নিমন্ত্রণের আয়োজনে
শীত শীত ভাব আসছে, এখনই তো জমবে নিমন্ত্রণ। আয়োজনে রাখতে পারেন নানা রকম ভারী খাবার। এই সময়ে ভালোই লাগবে খেতে। দেখুন ফাতিমা আজিজের রেসিপিগুলো।

কিমার দম বিরিয়ানি
উপকরণ: খাসি বা গরুর পেছনের রানের মাংস (চর্বি এবং হাড়বিহীন) ১ কেজি, বাসমতি চাল ৫০০ গ্রাম, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ চা-চামচ, টক দই আধা কাপ, লবণ আধা টেবিল চামচের একটু বেশি, চিনি ১ চা-চামচ, ঘি ১ কাপ, ঘিয়ে ভেজে নেওয়া বাদাম, পেস্তা, কাজু ও কিশমিশ সিকি কাপ করে, জিরা গুঁড়া আধা টেবিল চামচ, শাহি বিরিয়ানি মসলা আধা টেবিল চামচ, আলু বোখারা ৮টি, চৌকো করে কাটা আলু দেড় কাপ, ক্রিম ৭ টেবিল চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, জাফরান সিকি চামচ, জর্দার রং অথবা হলুদ ফুড কালার এক চিমটি।
প্রণালি: মাংস পাতলা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পাটায় থেঁতলে কিমা করে নিন। ১ চা-চামচ লবণ ও ১ কাপ পানি দিয়ে কিমা সেদ্ধ করে নিন। আলু ধুয়ে ফুডকালার বা জর্দার রং ও সামান্য লবণ মেখে ১ টেবিল চামচ ঘি এবং পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করে নিন। গোলাপজল এবং কেওড়া জলে জাফরান ভিজিয়ে রাখুন। একটি বড় বাটিতে আদা-রসুন বাটা, জিরা গুঁড়া, ১ চা-চামচ লবণ, টক দই, অর্ধেক জাফরান, চিনি এবং শাহি বিরিয়ানি মাসালা দিয়ে ভালো করে মিশিয়ে ফেটে নিয়ে নিন। এটি কিমার সঙ্গে ভালো করে মেখে ৩-৪ ঘণ্টা রেখে দিন।
চাল ধুয়ে ৩০ মিনিট পানিতে ভিজিয়ে রেখে আলতোভাবে আরেক ধোয়া দিয়ে পানি ঝরিয়ে নিন। চুলায় ৪ কাপ ফোটানো পানিতে আধা টেবিল চামচ লবণ মিশিয়ে চাল দিয়ে নাড়ুন। চাল আধা সেদ্ধ হলে ঝাঁঝরিতে ঢেলে পানি ঝরিয়ে নিন। এখান থেকে ১ কাপ অথবা দেড় কাপ পানি আলাদা করে ঢেকে রেখে নিন। অন্য পাত্রে গরম ঘিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে উঠিয়ে রাখুন।
এবার যেই হাঁড়িতে বিরিয়ানি রাঁধবেন, তাতে সিকি কাপ ঘি মেখে প্রথমে আধা কাপ আলু, অর্ধেক কিমার মিশ্রণ মিশিয়ে ওপরে অর্ধেক ভাত বিছিয়ে দিন। এবার ভাতের ওপরে ৪টি আলুবোখারাসহ বেরেস্তা ছিটিয়ে দিন। তারপর ৩ টেবিল চামচ ক্রিম এবং অর্ধেক পরিমাণ ভাজা কাজু, কিশমিশ, বাদাম ও পেস্তা দিয়ে দিন। তার ওপর আবার কিমার মিশ্রণ, আলু ও বাকি সব উপকরণ দিয়ে আরেক স্তর সাজান। এবার পোলাওয়ের পানিটুকু চারদিক থেকে দিয়ে দিন। আরেকটু লবণ এই পানিতে মিশিয়ে নিতে পারেন। সবশেষে বাকি গোলাপ ও কেওড়া জলে ভেজানো জাফরান ওপর থেকে ছিটিয়ে দিন। তারপর ঢেকে কড়া আঁচে চুলায় প্রথমে ১০ মিনিট রান্না করুন। ঢাকনার ওপরে ভারী কিছু চাপা দিয়ে রাখুন যেন ভেতরের বাষ্প বের না হয়। ১০ মিনিট কড়া আঁচে বিরিয়ানি রান্না করার পর আঁচ কমিয়ে ১৫ মিনিট চুলায় রাখুন। চুলা বন্ধ করে ১০-১৫ মিনিট দমে রেখে নামিয়ে রাখুন। এবার ১০ মিনিট পর ঢাকনা খুলে বড় হাতল দিয়ে চাল-মাংস মিশিয়ে দিন। পাত্রে বেড়ে কাবাব, রায়তা, কাটলেট ও বোরহানির সঙ্গে পরিবেশন করুন।
