পরিবেশনে রুচির ছোঁয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খাবার টেবিলে প্ল্যাটারের ব্যবহার আনবে নতুনত্ব। কৃতজ্ঞতা: সাতুরি, ছবি: নকশা
খাবার টেবিলে প্ল্যাটারের ব্যবহার আনবে নতুনত্ব। কৃতজ্ঞতা: সাতুরি, ছবি: নকশা

বাটি কিংবা বড় থালায় খাবার বাড়া হয়েছে। ব্যস, পরিবেশনের কাজ শেষ। নিজেদের খাওয়ার সময় বা অতিথি আপ্যায়নে এই তত্ত্ব এখন আর খাটে না। বরং খাবার পরিবেশনও এখন গুরুত্বপূর্ণ। কতটা নান্দনিকভাবে খাবার পরিবেশন করছেন, টেবিলে সেটা বড় ব্যাপার। এতে আপনার রুচিবোধ বোঝা যাবে। ঈদের মতো উৎসবে অতিথি আপ্যায়নে খাবার পরিবেশনে নতুন মাত্রা আনতে পারেন। খাবার পরিবেশনে ব্যবহৃত থালা-বাটি, টেবিল ক্লথ, ম্যাট সবকিছু মিলেই যেন টেবিল সেজে ওঠে উৎসবের আমেজে।
ঈদ উপলক্ষে টেবিলের আনুষঙ্গিক উপকরণগুলো (টেবিল ম্যাট, রানার, ন্যাপকিন) পরিবর্তন করা যায়—জানান স্থাপত্যবিষয়ক প্রতিষ্ঠান মেটামরফিকের স্থপতি ফারাহ মৌমিতা। তিনি বলেন, খাবার ঘর এবং জানালার পর্দার সঙ্গে মিলিয়ে এগুলো কেনা উচিত। সেই সঙ্গে দেয়ালে খাবার ঘরের উপযোগী ওয়ালম্যাট রাখা যেতে পারে। টেবিলটি যেহেতু খাবার জায়গা, তাই টেবিলের ওপর খুব বেশি বাড়তি জিনিস না রাখাই ভালো। একটি ফুলদানিতে কিছু তাজা ফুল বা ইনডোর প্ল্যান্ট রাখা যেতে পারে অথবা দু-একটি মোমবাতি থাকতে পারে। সাদামাটাভাবে সাজানো পরিষ্কার ঝকঝকে খাবার টেবিলেই খেতে আরাম পাওয়া যাবে। আবার চোখের আরামটাও হবে।

উৎসবের আমেজ আর আভিজাত্য আনা যায় একসঙ্গেই
উৎসবের আমেজ আর আভিজাত্য আনা যায় একসঙ্গেই

