পেরি পেরির স্বাদে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকানে গিয়ে কতই তো খাওয়া হয়। এবার বাড়িতেই তৈরি করতে পারবেন মজাদার পেরি পেরি চিকেন। দেখে নিন আতিয়া আমজাদের দেওয়া রেসিপিগুলো।

পুরভরা বেকড আলু

পুরভরা বেকড আলু
পুরভরা বেকড আলু

উপকরণ: বড় আলু ৮টি, ঘন দুধ ৪ টেবিল চামচ, দেশি পনির আধা কাপ, মোজারেলা চিজ আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা-চামচ, পুদিনাপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ আধা চা-চামচ ও মাখন ১ টেবিল চামচ।
প্রণালি: আলুগুলো ধুয়ে ২০ মিনিট সেদ্ধ করে নিন। এবার ওভেন ট্রেতে কিছুটা মাখন ব্রাশ করে বাকিটুকু আলুতে ব্রাশ করে দিন। আলুর ওপর কিছুটা লবণ ছিটিয়ে প্রি-হিটেড ওভেনে ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ মিনিট বেক করুন। এবার ওভেন থেকে আলুগুলো বের করে ঠান্ডা করে নিন। আলুর মাঝখানে সাবধানে কুরিয়ে কিছুটা আলু বের করে বাটির মতো আকার দিন। এবার আরেকটি বাটিতে দুই রকমের পনির, কোরানো আলু, স্বাদমতো লবণ, ঘন দুধ, গোলমরিচ গুঁড়া ও পুদিনাপাতা একত্রে কচলে নিন। এই মিশ্রণ দিয়ে এবার আলুর বাটিগুলো ভরে ওভেনে আরও ১০ মিনিট বেক করে গরম-গরম পরিবেশন করুন।

পেরি পেরি সস

পেরি পেরি সস
পেরি পেরি সস

উপকরণ: লাল ক্যাপসিকাম ১টি, বড় ১টি লেবুর রস, পাকা বোম্বাই মরিচ (লাল দেখে) ৫টি, লবণ ২ চা-চামচ, পাপরিকা পাউডার ২ টেবিল চামচ, ডার্ক ভিনেগার সিকি কাপ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ, অরিগেনো পাউডার ১ টেবিল চামচ, অলিভ ওয়েল আধা কাপ ও রসুন কোয়া ৫-৬টি।
প্রণালি: তরল উপকরণগুলো বাদে সবকিছু একত্রে একটা শুকনা তাওয়ায় টেলে নিন। এবার ঠান্ডা করে ব্লেন্ডারে তরল উপকরণসহ ব্লেন্ড করে নিন। হয়ে গেল পেরি পেরি সস।

কোলস্লো

কোলস্লো
কোলস্লো

উপকরণ: বাঁধাকপি মিহি কুচি ৮ কাপ, গাজর মাঝারি ১টি মিহি কুচি, মেয়োনেজ আধা কাপ, আইসিং সুগার ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, গোলমরিচ গুঁড়া ১ চিমটি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, বাটার মিল্ক ১ কাপ (সিকি কাপ দুধ ও ১ কাপের ৪ ভাগের ৩ ভাগ টকদই মিশিয়ে ১ কাপ বাটার মিল্ক বানিয়ে নিতে পারেন), লবণ আধা চা-চামচ ও সিরকা দেড় চা-চামচ।
প্রণালি: বাঁধাকপি, গাজর ও পেঁয়াজ কুচি ছাড়া বাকি সবকিছু একটা বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে বাঁধাকপি, গাজর ও পেঁয়াজ কুচি মিশিয়ে অন্তত ২ ঘণ্টা ফ্রিজে রাখুন। বের করে পরিবেশন করুন।

পারি পেরি রাইস

পারি পেরি রাইস
পারি পেরি রাইস

উপকরণ: বাসমতী চাল আড়াই কাপ, পানি ৫ কাপ, লবণ ১ চা-চামচ, রসুন কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ কুচি ৬ টেবিল চামচ, টমেটো ২টি কুচি করে নেওয়া, পেরি পেরি সস ১ কাপ, কাঁচা মরিচ ৩টি, সয়াবিন তেল বা অলিভ ওয়েল ৪ টেবিল চামচ ও পুদিনাপাতা কুচি ১ মুঠো।
প্রণালি: চাল ধুয়ে পানিতে ভিজিয়ে রাখুন ৩০ মিনিট, তারপর পানি ঝরিয়ে নিন। হাঁড়িতে তেল দিয়ে পেঁয়াজ-রসুন কুচি ভেজে নিন ১ মিনিট। এবার তাতে টমেটো কুচি দিয়ে আরও ১ মিনিট ভেজে পেরি পেরি সসটা দিয়ে দিন। ২ মিনিট ভেজে নিয়ে তাতে চাল দিয়ে আবার ভাজুন। এবার পানি ও লবণ দিয়ে ঢেকে দিন। চাল ফুটে গেলে কাঁচামরিচ দেওয়ার পর ঢেকে কিছুক্ষণ দমে রাখুন। পুদিনাপাতা ছড়িয়ে নামিয়ে গরম-গরম পরিবেশন করুন পেরি পেরি চিকেনের সঙ্গে।

পেরি পেরি চিকেন

পেরি পেরি চিকেন
পেরি পেরি চিকেন

উপকরণ: ব্রয়লার মুরগি চামড়াসহ বড় ১টি ও পেরি পেরি সস প্রয়োজনমতো।
প্রণালি: গোটা অথবা টুকরা করা মুরগি ধুয়ে-মুছে নিয়ে অর্ধেকটা পেরি পেরি সস দিয়ে অন্তত ৬-৭ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। সারা রাত করতে পারলে আরও ভালো। বাকি সসটুকু আরও ৪ সপ্তাহ ফ্রিজে রাখা যাবে। প্যানে সামান্য তেল ব্রাশ করে মুরগির উভয় পাশে ১ মিনিট ভেজে নিন। এবার ইলেকট্রিক ওভেনে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪৫ থেকে ৫০ মিনিট বেক করে নিন। দু-একবার বেক করার মাঝে মুরগিতে পেরি পেরি সস ব্রাশ করে দিন। হয়ে গেলে বের করে গরম-গরম পরিবেশন করুন পেরি পেরি রাইসের সঙ্গে। আলাদা বাটিতে কিছুটা পেরি পেরি সস পরিবেশন করুন।