নেপালে রসনাভ্রমণ
মানুষ হিসেবে নিজের অস্তিত্বকে তুচ্ছ করে তোলা আকাশছোঁয়া পাহাড়, সতেজ সবুজ বনানী, চড়াই-উতরাই পাহাড়ি পথ, খরস্রোতা পাহাড়ি নদী, উপত্যকার জীবন, সব মিলিয়ে নেপাল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, খরস্রোতা পাহাড়ি নদীর স্রোতের গুঞ্জরনের মতো গুঞ্জন শোনা যায়, সে দেশে সবাই নাকি শুধু মোমো বা থুকপা অথবা ডাল-ভাত-তরকারী খায়! এর বাইরে নেপালে খাওয়ার এমন কিইবা আছে! এমনকি নেপালের রাস্তায় চলতে গেলে প্রায়শই ‘ডাল ভাত পাওয়ার টোয়েন্টিফোর আওয়ার’ এই স্লোগান চোখে পড়ে।
পুরো নেপাল জুড়েই ডালভাত, তরকারী প্রধান খাবার হিসেবে গ্রহণ করা হয়। এতে সাধারণত গরম ভাতের ওপর মসলা ও ঘি দিয়ে রান্না করা মসুর ডাল পরিবেশন করা হয়। অনেক সময় সবজি তরকারী পরিবেশিত হয় যা নেপালে ‘তরকারী’ নামেই পরিচিত।
এই সব নানা প্রেক্ষাপট মিলেই নেপালের খাবার নিয়ে অনেকের মধ্যে একটা মিশ্র ধারণা আছে। আসলে নেপালি রন্ধনশৈলী ঐতিহ্য এবং স্বাদের চমৎকার এক সংমিশ্রণ। যেকোনো নেপালি পরিবারের সঙ্গে মিশলেই বোঝা যায়, তাঁদের বিভিন্ন আচার-অনুষ্ঠানের সঙ্গে বৈচিত্র্যপূর্ণ খাবারের সমাহার রয়েছে। রোমাঞ্চকর ভ্রমণের সঙ্গে সঙ্গে নেপালে হতে পারে রোমাঞ্চকর রসনাভ্রমণও।
নেপালি রন্ধনশৈলীর ওপর সরাসরি চীন, তিব্বত ও ভারতের প্রভাব বেশ ভালোভাবেই টের পাওয়া যায়। এর পাশাপাশি নেপালি রন্ধনশৈলী নেপালের সাংস্কৃতিক বৈচিত্র্য ও ভৌগোলিক অবস্থানের কারণে নৃতাত্ত্বিক, মাটি এবং আবহাওয়ার ওপর বিভিন্নভাবে নির্ভর করে। আবার গোত্রভেদে খাবারের জনপ্রিয়তাও লক্ষ্যে করার মতো। যেমন, স্থানীয় জনগণের মাঝে নেওয়ারদের নেওয়ারী থাকালী থালি ভীষণ জনপ্রিয়।
পুরো নেপাল জুড়েই ডালভাত, তরকারী প্রধান খাবার হিসেবে গ্রহণ করা হয়। এতে সাধারণত গরম ভাতের ওপর মসলা ও ঘি দিয়ে রান্না করা মসুর ডাল পরিবেশন করা হয়। অনেক সময় সবজি তরকারী পরিবেশিত হয় যা নেপালে ‘তরকারী’ নামেই পরিচিত। আবার পাহাড়ি অঞ্চলের কৃষির ওপর ভিত্তি করে থুকপা, সুকুটি, পেকওয়া জনপ্রিয় খাবার। নেপালের খাবারে অন্য সব দেশের মতোই আঞ্চলিক বৈশিষ্ট্য লক্ষণীয়।
সাধারণত নেপালে সকালের নাশতা খাবার সময় ৬-৭টা, দুপুরের খাবার সময় ১১-১২টা, হালকা খাবার খাওয়ার সময় ২-৩টা এবং রাতের খাবার সময় ৬-৮টা। নেপালিরা খাওয়ার ব্যাপারে বেশ সময়ানুবর্তিতা মেনে চলেন। এমনকি এই শৃঙ্খলাবোধ তাঁদের অধিকাংশের ব্যক্তিজীবনে পাওয়া যায়। মজার ব্যাপার, সন্ধ্যারাতে ডিনারের পর এক বাড়ির শব্দ আরেক বাড়িতে শোনা যায় না। কারণ, নিজ বাসায় সবাই চেষ্টা করে আস্তে কথা বলার জন্য, যাতে প্রতিবেশী ন্যূনতম বিরক্তবোধ না করে। যা হোক, নেপালিদের প্রতিদিনের খাদ্যতালিকা ও নানা উৎসবে দারুণ দারুণ সব মজাদার খাবার রয়েছে। চলুন জেনে নিই নেপালের কিছু ঐতিহ্যবাহী ও দৈনন্দিন খাবার সম্পর্কে।
নেপালিরা খাওয়ার ব্যাপারে বেশ সময়ানুবর্তিতা মেনে চলেন। এমনকি এই শৃঙ্খলাবোধ তাঁদের অধিকাংশের ব্যক্তিজীবনে পাওয়া যায়। মজার ব্যাপার, সন্ধ্যারাতে ডিনারের পর এক বাড়ির শব্দ আরেক বাড়িতে শোনা যায় না।
