পুরান ঢাকায় সকালের নাশতা
পুরান ঢাকা মানেই তো জমকালো সব আয়োজন। সে ঘোরাঘুরির বেলাতেই হোক অথবা খাওয়াদাওয়া। মুখরোচক খাবারের জন্য পুরান ঢাকার সুনাম যুগ যুগ ধরেই। সাতসকালের নাশতাও কিন্তু এ তালিকার মধ্যেই আছে। ঢাকার বিভিন্ন জায়গা থেকেই ভোজনরসিকেরা ছুটে যান সেই সব নাশতার সন্ধানে। সাধারণ পদ, কিন্তু অসাধারণ স্বাদ। তুলে ধরা হলো নাশতার জন্য জনপ্রিয় কয়েকটি দোকানের কথা। লিখেছেন ফারুক আহমেদ

চৌরঙ্গী রেস্তোরাঁ
৪৭ নর্থ ব্রুক হল রোড, বাংলাবাজার। এখানে এলেই দেখা হবে চৌরঙ্গী রেস্তোরাঁর। ১০০ বছরের বেশি সময় ধরে বুক টানটান করে দাঁড়িয়ে চৌরঙ্গী রেস্তোরাঁটি।

গোবিন্দ চন্দ্র পাল ছিলেন এর প্রতিষ্ঠাতা মালিক। তিনি মারা গেলে ছেলে স্বপন কুমার পাল রেস্তোরাঁর হাল ধরেন। চার বছর হয়েছে রেস্তোরাঁটি মূল মালিক বিক্রি করে দিয়েছেন। বর্তমান মালিক রবিন সেই আদি নিয়মে রেস্তোরাঁটি পরিচালনা করে চলেছেন। মূলত চৌরঙ্গী রেস্তোরাঁ সকালের নাশতার জন্য জনপ্রিয়। আহামরি কিছু না, কিন্তু মজাদার লুচি ও পাতলা ডাল, সঙ্গে বিট লবণের ডিম পোচ ও ডিমের মামলেটের জন্য বিখ্যাত এই রেস্তোরাঁ। চারটি লুচি ও ডালের প্যাকেজ মূল্য ১৪ টাকা।

ডিম পোচ ও মামলেটের মূল্য ১৫ টাকা, চা ৮ টাকা।

ক্যাফে কর্নার
চৌরঙ্গী রেস্তোরাঁ থেকে একটু আগে শ্যামবাজারের দিকে পা বাড়ালেই হাতের ডানে পড়বে হোটেল ক্যাফে কর্নার। এখানে এসে দেখতে পাবেন মাথার ওপর মাথা দাঁড়িয়ে। রীতিমতো হিমশিম খেতে হয় খাবার পরিবেশনকারীদের। সকালের নাশতা এখানে ডাল-ভাজি, হালুয়া, পরোটা, ডিম ও চা। এই খাওয়ার জন্য মানুষের ভিড়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চলে এসেছেন সকালের নাশতা খেতে। ছুটির দিনে এই অবস্থা দেখে থমকে যেতে হয়। এক ছুটির দিনে আপনিও হোটেল ক্যাফে কর্নারের খাবারের স্বাদ নিতে পারেন। ক্যাফে কর্নারের চায়ে সত্যিকার চায়ের ঘ্রাণ পাবেন। আরেকটি কথা, ক্যাফে কর্নারের বয়সও কিন্তু এক শ বছরের ওপরে!

নিউ শাহি দিল্লি রেস্টুরেন্ট
বহু বছর আগে এখানে শাহি দিল্লি রেস্তোরাঁ ছিল। এখন সেই শাহি দিল্লি রেস্তোরাঁ নেই, তবে নিউ শাহি দিল্লি রেস্তোরাঁ আছে। সকালের খাবারের জন্য এই দোকান এককথায় অনন্য। হোটেলটির অবস্থান ইসলামপুরের কাছের ১৮/১ পাটুয়াটুলীতে। রেস্তোরাঁটি মাটির নিচে হওয়ায় একটু খোঁজ করতে হয়। এখানে পরোটা লুচি ও দুই রকম ভাজি পাওয়া যায়। লুচি, ভাজির সঙ্গে মুখরোচক চাটনির জন্য হলেও এখানে ভোজনরসিকদের ভিড় জমে যায়। তা ছাড়া এখানে পাবেন খাসির পায়া, ডাল, স্যুপ ও নানরুটির সঙ্গে গাজর ও বুটের বিভিন্ন প্রকারের হালুয়া, বুন্দিয়া ও জিলাপি। এর সবই সকালের নাশতার পদ।

দেশবন্ধু সুইটমিট
নাম সুইটমিট হলেও দেশবন্ধু ভোজনরসিকদের কাছে সকাল-বিকেলের নাশতার জন্য জনপ্রিয়। এখানে সারা দিনই পরোটা-ভাজি বিক্রি হয়। সঙ্গে বিক্রি হয় সুজির হালুয়া ও বিভিন্ন প্রকারের মিষ্টি। স্পঞ্জ মিষ্টির তুলনা নেই, দাম ৩০ টাকা। মিষ্টি বাদ দিলে ৫০ টাকায় এখানে ভরপেট খেয়ে আসতে পারবেন। দেশবন্ধুর অবস্থান ইত্তেফাক মোড়ে। দেশবন্ধু সুইটমিট তাদের ব্যবসা শুরু করে ১৯৫৮ সালে। দেশবন্ধু সুইটমিটের আরেকটি শাখা রাজধানী মার্কেটের পাশে।

ধারণা করা হয়, দেশবন্ধু সুইটমিটের মালিক শচী মোহন গোপ দেশবন্ধু চিত্তরঞ্জন দাশকে ভালোবেসেই দোকানটির নাম রাখেন। পরোটা-ভাজি এখানে বিখ্যাত।

বিসমিল্লাহ হোটেল
পুরান ঢাকার কলতাবাজার বা নাসিরুদ্দিন সর্দার লেনে নাসির হোটেল একনামে পরিচিত ছিল, কেবল গরুর ভুনা মাংসের জন্য। হোটেল মালিক নাসির মারা গেলে এখানকার কর্মচারীদের নিয়ে শুরু হয় বিসমিল্লাহ হোটেলটি। ভুনা মাংস এখানকার প্রধান খাবার হলেও সকালে নেহারি এর প্রধান আকর্ষণ। সারা সপ্তাহ এখানে গরুর নেহারি ৬০ টাকা দরে বিক্রি হলেও শুক্রবার শুক্রবার এখানে স্পেশাল নেহারি বিক্রি হয়, দাম ৮০ টাকা। ধোলাইখালের একেবারে কাছে বিসমিল্লাহ হোটেল। জজকোর্টের পেছনে। কলতাবাজার আল-মঈন মাদ্রাসার ঠিক পাশে। কী, আসছেন তো?
এর বাইরে সকালের খাবারের জন্য পুরান ঢাকায় রয়েছে ইসলামিয়া, আল-ইসলাম, আল-রাজ্জাক, মতিঝিল ঘরোয়াসহ স্টার কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট।