আলুর মিষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

দিলারা পারভীন থাকেন মেহেরপুরের কাশারীপাড়ায়। পড়াশোনা শেষ করেছেন কৃষি অর্থনীতিতে৷ নতুন নতুন রান্না শিখতে ভালোবাসেন৷ তাঁর দেওয়া আলুর তৈরি মিষ্টির তিনটি রেসিপি থাকছে এখানে।

জিলাপি
জিলাপি

জিলাপি
উপকরণ: গোল আলু সেদ্ধ ২টা, ময়দা ২৫০ গ্রাম, দুধ ১ কাপ, চিনি ৩০০ গ্রাম, লবণ স্বাদমতো, বেকিং পাউডার আধা চা-চামচ, সয়াবিন তেল ভাজার জন্য
প্রণালি: প্রথমে পরিমাণমতো পানিতে চিনি, সামান্য লবণ দিয়ে জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করে নিন৷ এবার পরিমাণমতো দুধে ময়দা দিয়ে সেদ্ধ করে খামির বানিয়ে নিন। সেদ্ধ আলুগুলো চটকে নিন। এবার ময়দার খামিরে চটকানো আলু ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মেখে নিন। এই মণ্ড থেকে ছোট ছোট লেচির মতো নিয়ে পিঁড়িতে হাত দিয়ে মেখে লম্বা সুতলির মতো করে নিন। এবার গোল করে পেঁচিয়ে নিন। চাইলে সুতার মতো গিঁট দিয়ে নিতে পারেন৷ এবার ডুবোতেলে অল্প আঁচে ভেজে চিনির শিরায় ডুবিয়ে ১০ মিনিট রেখে দিন৷

ল্যাংচা
ল্যাংচা

ল্যাংচা
উপকরণ: আলু সেদ্ধ আধা কাপ, ময়দা ২৫০ গ্রাম, মাওয়া ১ টেবিল চামচ, সুজি ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, চিনি ১ কাপ ও সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি: চিনি ও পানি জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিন। আলু সেদ্ধ, ময়দা, সুজি, মাওয়া, বেকিং পাউডার, চিনি ও পরিমাণমতো পানি দিয়ে মেখে মণ্ড তৈরি করে নিন৷ এই মণ্ড থেকে ল্যাংচা গড়ে ডুবোতেলে লাল করে ভেজে নিন৷ ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে চিনির শিরায় কিছুক্ষণ ডুবিয়ে রাখুন৷

চমচম
চমচম

চমচম
উপকরণ: আলু সেদ্ধ আধা কাপ, ময়দা ২০০ গ্রাম, সুজি ১ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ টেবিল চামচ, বেকিং পাউডার আধা চা-চামচ, চিনি ৩০০ গ্রাম, ঘি ১ টেবিল চামচ ও সয়াবিন তেল পরিমাণমতো
প্রণালি: প্রথমে চিনি ও পানি জ্বাল দিয়ে ঘন শিরা তৈরি করে নিন। আলু সেদ্ধ, ময়দা, গুঁড়া দুধ, বেকিং পাউডার, সুজি ও পরিমাণমতো পানি দিয়ে মেখে মণ্ড তৈরি করে নিন৷ এবার অল্প অল্প মণ্ড নিয়ে চমচম আকারে গড়ে ডুবোতেলে ভেজে চিনির শিরায় ডুবিয়ে রাখুন৷ কিছুক্ষণ পরে শিরা থেকে তুলে পরিবেশন করুন৷