সাজিয়ে রাখুন। তারপর প্রতিটি পেয়ারা মিষ্টির ওপর একটি করে বাদাম, পেস্তা স্লাইস ও জাফরানের রেণু দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

ফ্রায়েড মিল্ক বল
ফ্রায়েড মিল্ক বল

ফ্রায়েড মিল্ক বল
উপকরণ: দুধ ১ লিটার, কর্নফ্লাওয়ার ৮০ গ্রাম, চিনি ১৫০ গ্রাম, ডিম ১ থেকে ২টি (প্রয়োজন মতো), দারুচিনি (২ ইঞ্চি) ১টি, লেবুর খোসা ১টি, ময়দা ১ কাপ (পরিমাণ মতো), জাফরান আধা চা-চামচ, চিনি ও দারুচিনিগুঁড়া আধা কাপ ও ২ চা-চামচ, তেল ভাজার জন্য (একসঙ্গে মিশিয়ে নিতে হবে), বাদাম ও পেস্তাকুচি ১ টেবিল চামচ করে।
প্রণালি: একটি গ্লাস বা বাটিতে ২০০ এমএল দুধ আলাদা করে উঠিয়ে রাখুন। বাকি দুধ একটি প্যানে নিয়ে জ্বাল দিন। জ্বাল দেওয়ার সময় দারুচিনি ও লেবুর খোসাসহ জ্বাল দিন। ১৫০ গ্রাম চিনি দিয়ে মিশিয়ে নাড়ুন। ফুটে উঠলে আঁচ কমিয়ে জাফরান দিয়ে আরও ১৫ মিনিট নেড়ে জ্বাল দিন। তারপর আধা টেবিল চামচ করে বাদাম ও পেস্তা দিয়ে নাড়ুন। তবে জাফরান দেওয়ার আগে দারুচিনির টুকরা ও লেবুর খোসা দুধ থেকে উঠিয়ে রেখে জাফরান দিতে হবে। ভালো করে দুধ জ্বাল হলে তুলে রাখা দুধে কর্নফ্লাওয়ার গুলে মিশিয়ে অনবরত নাড়ুন। খেয়াল রাখবেন যেন চাক বেঁধে না যায়। একটি ট্রেতে মাখন ব্রাশ করে নিন। দুধ ঘন হয়ে থকথকে হলে ট্রেতে ঢেলে ছড়িয়ে চামচ বা স্প্যাচুলা দিয়ে ওপরটা সমান করে চেপে দিন। ঠান্ডা হলে ৬ ঘণ্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দিন। ৬ ঘণ্টা পর বের করে কেটে নিয়ে প্রতিটি টুকরা চারপাশসহ ময়দায় গড়িয়ে ডিমে চুবিয়ে ডুবো তেলে মাঝারি আঁচে উভয় পাশ সোনালি করে ভেজে কিচেন তোয়ালে বা পেপার ন্যাপকিনে উঠিয়ে রাখুন। বাড়তি তেল শুষে নেওয়ার জন্য চিনি ও দারুচিনিগুঁড়ার মিশ্রণে গড়িয়ে মনের মতো করে সাজিয়ে পরিবেশন করুন।

কালাকান্দ (কেক ডেমার্ট)
কালাকান্দ (কেক ডেমার্ট)

কালাকান্দ (কেক ডেমার্ট)
উপকরণ: দুধ ১ লিটার, লেবু ১টি (১ টেবিল চামচ পানিতে রস মেশাতে হবে), কনডেন্সড মিল্ক ২০০ গ্রাম, চিনি ৪ টেবিল চামচ (স্বাদমতো), এলাচিগুঁড়া আধা চা-চামচ, গোলাপ জল ১ চা-চামচ, কাঠবাদাম, পেস্তা ও কাজুবাদামের কুচি সিকি কাপ, জাফরান আধা চা-চামচ, মাখন, পরিবেশন করার ট্রে।
প্রণালি: গোলাপ জলে জাফরান ভিজিয়ে রাখুন। প্যানে দুধ জ্বাল দিয়ে ভালো করে ফুটে উঠলে ১ টেবিল চামচ পানি মেশানো লেবুর রস ঢেলে দিন। দুধ ফেটে ছানা ছাড়া শুরু হলে চামচ দিয়ে নাড়ুন। এবারে ছানা পুরোপুরি আলাদা হলে চুলা বন্ধ করে দিন। একটি বোল বা প্যানের ওপরে ছাঁকনি রেখে তার মধ্যে সাদা মসলিন কাপড় ধুয়ে বিছিয়ে দিন। এবারে ছানা ঢেলে দিন যেন পানি ছেঁকে নিয়ে ছাঁকনির নিচে প্যানে ঝরে যায়। পানি এমনভাবে ছাঁকতে হবে যেন কাপড়ে কেবল সলিড ছানাটি থাকে। কাপড় পুঁটলি বেঁধে হাত দিয়ে চেপে চেপে বাড়তি পানি ফেলে দিন। এবারে এই পুঁটলি সরাসরি কলের নিচে ধরুন। পুঁটলির ওপর থেকেই হাত দিয়ে ছানা ভালো করে পানি দিয়ে ধুয়ে নিন যেন ছানাতে কোনো টক স্বাদ না থাকে। এবার কাপড়টি কলের ওপরে বেঁধে ঝুলিয়ে দিন ভেতরের বাড়তি পানি ঝরে যাওয়ার জন্য।

একটি শুকনো প্যানে কনডেন্সড মিল্ক অল্প মাঝারি আঁচে জ্বাল দিন। এবার এই কনডেন্সড মিল্কে তৈরি করা ছানা ঢেলে চামচ বা স্প্যাচুলা দিয়ে ঝুরা করে মিশিয়ে নাড়ুন। অনবরত নাড়ুন। খেয়াল রাখুন যেন পোড়া না লাগে। ৭ থেকে ৮ মিনিট অনবরত নাড়ুন। চিনি দিয়ে মিশিয়ে নাড়ুন। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে আরও চিনি দিতে পারেন। ছানা ও কনডেন্সড মিল্কের মিশ্রণ ঘন হয়ে এলে গোলাপজলে ভেজানো জাফরান দিয়ে নাড়ুন। তারপর এলাচিগুঁড়া দিয়ে নাড়ুন। ছানা পাক ধরে আঠালো হয়ে এলে আড়াই ইঞ্চি পুরো একটি রেক্টাংগেল ডিশে বা ট্রেতে মাখন ব্রাশ করে ছানার মিশ্রণ ঢেলে এর ওপরটা স্প্যাচুলা বা চামচ দিয়ে চেপে সমান করে নিন। এখন এই মিশ্রণে মিক্সড বাদামে সাজিয়ে পুনরায় স্প্যাচুলা দিয়ে চেপে গ্রিস পেপার দিয়ে ৩–৪ ঘণ্টার জন্য রেফ্রিজারেটরে রাখুন। তারপর চারকোনা করে কেটে পরিবেশন করুন মজাদার এই কেক ডেজার্ট কালাকান্দ।