নিমন্ত্রণ সবার জন্যই...
খুব ঝাল-মসলাদার ভারী খাবার সবাই খেতে পারেন না। বয়স্ক মানুষও এ ধরনের সমস্যায় পড়েন। তাই বলে নিমন্ত্রণে তাঁরা বাদ যাবেন! মোটেও না। দেখুন সিতারা ফিরদৌসের দেওয়া রেসিপিগুলো।

কোফতা কারি
উপকরণ: চাকা মাংস ১ কেজি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, পোস্তদানা বাটা ১ টেবিল চামচ, গরমমসলা গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, লবণ স্বাদমতো, লেবুর রস ১ টেবিল চামচ, টকদই ৩ টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, কাঁচা মরিচ ২টি, বেরেস্তা ১ টেবিল চামচ।
প্রণালি: মাংসের চর্বি ও পর্দা বাদ দিয়ে পাতলা করে কেটে নিতে হবে। অর্ধেক মাংস ১ চা-চামচ আদা-রসুন বাটা, সামান্য লবণ ও অল্প পানি দিয়ে সেদ্ধ করে শুকিয়ে নিতে হবে। এবার কাঁচা ও সেদ্ধ মাংস বেটে নিয়ে কর্নফ্লাওয়ার, লেবুর রস, আধা চা-চামচ গরমমসলার গুঁড়া, আধা চা-চামচ আদা বাটা ও সামান্য লবণ দিয়ে ভালো করে মাখিয়ে গোল কোফতার আকার করে নিতে হবে। ৩০ মিনিট ফ্রিজারে রেখে বের করে স্টিমারে অথবা পানির হাঁড়ির মুখে ঝাঁঝরি বসিয়ে তার ওপর কোফতাগুলো ভাপ দিয়ে নিতে হবে। প্যানে ১ টেবিল চামচ তেল দিয়ে সব বাটা মসলা ও গুঁড়া মসলা কষিয়ে টকদই, লবণ, টমেটো সস ও ১ কাপ পানি দিতে হবে। ফুটে উঠলে কোফতা দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। ঝোল কমে এলে বেরেস্তা ও কাঁচা মরিচ দিয়ে নামাতে হবে।

মিট পার্ল
উপকরণ: মাংসের মিহি কিমা ১ কাপ, পোলাওয়ের চাল ১ কাপ, লবণ পরিমাণমতো, আদাবাটা সিকি চা-চামচ, গরমমসলার গুঁড়া সিকি চা-চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ অয়েল ১ চা-চামচ।
প্রণালি: চাল ধুয়ে ১ ঘণ্টা ভিজিয়ে রেখে পরে পানি ঝরিয়ে আরও ৩০ মিনিট রাখতে হবে, চালে ১ টেবিল চামচ লেবুর রস, আধা চা-চামচ গোলমরিচ গুঁড়া ও সামান্য লবণ মাখিয়ে রাখতে হবে। বাকি উপকরণ দিয়ে কিমা মাখিয়ে ১০ ভাগ বা পছন্দমতো ভাগ করে গোলাকার করে চালে গড়িয়ে নিতে হবে। স্টিমারে অথবা পানির হাঁড়ির মুখে ঝাঁঝরি বসিয়ে তার ওপর মিট পার্লগুলো ভাপ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।