গার্হস্থ্য অর্থনীতি কলেজের সম্পদ ব্যবস্থাপনা ও এন্ট্রাপ্রেনিউরশিপ বিভাগের প্রভাষক তাসমিয়া জান্নাত বলেন, ঈদে বসার ঘর এবং খাবার ঘরে অতিথি সমাগম বেশি হয়। তাই এই দুটি ঘর আকর্ষণীয় করে তোলা উচিত। ঈদ উপলক্ষে অনেক কিছুই কেনাকাটা করা হয়। এ সময় চামচ, ছুরি, পানির জগ পুরোনো হয়ে থাকলে নতুন কেনা যেতে পারে। খাবার টেবিলে মূল আকর্ষণ হিসেবে ফুলদানিতে কৃত্রিম লেটুস বা ধনেপাতাজাতীয় গাছ রাখা যেতে পারে। এ ছাড়া প্রভাষক তাসমিয়া জান্নাত খাবার টেবিলের আরও কিছু বিষয়ে খেয়াল রাখা প্রয়োজন বলে জানান—
* খাবার টেবিলটি পরিষ্কার থাকা খুবই জরুরি।
* হাতের কাছেই টিস্যু বা ন্যাপকিন রাখতে হবে।
* খাবার অনুযায়ী লবণ, সস, গোলমরিচগুঁড়া সামনে রাখতে হবে।
* খাবারের ধরন অনুযায়ী বাটি বা পিরিচের ব্যবস্থা করা উচিত। যেমন পায়েস, সেমাইয়ের জন্য যে ধরনের বাটি ব্যবহার করা হয়, সে বাটিতে পাস্তা কিংবা চটপটি না দেওয়াই ভালো। সেই সঙ্গে চামচের দিকেও লক্ষ রাখতে হবে।
* যেকোনো এক ডিজাইন বা একই উপকরণ দ্বারা তৈরি তৈজসপত্র ব্যবহার করলে ভালো দেখাবে। একটি বাটি স্বচ্ছ কাচের আর একটি পাইরেক্সের—এ রকম হলে দৃষ্টিকটু হবে।
* খাবার পরিবেশনের ক্ষেত্রে টেবিল ব্যানারগুলো মেনে চলা উচিত।
* খাবার টেবিলে ঝাল, মিষ্টি সব খাবার একসঙ্গে পরিবেশন না করে মিষ্টি বা ফল ট্রলি বা অন্য টেবিলে রাখার ব্যবস্থা করা যেতে পারে।
* যেহেতু ঈদের দিন অনেক রান্না হয়, তাই ভাজাপোড়া গন্ধ যেন খাবার ঘরে না থাকে, সে বিষয়ে লক্ষ রাখতে হবে।
আজকাল বাজারে বিভিন্ন ধরনের ক্রোকারিজ পাওয়া যায়। বিভিন্ন আকার ও মাপের বাটি, নানা ধরনের পরিবেশন পাত্র, প্লেটগুলো সিরামিক বা গ্লাসের তৈরি হতে পারে। আপনি কী পরিবেশন করবেন, সে অনুযায়ী আপনাকে পছন্দ করতে হবে। মাছের আকৃতির ডিশে মাছ আবার কেক বা পুডিং রাখার জন্য স্বচ্ছ ঢাকনাসহ প্লেটও কিনতে পাওয়া যায়। এ ছাড়া দু-তিন ধাপের সার্ভিং ডিশ পাওয়া যায়। এর প্রতিটি ধাপে আপনি আলাদা করে ফল, মাফিন বা মিষ্টি পরিবেশন করতে পারেন। পানীয় পরিবেশনের জন্য ছোট বা লম্বা অথবা বিভিন্ন ডিজাইনের ওয়াইন গ্লাস তো রয়েছেই।

অল্প কিছু রদবদলেই টেবিল সাজে উৎসবের আমেজ আনা যায়। পাশ্চাত্যে খাবার পরিবেশনায় প্ল্যাটারের (খাবারের মূল থালার নিচে আরেকটা থালা রাখা) ব্যবহার বেশ জনপ্রিয়। তাই প্ল্যাটারের ব্যবহারে টেবিলে নতুনত্ব আনতে পারেন বলে জানালেন সাতুরির শাখা ব্যবস্থাপক রোকনুজ্জামান। সাতুরিতে ডেজার্ট পরিবেশনার জন্য বিভিন্ন ব্যতিক্রমী ডেজার্ট বোল পাওয়া যাবে। নগরদোলা, মোমদানি আকৃতির এসব বোলেও চলতে পারে নাশতা পরিবেশন।

দরদাম
রাজধানীর নিউমার্কেট, নিউ সুপার মার্কেট, চন্দ্রিমা মার্কেট, গুলশানে বেশ কিছু ক্রোকারিজের দোকান রয়েছে। যেখানে আপনি পছন্দমতো জিনিস পেয়ে যাবেন। বিভিন্ন আকারের পাত্রের দাম শুরু হবে ৫০০ টাকা থেকে। কয়েক ধাপের ডিশগুলো ১ হাজার ৩০০ টাকা থেকে শুরু। গ্লাসের দাম হবে ৮০০ থেকে ২ হাজার ৫০০ টাকার মধ্যে।