ঢিড়ো/ঢেড়ো:
একসময় নেপালের বিভিন্ন অংশের সাধারণ মানুষের মধ্যে ভুট্টা, গমের আটা, লবণ ও গরম পানি দিয়ে সেদ্ধ করে গোল গোল মণ্ড বানিয়ে ডাল বা তরকারীর ঝোল দিয়ে খাওয়ার প্রচলন ছিল। এ খাবারটি বেশ ভালো শক্তির উৎস ছিল। কালের পরিক্রমায় নেপালের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত মানুষ এই খাবারকে ঐতিহ্যের অংশ হিসেবে এখন প্রধান খাবার হিসেবে বিবেচনা করে নিয়মিতই খায়।
নেপালি যেকোনো রেস্টুরেন্টে গেলেই এটা হরহামেশা ডাল-ভাত-তরকারীর মতোই পাওয়া যাবে। পুষ্টিগত সুবিধা চিন্তা করে এবং ঐতিহ্যকে ধরে রাখার জন্যই কিন্তু এটা নেপালের সব শ্রেণিই বেশ আগ্রহ নিয়ে খায়। মজার বিষয়, এই খাবার যে একসময় শুধু নিম্ন আয়ের মানুষেরাই খেত এটা প্রকাশ করতে কারও মাঝে কোনো লজ্জা নেই। বরং সবাই গৌরব নিয়েই ঐতিহ্যবাহী এ খাবারটিকে সব জায়গায় তুলে ধরে। বর্তমানে ঢিড়ো রান্নায় কিছু পরিবর্তন হয়েছে। এখন এতে ঘি বা ডালডা দেওয়া হয়। ঘি দেওয়া ডালের পাশাপাশি মুরগির স্যুপ বা ঝোল, সবজি, শিম বা বাদামের বিচি, টক আচার, বুটের ডাল ও আলু ঘন্ট দিয়েও পরিবেশন করা হয়।
নেওয়ারীদের বিখ্যাত থাকালী থালি—ইয়োমারি, চাটামারি ও ছইলা:
নেওয়ারীদের ঐতিহ্যবাহী থাকালী খানা পুরো নেপাল জুড়েই জনপ্রিয় একটা থালি। এখানে ভাত, রুটি, পাঁপড়ের সঙ্গে ঘি-ডাল, মুলা ভাজি, সরিষা শাক ভাজি, মুরগির ঝোল, ঝাল আচার, পনির, চাকা চাকা করে কাটা পেঁয়াজ, শসা, গাজরসহ পরিবেশন করা হয়।
নভেম্বর-ডিসেম্বর মাসে পূর্ণ চাঁদের মায়াময় আলোয় রাতভর নেওয়ারীদের ‘ইয়োমারি পুন্নি’ উৎসব হয়। নেওয়ারী পরিবারের মেয়ে ছেলে সবাই উৎসবের জন্য কয়েক দিন ধরে প্রস্তুতি নেয়। এই উৎসবের অন্যতম আয়োজন নেচেগেয়ে ইয়োমারি খাওয়া ও চাঁদের বন্দনা করা।
ইয়োমারি একধরনের ভাপা পিঠা। যেখানে চালের গুঁড়ো সেদ্ধ করে ডো-এর মতো করা হয় এবং নানা আকৃতি দিয়ে ভেতরে তিল, নারিকেল, গুড়, দুধ, ঘি এবং আটা দিয়ে তৈরি ধেড়ো বা মোলাসের একটা পুর দেওয়া হয়। এরপর এগুলোকে ভাপিয়ে খাওয়া হয়। ইয়োমারি শুধুমাত্র মিষ্টি ধরনেরই হয় না। বরং মুরগি, বিভিন্ন ধরনের সবজি এবং মহিষের মাংসের কিমা দিয়েও এটি তৈরি করা হয়।
নেওয়ারীদের বিখ্যাত থাকালী খানার বাইরে আরেকটি জনপ্রিয় স্ন্যাক্স (খাজা) হল ‘চাটামারি’। অভিজাত নেওয়ার পরিবারে এটা প্রায়ই খাওয়া হয়। নানা ধরনের ঐতিহ্যবাহী টপিংস ব্যবহার করা হয় এতে। প্রচুর সুগন্ধি হার্বস, ইয়াক চিজ, মুরগির কিমা এবং ডিম থাকে এ খাবারে। এটি পিৎজার মতো দেখতে একটি খাবার এবং এর বেস তৈরি করা হয় চালের আটা দিয়ে।
ছইলা নামের ঐতিহ্যবাহী নেওয়ারী খাবারটি সাধারণত মহিষের মাংস দিয়ে তৈরি করা হয়। তবে ছাগল আর হাঁসের মাংস দিয়েও এটি তৈরি করা হয়। চূড়া নামের একধরনের চালের তৈরি খাবারের সঙ্গে এটি খাওয়া হয়। নেপালি উৎসবের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ খাবার।
সেল ও মাখন রোটি:
মুচমুচে মিষ্টি স্বাদের সেল রোটি দেখতে অনেকটা ডোনাট ও ব্যাগেলের মতো। নেপালের অন্যতম উপভোগ্য এ খাবারটি তিহার ও দাসিয়ানদের ধর্মীয় উৎসবে তৈরি করা হয়। ময়দার তৈরি এই ডোনাটের মতো গোল আকারের সেল রোটি কড়া করে ভাজা হয়। ফলে বাইরের আবরণ হয় একবারেই মুচমুচে আর ভেতরটা হয় বেশ নরম। আর মাখান রোটিতে শুধু আলাদা করে মাখনের মোটা পুর দেওয়া হয়। এই রুটিগুলো সাধারণত সকালের নাশতায় খাওয়া হয়। এর সঙ্গে পরিবেশন করা হয় দইয়ের তৈরি একধরনের সস ও সবজি। এ ছাড়া মুরগি বা খাসির মাংস দিয়েও অনেকে এই রুটি খেয়ে থাকে।
মোমো ও থুকপা:
নেপালি মসলা দিয়ে তৈরি তিব্বতীয় খাবার মোমো নেপালের অন্যতম জনপ্রিয় খাবার। প্রথম দিকে এর মধ্যে মহিষের মাংসের পুর দেওয়া হতো। তবে বর্তমানে ছাগল, মুরগির পাশাপাশি শাকসবজির পুরও দেওয়া হয়। তিহারের মতো উৎসবের সময়ে সেল রোটি এবং মোমো খাওয়া হয়।
চীনা নুডলসের তৈরি খাবার থেকে প্রভাবিত নেপালি থুকপা মাংস আর সবজি দিয়ে তৈরি করা হয়। কাঠমান্ডু এবং এর আশপাশের পাহাড়ি অঞ্চলে শীতের সময়ে থুকপা তৈরি করা হয়।
ডাল-ভাত-তরকারী:
নেপালি ডাল-ভাত খেয়ে যেকেউ অনুধাবন করতে পারবে, কীভাবে খুব সহজ কিছু রান্নাও অতি সুস্বাদু করা যায়।
নেপালের প্রধান খাবার ডাল-ভাত। ডাল-ভাতের সঙ্গে আরও কিছু ভাজি আর তরকারীও পরিবেশন করা হয়। এটি নেপালের দুপুর এবং রাতের খাবার। নেপালি ডাল-ভাত খেয়ে যেকেউ অনুধাবন করতে পারবে, কীভাবে খুব সহজ কিছু রান্নাও অতি সুস্বাদু করা যায়।
অনেক সময় মাংস, আচার ও দইও ডাল-ভাতের সঙ্গে পরিবেশন করা হয়। নেপালের বিভিন্ন অঞ্চলে ডাল-ভাতের নানা বৈচিত্র্য রয়েছে। বিভিন্ন অঞ্চলের ডাল-ভাত আপনাকে বিচিত্র স্বাদের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।
গুন্দ্রুক:
নেপালের আরেকটি বেশ জনপ্রিয় খাবার হলো গুন্দ্রুক। নেপালি কিছু টক জাতীয় সবুজ পাতা দিয়ে এ খাবার তৈরি করা হয়। গুন্দ্রুক রান্নার জন্য সরিষা, মুলা ও ফুলকপির সঙ্গে এসব পাতা একটি মাটির পাত্রে এক বা দুই দিন রেখে দেওয়া হয়। এতে করে সবুজ পাতাগুলোর টক ভাব চলে যায়। এরপর গুন্দ্রুক তৈরি করা হয়।
তংবা:
নেপাল ভ্রমণে যে পানীয়টি পান না করলে ট্যুরটি পরিপূর্ণ হবে না তার নাম তংবা। ভুট্টা দিয়ে তৈরি এই পানীয়টি নেপালের পূর্বাঞ্চলীয় লিম্বু জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী পানীয়। স্থানীয় এই পানীয়টি বাঁশের মগে পরিবেশন করা হয়। সঙ্গে থাকে বাঁশের তৈরি একটি স্ট্র। তীব্র শীতে পান করার জন্য নেপালিদের কাছে তংবার কোনো বিকল্প নেই।
এ খাবারগুলো ছাড়াও রয়েছে থারু সম্প্রদায়ের আন্দিক জার, ঢীক্রি, আসালা মাছ ভাজি, সুকুটি ও পেকওয়া নামের খাবার। নিজেদের খাদ্যরুচির কারণে নেপালের বিভিন্ন সম্প্রদায়ের এ খাবারগুলোর সব যে আপনার ভালো লাগবে, সেটা বলা যায় না। তবে যারা খাবারদাবার নিয়ে অনেক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করতে আগ্রহী, তারা নেপাল ভ্রমণে গিয়ে খাবারদাবার নিয়েও একটা দারুণ চমকপ্রদ ভ্রমণ সেরে আসতে পারেন।