বিরিয়ানি শাহি মশলা: ছোট এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, শাহি জিরা, সাদা গোল মরিচ, শুকনা মরিচ, জায়ফল, জয়ত্রী পরিমাণমতো নিয়ে আলাদা করে টেলে ঠান্ডা হলে একত্রে পাটায় গুঁড়া করে নিন।

শাহি নবাবি কিমা মাসালা
উপকরণ: গরু বা খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম, পেঁয়াজ বেরেস্তা বাটা ৪ টেবিল চামচ, গোটা লবঙ্গ ৪-৫টা, বড় এলাচ (কালো) ১টি, আদার রস ১ চা-চামচ, আধা ভাঙা ধনে গুঁড়া ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, ঘি ৪ টেবিল চামচ, পানি সিকি কাপ, টমেটো বাটা ২ টেবিল চামচ, হৈমন্তী মরিচ বাটা (বড় মুদির দোকানে বা কারওয়ান বাজারে পাওয়া যাবে) ১ চা-চামচ, মাওয়া ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ২ টেবিল চামচ, তরল দুধ ২ টেবিল চামচ, ময়দা আধা চা-চামচ, জায়ফল ও জয়ত্রী গুঁড়া ১ চিমটি করে, লবণ ১ চা-চামচ।
প্রণালি: আধা চা-চামচ লবণ ও পরিমাণমতো পানি দিয়ে কিমা সেদ্ধ করে নিন। ফ্রাইপ্যানে ২ টেবিল চামচ ঘি গরম করে বেরেস্তা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে লবঙ্গ, বড় এলাচ, আদার রস, রসুন বাটা দিয়ে কষিয়ে নিন। সিকি কাপ পানি দিয়ে আরেকটু কষিয়ে ধনে গুঁড়া এবং টমেটো বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এবার সেদ্ধ করা কিমা দিয়ে ভালো করে মিশিয়ে ২-৩ মিনিট রান্না করুন। মরিচ বাটা দিয়ে নেড়ে অল্প আঁচে ঢেকে দিন। তরল দুধের সঙ্গে ময়দা গুলিয়ে নেড়ে নিন, তাতে মাওয়া এবং গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নাড়ুন। এবার লবণ এবং চেরি টমেটো (সাধারণ টমেটো দিলেও চলবে) দিয়ে কিছুক্ষণ রান্না করুন। এবার সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে দিন। কিছুক্ষণ পর ঢাকনা খুলে জায়ফল ও জয়ত্রী গুঁড়া দিয়ে নামানোর আগে চারপাশে বাকি ২ টেবিল চামচ ঘি দিয়ে ঢেকে চুলা বন্ধ করে দিন। পরিবেশন পাত্রে ঢেলে পোলাও, নানরুটি, বাকরখানি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

চাপ ভুনা
উপকরণ: টুকরা করা চাপের মাংস ১ কেজি, টক দই পৌনে এক কাপ, পেঁয়াজ মিহি কুচি ১ কাপ, গোটা এলাচ ৪টি, দারুচিনি ৪ টুকরা, লবঙ্গ ১টি, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ২ চা-চামচ, ধনে গুঁড়া ২ চা-চামচ, জিরা গুঁড়া আধা চা-চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, জায়ফল গুঁড়া সিকি চা-চামচ, জয়ত্রী গুঁড়া এক চিমটি, সরিষা গুঁড়া আধা চা-চামচ, গরম মশলা গুঁড়া আধা চা-চামচ, পেঁপে বাটা ২ টেবিল চামচ, চিনি ১ চা-চামচ, কাঁচা মরিচ বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, টমেটো কেচাপ ২ টেবিল চামচ, সয়াবিন তেল আধা কাপ।