সবজি-মাংস
উপকরণ: গরুর মাংস চর্বি-পর্দা বাদ দিয়ে পাতলা স্লাইস করে কাটা ২ কাপ, গাজর স্লাইস আধা কাপ, পেঁপে টুকরা আধা কাপ, বরবটি আধা কাপ, ফুলকপি ১ কাপ, ঝিঙে ১ কাপ, বেবিকর্ন ১ কাপ, মাশরুম আধা কাপ (পছন্দমতো সবজি দেওয়া যায়, যেমন: চিচিঙ্গা, ব্রকলি, বাঁধাকপি, পটোল, শসা) পেঁয়াজ পাতা আধা কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, ফিশসস ১ টেবিল চামচ, সয়াসস ১ টেবিল চামচ, কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ, অলিভ অয়েল ২ টেবিল চামচ, সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ পরিমাণমতো, চিনি ১ চা-চামচ, পেঁয়াজ কুচি সিকি কাপ, সিরকা ১ টেবিল চামচ।
প্রণালি: মাংস ফুটন্ত পানিতে সামান্য আদা, রসুন, লবণ দিয়ে সেদ্ধ করে পানি থেকে উঠিয়ে ফেলতে হবে। অলিভ অয়েল গরম করে পেঁয়াজ, আদা, রসুন ভেজে মাংস সয়াসস ও ফিশসস দিয়ে কিছুক্ষণ কষিয়ে গোলমরিচ, লবণ ও পানি দিতে হবে। ঝোল কমে এলে অল্প পানিতে কর্নফ্লাওয়ার গুলিয়ে চিনি, সিরকা মিলিয়ে সবজিতে দিয়ে কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে।

পোলাও
উপকরণ: পোলাওয়ের চাল ২ কাপ, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, টকদই আধা কাপ, বেরেস্তা ৩ টেবিল চামচ, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, তেজপাতা ২টি, লবণ স্বাদমতো, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৪টি, কেওড়া জল পরিমাণমতো, পেস্তা-বাদাম-কিশমিশ ১ টেবিল চামচ।
প্রণালি: চাল ধুয়ে ২০-২৫ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে ৩০ মিনিট রাখতে হবে। তেল গরম করে গরমমসলা ও বাটা মসলা কষিয়ে ৪ কাপ গরম পানি দিয়ে লবণ ও টকদই দিয়ে দিতে হবে। ফুটে উঠলে চাল ও কেওড়া দিয়ে ঢেকে দিতে হবে। মাঝে দুবার নাড়া দিয়ে চুলার জ্বাল কমিয়ে কিছু কাঁচা মরিচ, পেস্তা-বাদাম-কিশমিশ দিয়ে দমে ৫-২০ মিনিট রেখে পরিবেশন পাত্রে ঢেলে নিতে হবে। বাকি পেস্তা-বাদাম-কিশমিশ ও বেরেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে।

কাটা মসলায় মাংস
উপকরণ: গরু বা খাসির মাংস ১ কেজি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন কুঁচি ১ টেবিল চামচ, আদা মিহি কুচি দেড় টেবিল চামচ. বেরেস্তা আধা কাপ, শুকনা মরিচ (৪ টুকরা করে কাটা) ৪টি, গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ, টকদই আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ, তেজপাতা ২টি, দারুচিনি ৪ টুকরা, এলাচি ৪টি, লবঙ্গ ৪টি, আস্ত রসুন কোয়া আধা কাপ, আস্ত পেঁয়াজ আধা কাপ, লবণ স্বাদমতো, সরিষার তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ ৫-৬টি।
প্রণালি: মাংসের চর্বি ও পর্দা বাদ দিয়ে টুকরা করে ধুয়ে ফুটন্ত গরম পানিতে লবণ ও হলুদ দিয়ে কিছুক্ষণ জ্বাল দিয়ে পানি ঝরিয়ে রাখতে হবে। তেল, পেঁয়াজ, রসুন, আদা কুচি, শুকনা মরিচ, গরমমসলা, তেজপাতা, লবণ ও টকদই দিয়ে মাখিয়ে পরিমাণমতো গরম পানি দিয়ে মাংস রান্না করতে হবে। মাংস সেদ্ধ হয়ে ঝোল কমে এলে আস্ত পেঁয়াজ-রসুন, গরমমসলার গুঁড়া, গোলমরিচ গুঁড়া, বেরেস্তা ও আস্ত কাঁচা মরিচ দিয়ে অল্প আঁচে ৩০ মিনিট দমে রাখতে হবে।