প্রিয়জনের জন্য কেক

রেড ভেলভেট কেক
উপকরণ: ময়দা আড়াই কাপ, বেকিং সোডা ১ চা-চামচ, কোকো পাউডার ১ চা-চামচ, চিনি দেড় কাপ, ডিম ২টি, ক্যানোলা তেল দেড় কাপ, ভিনেগার ১ চা-চামচ, খাবার রং ২৮ মিলিলিটার, ভ্যানিলা ১ চা-চামচ, বাটার মিল্ক ১ কাপ।
ক্রিম চিজ ফ্রসটিংয়ের জন্য: মারজারিন আধা কাপ, ক্রিম চিজ ১ কাপ, চিনি ১ কাপ, ভ্যানিলা আধা চা-চামচ, বাদাম ভাজা (গুঁড়া) ১ কাপ।
প্রণালি: প্রথমেই মাইক্রোয়েভ ওভেন ৩৫০ ডিগ্রিতে গরম করে নিতে হবে। এরপর ময়দা, বেকিং সোডা, কোকো পাউডার মেশাতে হবে একটার পর একটা। একটি বড় বোলে চিনি আর ডিম একসঙ্গে বিট করতে হবে। এবার অন্য একটি বাটিতে তেল, ভিনেগার, খাবার রং, ভ্যানিলা মিশিয়ে নিন। চিনি ও ডিমের সঙ্গে সব মিলিয়ে আরও একবার বিট করতে হবে। যাতে ভালো করে মিশে যায়। ময়দা ও বাটার মিল্কের মিশ্রণের সঙ্গে ধীরে ধীরে মেশাতে হবে। শুরু ও শেষ ময়দা দিয়েই করতে হবে।
একটি প্যানে বাটার ব্রাশ করে তাতে মিশ্রণটি ঢেলে ২৫ মিনিট বেক করতে হবে। খেয়াল রাখতে হবে যেন বেশি বেক না হয়। ঠান্ডা হয়ে গেলে ক্রিম চিজ ফ্রসটিং দিয়ে সুন্দর করে পরিবেশন করুন।
ক্রিম চিজ ফ্রসটিং তৈরির প্রণালি: মারজারিন ও ক্রিম চিজকে ঘরের তাপমাত্রায় নরম করে নিতে হবে। তারপর এতে চিনি মিশিয়ে বিট করুন এবং ভ্যানিলা ও বাদাম দিন। খেয়াল রাখতে হবে যেন বেশি বিট না হয়, তাহলে ক্রিম হবে না।

স্ট্রবেরি টার্ট
উপকরণ: বেইসের জন্য
ময়দা সোয়া কাপ, মাখন (লবণ ছাড়া) আধা টেবিল চামচ, চিনি ১ কাপের ৩ ভাগের ১ ভাগ, লবণ স্বাদমতো।
ক্রিমের জন্য
কাস্টার্ড পাউডার ১ কাপ, ফ্রেশ ক্রিম আধা লিটার, ৩০টি তাজা স্ট্রবেরি, জেলি (সাজানোর জন্য) সিকি কাপ।
প্রণালি: প্রথমেই ময়দা, মাখন, চিনি ও লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি পাত্রে ঢেলে ২০-২৫ মিনিট মাইক্রোওয়েভ ওভেনে রাখতে হবে। এবার কাস্টার্ড পাউডার, ফ্রেশ ক্রিম একসঙ্গে মিশিয়ে কেকের ওপর ঢেলে তাজা স্ট্রবেরি সাজিয়ে জেলি দিয়ে পরিবেশন করুন।

নো বেক তিরামিজু চিজ কেক
উপকরণ: বিস্কুটগুঁড়া সোয়া কাপ, বাটার সিকি কাপ, চিজ ক্রিম ১ কাপ, ক্রিম ১ কাপ, চিনি আধা কাপ, কফি ৫-৬ চা-চামচ, গরম পানি ১ কাপ, ভ্যানিলা অ্যাসেন্স ২ চা-চামচ, বিস্কুট (লেডি ফিঙ্গার) ১ প্যাকেট, কোকো পাউডার (সাজানোর জন্য) পরিমাণমতো।
প্রণালি: প্রথমে চিজ ও চিনি একসঙ্গে ব্লেন্ড করে নিন। এরপর আবার চিনি মেশাতে হবে, সঙ্গে গরম পানি নিতে হবে। এখন চিজ ক্রিম মেশাতে হবে। বিস্কুটের গুঁড়া মেশান। এখন সব উপকরণ একটি গ্লাসে ঢেলে ৫-১০ মিনিট ফ্রিজে রেখে দিন। সুন্দর করে ওপরে বিস্কুট (লেডি ফিঙ্গার) ও কোকো পাউডার দিয়ে পরিবেশন করুন।

স্ট্রবেরি চিজ কেক
উপকরণ: বিস্কুট ৭টি (গুঁড়া), মাখন (লবণ ছাড়া) ৭ টেবিল চামচ, চকলেট ও ভ্যানিলা অ্যাসেন্স ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, লবণ স্বাদ মতো।
বেইসের জন্য
ক্রিম চিজ কেক (নরম করে নিতে হবে) ১ পাউন্ড, চিনি আধা কাপ, ভ্যানিলা ১ চা-চামচ, স্ট্রবেরি টপিং সোয়া কাপ, ফ্রেশ ক্রিম আধা কাপ, জেলিটিন ৫টি, স্ট্রবেরি টপিং প্রয়োজন মতো, তাজা ফ্রেশ স্ট্রবেরি ৫০০ গ্রাম, চিনি সিকি কাপ, ভ্যানিলা ১ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে কেক বেইস তৈরি করার জন্য বিস্কুটগুঁড়া, বাটার, চকলেট, ভ্যানিলা অ্যাসেন্স, চিনি ও লবণ (স্বাদমতো) দিয়ে ভালোমতো মিশিয়ে কেকের ওপর ঢেলে বেইস তৈরি করে নিতে হবে। ক্রিম চিজ, চিনি ও ভ্যানিলা অ্যাসেন্সের সঙ্গে স্ট্রবেরি টপিং মেশানোর পর ফ্রেশ ক্রিম দিয়ে এতে জেলিটিন যোগ করে কেক বেইসের ওপর ঢালতে হবে। ২০ থেকে ২৫ মিনিট ফ্রিজে রাখুন। ফ্রিজ থেকে বের করে তাজা স্ট্রবেরি দিয়ে পরিবেশন করুন মজাদার স্ট্রবেরি চিজ কেক।