নানা স্বাদ এক রেস্তোরাঁয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার আর অন্দরসাজে বেশ বৈচিত্র্য পাবেন ওয়াটারক্রেসে, ছবি: সুমন ইউসুফ
খাবার আর অন্দরসাজে বেশ বৈচিত্র্য পাবেন ওয়াটারক্রেসে, ছবি: সুমন ইউসুফ

ভাবুন তো একবার, প্রবেশের মুখেই আপনাকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি টেবিল অবধি এগিয়ে নিয়ে গেল। চেয়ারটা আগলে দিয়ে বসতে দিল। তারপর জানতে চাইল কী খাবেন? পুরোপুরি আন্তরিক ও চমকে ওঠার মতো একটা পরিবেশ যদি পাওয়া যায় রেস্তোরাঁয়, তাহলে কেমন হয়? তবে এটাই শেষ কথা নয়, ঢাকার তেজগাঁওয়ের ওয়াটারক্রেস রেস্তোরাঁয় মিলবে আরও কিছু চমক। যেমন টেবিলে বসেই যদি ওপরে কিংবা আশপাশে তাকান, তাহলে দেখা যাবে অসাধারণ অন্দরসাজ। আর জানালার পর্দা ওঠানো থাকলে পুরু কাচ ভেদ করে দেখা যাবে ঢাকা শহরের ব্যস্ততা। অবশ্য পর্দা নামানো থাকলেও সমস্যা নেই। ভেতরের পরিবেশটা মনকাড়া। এবং অবশ্যই উপভোগ্য।
এ তো গেল ওয়াটারক্রেসের ভেতর-বাইরের গল্প। কিন্তু খাবার? এটাও চমৎকার। রেস্তোরাঁর ভাষায় ‘লাইভ কিচেন’-এ খাবার খাওয়ার ব্যবস্থা আছে এখানে, যেখানে সরাসরি দেখা যাবে খাবার প্রস্তুত থেকে শুরু করে আপনার টেবিল অবধি আসার পুরো প্রক্রিয়া।
ওয়াটারক্রেসে কয়েক ধরনের খাবার পাওয়া যায়। এর মধ্যে আছে থাই, চীনা ও কন্টিনেন্টাল ঘরানার সব ধরনের খাবার।
ক্রেতাদের চাহিদার শীর্ষে আছে বিফু লাদে, তিরামিসু, স্টেক, ব্লু মার্গারিটা আর কুলফি শেক। এমনটাই জানালেন প্রধান শেফ সৈয়দ তোজাম্মেল হক।
অবশ্য ওয়াটারক্রেসে বিদেশি গ্রাহকদের ভিড় লেগেই থাকে। আর তাঁরা সবচেয়ে বেশি পছন্দ করেন স্টেক। এমনটাই জানালেন বিপণন প্রধান জিতু আহসান। বললেন, ‘আমাদের এখানে কেউ খেতে এলে ভালো লাগবে, এটা নিশ্চিত করে বলতে পারি।’
এখানে দুপুরে পাওয়া যায় সেট মেন্যু। আশপাশের অফিস কর্মকর্তাদের কাছে সেটা আছে পছন্দের তালিকায়। আর আছে বুফে খাবারের সুযোগ। তবে সেটা নির্দিষ্ট সময়ের মধ্যে।
ওয়াটারক্রেসে আছে থিমভিত্তিক যেকোনো অনুষ্ঠান আয়োজনের সুযোগ। এ ছাড়া আলাদা করে করপোরেট মিটিং করা যায় এখানে। লোটাস, এলিগেন্স ও এলিকোয়েন্স নামে তিনটি আলাদা বসবার জায়গা রয়েছে। তবে চাইলে তিনটিকে একসঙ্গে যুক্ত করে দেওয়া যায়। আর একসঙ্গে বসতে পারেন প্রায় দেড় শ জন অতিথি।
জিতু আহসান জানান, শিক্ষার্থীদের জন্য আছে হ্যাপি আওয়ার। বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত অর্ধেক দামে খাবার উপভোগ করতে পারেন তাঁরা।
তেজগাঁও লিংক রোডের এ রেস্তোরাঁ খোলা থাকে দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত।