
কবে থেকে এ নিয়ম চালু তা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নিজেও জানেন না। তবে ব্যাপারটি যে দারুণ আনন্দের, সেটি বললেন বেশ মজা করেই। ‘ঈদের দিন সকালে আম্মু নিজের হাতে চটপটি আর ফুচকা বানান। আমাদের ঈদের সকাল শুরু হয় চটপটি-ফুচকা খেয়ে। এই নিয়ম কত দিন ধরে চলছে, আমার মনে নেই,’ ঈদের প্রসঙ্গ আসতে এভাবেই বললেন এই অভিনেত্রী।
ঢাকার ধানমন্ডিতে তাঁর বাসায় কথা হলো ঈদের আনন্দ নিয়ে। সেখানেই বলেন প্রতিবছরের ঈদ পালনের গল্প। বলেন, ‘আমি প্রতি ঈদেই পুরান ঢাকায় যাই। সেখানে আমার মামাদের বাড়ি। অনেক আত্মীয়স্বজনও আছেন। সেখানে গেলে সবাইকে সালাম করি। সেদিন কমপক্ষে ২৫ থেকে ৩০ হাজার টাকা সেলামি পাই। আর ঢাকার রাস্তাঘাট যেহেতু ফাঁকা থাকে, তাই সেদিন সবাই মিলে ঘুরতে বের হই।’
তারকারা যখন ঈদের ছুটিতে ঘুমানোর আয়োজন করেন, তখন ভাবনা ঘুরতে বেরোন ‘অন্য রকম’ভাবে। কেমন সেটা? গত ঈদের কথাই বলা যাক। ওই দিন ঘোড়ার গাড়ি ভাড়া করেছিলেন ভাবনা। পরিবারসহ সবাই মিলে পুরো ঢাকা শহর ঘুরে বেড়িয়েছেন। এবারও সে রকম একটা ইচ্ছা আছে। সেটা জানিয়ে বললেন, ‘এবার একটা আলাদা ধরনের পরিকল্পনা আছে। যদি সেটা করতে পারি, তাহলে বলব।’
ঘোরাঘুরিই শেষ নয়, ঈদের দিন মাঝেমধ্যে পছন্দের খাবার রাঁধতে বসেন তিনি। যার কয়েকটি এবার শেয়ার করেছেন ‘বর্ণিল ঈদ’-এর পাঠকদের জন্য। চাইলে ভাবনার রেসিপির মতো পাঠকেরাও চেষ্টা করতে পারেন।
ঈদের দিনের খাওয়াদাওয়ার বেলায় বেশ সচেতন থাকেন ভাবনা। এমন কিছু খান না, যেটা শরীরে সমস্যা করতে পারে। তাই বলে খাওয়া থেকে দূরে থাকেন না এই তারকা। যেমন ঈদের দিন দুপুরে মায়ের হাতের খিচুড়ি খেতেই হবে। আর সেমাই। আর ছোট বোন রান্না করেন দু-একটি বিশেষ পদ। সেটাও খুব পছন্দ ভাবনার।
মা-বাবা-বোন খুব কাছের একজনকে নিয়ে কাটিয়ে দিন ঈদের দিন।

লেমন মিন্ট ড্রিংক
উপকরণ
লেবু অর্ধেকটা, পুদিনাপাতা ৪-৫টা, বরফকুচি ২ কিউব, স্প্রাইট ২০০ মিলিলিটার ও চিনি স্বাদমতো।
প্রণালি
সবকিছু একসঙ্গে ব্লেন্ড করে নিতে হবে। তারপর পরিবেশন করতে হবে।

সরিষা চিংড়ি
উপকরণ
চিংড়ি ১ কেজি, তেল ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, সরিষাবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি দেড় শ গ্রাম ও মরিচ ৪-৫টি।
প্রণালি
পেঁয়াজকুচি ও চিংড়ি লবণ দিয়ে ভাজতে হবে। এরপর সরিষাবাটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর ওপরে কাঁচা মরিচ দিতে হবে এবং কিছুক্ষণ নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে।

গরুর চাপ
উপকরণ
মাংস চাপ ১ কেজি, পেঁয়াজবাটা দেড় শ গ্রাম, গরম মসলাবাটা ১ চা-চামচ, আদা ও রসুনবাটা ১ টেবিল চামচ করে, ধনেগুঁড়া ১ টেবিল চামচ, সিরকা ১ চা-চামচ, ১টা লেবুর রস চিপে নেওয়া ও জলপাই তেল এক শ-দেড় শ মিলিলিটার।
প্রণালি
প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে তাতে সব মসলা দিয়ে মাখিয়ে সেদ্ধ করতে হবে। তারপর সেদ্ধ মাংসগুলোকে ফ্রাইপ্যানে জলপাই তেল দিয়ে ভাজতে হবে এবং বাকি মসলা ভাজা মাংসের ওপর দিতে হবে।

কাস্টার্ড সস
উপকরণ
ঘন দুধ ১ লিটার, চিনি ১ কাপ, ডিম ২টি, কাস্টার্ড পাউডার ২ টেবিল চামচ।
প্রণালি
ঠান্ডা দুধে সব উপকরণ মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে এবং অনবরত নাড়তে হবে। কাস্টার্ড সস ঘন হলে নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রাখতে হবে। যেকোনো মিষ্টি ফল ২ কাপ (কলা, পেঁপে, আপেল, আনার)। কিশমিশকুচি ১ টেবিল চামচ, পরিবেশনের সময় ফল ও বাদামকুচি দিয়ে সাজিয়ে পরিবেশন করা যায়।

চকলেট কাপকেক
উপকরণ
৩টা ডিম, ১০০ গ্রাম মাখন, ময়দা এক কাপের তিন ভাগের এক ভাগ, চিনি এক কাপের তিন ভাগের এক ভাগ ও ডার্ক চকলেট ১০০ গ্রাম।
প্রণালি
মাখন ও ডার্ক চকলেট ওভেনে ১ মিনিট রেখে গলিয়ে নিতে হবে। এবার গলানো মিশ্রণে চিনি ও ময়দা দিয়ে ভালোমতো মেশাতে হবে। তারপর তাতে ডিমগুলো দিয়ে ভালোভাবে মেশাতে হবে। এবার ট্রেতে দিয়ে মাইক্রোওয়েভ ওভেনে ৫ মিনিট রাখতে হবে। নামিয়ে ঠান্ডা করে আইসক্রিম পাশে দিয়ে পরিবেশন করতে পারেন।