প্রণালি: টুকরো করা চাপের মাংস ধুয়ে পানি ঝরিয়ে পাটায় থেঁতলে নিয়ে একটি পাত্রে রাখুন। অন্য বাটিতে পেঁয়াজ কুচি, লেবুর রস, কেচাপ, তেল, চিনি এবং গোটা গরমমসলা বাদে অন্যান্য উপকরণ একত্রে মিশিয়ে মসৃণ করে ফেটে নিন। চাপের মাংসগুলো এই মিশ্রণে মেখে ৪-৫ ঘণ্টা ফ্রিজে রেখে দিন। এক থেকে দেড় কাপ পানি দিয়ে মাঝারি আঁচে মাংস ঢেকে সেদ্ধ করে নিন। একটি কড়াই বা ফ্রাইপ্যানে তেল গরম করে মাংসগুলো লালচে করে ভেজে উঠিয়ে নিন। এবার একই তেলে গোটা গরমমসলার ফোঁড়ন দিয়ে পেঁয়াজ সোনালি করে ভেজে তাতে ভাজা মাংসগুলো দিয়ে নাড়ুন। আঁচ কমিয়ে টমেটো কেচাপ এবং চিনি দিয়ে কিছুক্ষণ নেড়ে লেবুর রস দিয়ে দিন। কড়াই বা প্যান চারপাশ থেকে ঝাঁকিয়ে মাংসগুলো কেচাপ এবং লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিন। আঁচ কমিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। চুলা বন্ধ করে পাঁচ মিনিট দমে রাখুন। পাত্রে সাজিয়ে পরোটা, নান বা বাকরখানি এবং রায়তার সঙ্গে পরিবেশন করুন।

কলিজার কাঠি কাবাব
উপকরণ: গরু বা খাসির কলিজা ১ কেজি, টক দই বা সিরকা ৪ চা-চামচ, আদার রস ১ চা-চামচ, রসুন বাটা ১ চা-চামচ, গোল মরিচ গুঁড়া ১ চা-চামচ, রেড চিলি ফ্লেক্স বা শুকনা মরিচ আধা গুঁড়া ১ চা-চামচ, লবণ ১ চা-চামচ, ক্যাপসিকাম ১টি, লাল বেল পেপার ১টি, হলুদ বেল পেপার ১টি, পনির (দেড় ইঞ্চি কিউব করে কাটা) প্রতিটি কাঠির জন্য ২টি করে, সয়াবিন তেল ও সরিষার তেল কলিজা এবং কাবাব ভাজার জন্য প্রয়োজনমতো সরিষা গুঁড়া ১ চা-চামচ, কাবাবের জন্য বাঁশের কাঠি (২৪ ঘণ্টা বা সারা রাত পানিতে ভিজিয়ে রাখুন) প্রয়োজন অনুযায়ী।
প্রণালি: কলিজা চৌকো করে কেটে পানিতে ধুয়ে সামান্য লবণ মেখে ৩০ মিনিট রেখে আবার ভালো করে ধুয়ে নিন। এবার পানি ঝরিয়ে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিন। ক্যাপসিকাম এবং বেলপেপার ধুয়ে চৌকো করে কেটে নিন। বাটিতে কাঠি, তেল, পনির, ক্যাপসিকাম এবং বেলপেপার বাদে অন্যান্য উপকরণ একত্রে কলিজার সঙ্গে মিশিয়ে মেখে রেখে দিন ৫-৬ ঘণ্টা অথবা সারা রাত। ফ্রাইপ্যানে সয়াবিন তেল গরম করে মেখে রাখা কলিজাগুলো ভালো করে ঝলসে নিন ৪-৫ মিনিট। নামিয়ে ঠান্ডা করুন। কলিজা মাখানো মসলাতে পনির, ক্যাপসিকাম এবং বেলপেপারের টুকরোগুলো হালকা করে মেখে নিন। এবার একটি করে কাঠি নিয়ে প্রথমে ২ টুকরো ঝলসানো কলিজা, তারপর কিউব করে কাটা পনির, সবুজ, হলুদ এবং লাল বেলপেপার গেঁথে আবার একটি কিউব করে কাটা পনির এবং তার ওপর ২ টুকরো ঝলসানো কলিজা গেঁথে নিয়ে একটি ট্রেতে সাজিয়ে রাখুন। এগুলো ঠান্ডা হয়ে শক্ত না হওয়া পর্যন্ত ডিপ ফ্রিজে রাখুন। কারণ পনির ফ্রিজে না জমালে গ্রিল করার সময় গলে যাবে। গ্রিল প্যানে সরিষার তেল গরম করে ৩টি করে কাবাবসমেত কাঠি ঘুরিয়ে ঘুরিয়ে ২-৩ মিনিট ছেঁকা তেলে ভাজুন। এবার দই-পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন।

মগজ ভুনা
উপকরণ: ধুয়ে বেছে নেওয়া খাসি বা গরুর মগজ আধা কেজি, দারুচিনি ২ টুকরা, এলাচ ২টি, লবঙ্গ ১টি,
তেজপাতা ১টি, পেঁয়াজ কুচি আধা কাপ, তেল সিকি কাপ, আদা বাটা ২ চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, জিরা বাটা আধা চা-চামচ, টমেটো বাটা সিকি কাপ, গোলমরিচ গুঁড়া সিকি চা-চামচ, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, ধনে গুঁড়া আধা চা-চামচ, লবণ আধা চা-চামচ, চিনি আধা চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, কাঁচা মরিচ ফালি ৪টি, গরমমসলা গুঁড়া আধা চা-চামচ।
প্রণালি: মগজ আরও একবার ধুয়ে চৌকো করে কেটে নিন। প্যানে তেল গরম করে তেজপাতা এবং গরমমসলার ফোঁড়ন দিন। পেঁয়াজ সোনালি করে ভেজে গরম মসলা গুঁড়া, লেবুর রস, চিনি এবং কাঁচামরিচ বাদে অন্যান্য উপকরণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে আধা কাপ পানি দিয়ে আরও ৫-৭ মিনিট কষিয়ে নিন। মগজ দিয়ে হাল্কা নেড়ে আঁচ কমিয়ে সিকি কাপ পানি দিয়ে ঢেকে রান্না করুন। পানি শুকিয়ে এলে লবণ দিয়ে নাড়ুন। ২-১ মিনিট পর গরমমসলার গুঁড়া দিয়ে হাল্কা নেড়ে একেবারে মৃদু আঁচে ৮-১০ মিনিট রান্না করুন। লেবুর রস দিয়ে ৩-৪ মিনিট দমে রেখে ভুনা ভুনা হলে নামিয়ে পরিবেশন করুন।

মগজ কাটলেট
উপকরণ: সেদ্ধ করা মগজ আধা কেজি, ঘন দুধ আধা কাপ, পাউরুটি ৩ টুকরা, ডিমের সাদা অংশ ১টি, লাল মরিচ গুঁড়া আধা চা-চামচ, জয়ত্রী গুঁড়া এক চিমটি, দারুচিনি গুঁড়া এক চিমটি, সাদা গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, আদার রস ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি ২ চা-চামচ, পুদিনা পাতা কুচি ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, লেবুর রস ১ চা-চামচ, ঘি ২ টেবিল চামচ, সয়াবিন তেল ১ কাপ।
প্রণালি: সেদ্ধ করা মগজ ভালো করে চটকে নিন। রুটির টুকরো হাত দিয়ে ঝুরি করে ঘন দুধের সঙ্গে মসৃণ করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। তেল ও ঘি বাদে বাকি সব উপকরণ একত্রে ভালো করে মিশিয়ে মেখে নিন। কয়েকটি ভাগ করুন। প্রতিটি কাটলেট বানানোর সময় দুই হাতের তালুতে ঘি মেখে একটি করে ভাগ নিয়ে গোল করে কাটলেটে আকৃতিতে বানিয়ে একটি ট্রেতে সাজিয়ে রাখুন। ডুবো তেলে লালচে করে ভেজে তেল ছেঁকে উঠিয়ে প্রথমে টিস্যু পেপারে রাখুন। তেল শুঁষে নিলে পরিবেশন ডিশে সাজিয়ে পোলাও বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করুন।