
ঢাকার বয়স ৪০০ বছরের বেশি হলে ঢাকার ইফতারির ইতিহাসটাও চার শতাব্দীর। সেই আদিকালে ইফতার করাকে বলা হতো ‘রোজা খোলাই’। এখনো পুরান ঢাকার অনেক এলাকায় রোজা খোলাই শব্দটির প্রচলন রয়েছে। রোজা খোলাই শব্দটি পাঠকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু রমজান মাসে পুরান ঢাকার আদি বাসিন্দারা এই শব্দটির ব্যবহারে অভ্যস্ত ছিল বা বলা যায় কিছু কিছু এলাকায় এখনো আছে। রোজা খোলাই অর্থ ইফতার করা। মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে রোজা খোলাই শুরু হলেও এর জন্য আয়োজন শুরু হয়ে যেত সাত সকালে। ইফতারি বানানোর রেওয়াজ পুরান ঢাকার প্রতি ঘরে ঘরে। তারপরও পুরান ঢাকার ইতিহাস বলে, ঢাকাইয়ারা সব সময় বাইরের খাবারে আকর্ষণ বোধ করে। সে কারণেই বাইরের ইফতারির টান সেই আদিকাল থেকেই চলে আসছে।

৪০০ বছরের পুরাতন বাজার চকবাজারই ছিল ঢাকার প্রধান বাজার। সে সময় চকবাজার বাদশাহি বাজার নামে পরিচিত ছিল। চকবাজারের মতো না হলেও রায়সাহেব বাজার নাজিরাবাজার পুরান ঢাকার নামকরা বাজারগুলোর মধ্যে উল্লেখযোগ্য। দিনে দিনে ঢাকা শহরটাই হয়ে গেছে ইফতারির বাজার। তারপরও ইতিহাস ও স্বাদের কথা বললে পুরান ঢাকার কথাই প্রথমে চলে আসে। আর পুরান ঢাকা মানেই বাদশাহি চকবাজার, রায়সাহেব বাজার ও নাজিরাবাজার। ২৮ মে ছিল রমজানের প্রথম দিন। মাসজুড়ে এই আদি জনপদে ইফতারির মেলা চলবে—আক্ষরিক অর্থে না, বাস্তবিক মেলা। সেই মেলায় আপনিও শামিল হতে পারেন, ভালো লাগা ষোল আনা!

বিগত বছরের ঐতিহ্য বজায় রেখে চকবাজারের ইফতারিপাড়া এবারও সেজেছে রকমারি ইফতারির সাজে। চকবাজার ইফতারিপাড়া মোঘল ঐতিহ্যের ধারক। এখানকার ইফতারির মধ্যে উল্লেখযোগ্য আস্ত মুরগির কাবাব, মোরগ মুসাল্লম, বটিকাবাব, টিকাকাবাব, কোফ্তা, চিকেন কাঠি, শামিকাবাব, শিকের ভারী কাবাব, সুতিকাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলাপি, শাহি জিলাপি, নিমকপারা, সমুচা, আলাউদ্দিনের হালুয়া, হালিম, দইবড়া, সৌদি পানীয় লাবাং, কাশ্মীরি সরবত, ইসবগুলের ভুসি, পুরি এবং ৩৬ উপকরণের মজাদার ‘খাবার বড়বাপের পোলারা খায়’সহ কতনা পদ।

দোকানভেদে ইফতারির নানা পদের দামে তারতম্য রয়েছে। জিলাপি এক কেজির দাম ১০০ টাকা, শাহী জিলাপির দাম ১৪০ থেকে ১৮০ টাকা, হালিম ১২০ থেকে ২৭০ টাকা। চকবাজারে নূরানী, ডিসেন্ট আর আনন্দের হালিম খুব জনপ্রিয়।

শিকের ভারী কাবাব চকবাজার ছাড়া আর কোথাও পাবেন না। এক কেজি কাবাবের দাম ৮০০ টাকা। দইবড়া ছয় পিসের বক্স ১০০ থেকে ১৫০ টাকা, পনির কেজিপ্রতি মূল্য ১৮০ টাকা, চিকেনকাঠি প্রতিটির দাম ৩০ থেকে ১০০ টাকা, কোয়েল পাখির রোস্ট প্রতিটি ৮০ থেকে ১০০ টাকা, খাসির রান ৪০০ থেকে ৬০০ টাকা, আস্ত মুরগির রোস্ট ২০০ থেকে ৩০০ টাকা, কবুতরের রোস্ট ১১০ থেকে ১৬০ টাকা, কোফ্তা প্রতিটি ২০ টাকা, পুরি প্রতিটি ৩ থেকে ১০ টাকা আর চকের সবচেয়ে জনপ্রিয় খাবার বড়বাপের পোলারা খায় ঠোঙ্গায় ভইরা লইয়া যায়-এর কেজিপ্রতি দাম হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা।

চকবাজারের ইফতারিপাড়ায় রমজানের প্রথম দিন পা দিয়ে দেখা গেল এসব মুখরোচক খাবারের হাঁকডাক আর ক্রেতাদের উপচে পড়া ভিড়। এর মধ্যে চারদিকে ‘বড় বাপের পোলারা খায়, ধনি-গরিব সবাই খায়, মজা পাইয়া লইয়া যায়’-এর হাঁকডাকে চিরচেনা চকবাজারের চেহারা দুপুরের পর থেকেই পাল্টাতে থাকে। তা ছাড়া পুরান ঢাকার বংশালের আল রাজ্জাক রেস্টুরেন্ট, আল-নাসের, রায়সাহেব বাজারের ক্যাফে ইউসুফ, আল-ইসলাস, মতিঝিল ঘরোয়া স্টার তাদের মানসম্মত খাবারের সম্ভার সাজিয়েছে ইফতারের প্রথম দিন থেকেই। ছবিতে দেখে নিন চকবাজার, নাজিরাবাজার, বংশাল, রায়সাহেব বাজারের ইফতারি মেলার এক ঝলক।