
শেষের কবিতা থেকে হ্যারিপটার। গল্প, কবিতা, উপন্যাস—রয়েছে দেশি-বিদেশি নানা বই। দেয়ালে শোভা পাচ্ছে জলরঙে আঁকা মহানায়িকা সুচিত্রা সেনের ছবি। চারপাশটা সাজানো প্রেক্ষাগৃহের পুরোনো যন্ত্রপাতি। আলো-আঁধারির খেলায় মৃদু শব্দে ভেসে আসছেন মান্না দে, ‘কফি হাউসের সেই আড্ডাটা...’। মেন্যু তালিকা খুললেই মিলছে কয়েক স্বাদের কফি।
বই, চলচ্চিত্র ও কফির এই সমন্বয় সৃষ্টি করেছে পাবনা শহরের রূপকথা সড়কে ‘রূপকথার কাব্য’ নামের এক কফি শপ। অন্দরসাজে নান্দনিকতার ছোঁয়া। ফলে কফি পানের পাশাপাশি অবসর সময় কাটানোও যায় অনায়াসে।
রূপকথার কাব্যভাবনার বেশ খানিকটা জুড়েই রয়েছে ষাট দশকের রূপকথা প্রেক্ষাগৃহ। সে গল্প শোনালেন এই উদ্যোগের মূল প্রতিষ্ঠান ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনসহ বহু গুণী মানুষ সিনেমা দেখতে এসেছেন রূপকথা প্রেক্ষাগৃহে। রয়েছে বহু স্মৃতিকথা। যা ধরে রাখতেই এ আয়োজন।
কবি সোহানী হোসেনের ভাষায়, ব্যবসার বহু মাধ্যম রয়েছে। রূপকথার কাব্য এই ধারার বাইরে। তাই কফি ও পেস্ট্রি ছাড়া আর কোনো খাবার এখানে রাখা হয়নি। নির্ভেজাল অবসর কাটানোর বিষয়টা মাথায় রেখে সাজানো হয়েছে পুরো জায়গাটি। মনের ক্লান্তি দূর করতে রয়েছে বই। চারপাশ ঘিরে আছে সিনেমা হলে ব্যবহৃত নানা সরঞ্জাম, যা প্রবীণদের ফিরিয়ে নিচ্ছে শৈশব, কৈশোর ও যৌবনের স্মৃতিতে। বই ও চলচ্চিত্রের প্রতি উৎসাহিত করছে নবীনদের।
রূপকথার কাব্যে সময় কাটিয়ে মুগ্ধ হয়েছেন অনেকে। ফিরে গিয়েছেন স্মৃতির দিনগুলোতে। নানা কথা লিখে দিয়েছেন মন্তব্য বইতে। ‘রূপকথার কাব্যে এসে আমি চমকিত ও গর্বিত। পাবনায় এমন সুন্দর একটি কফি হাউস আমাকে মুগ্ধ করেছে। রূপকথা প্রেক্ষাগৃহে বেশ কিছু ভালো বাংলা ও ইংরেজি চলচ্চিত্র দেখেছি। অনেক ভালো স্মৃতি জড়িয়ে আছে এই প্রেক্ষাগৃহ ঘিরে। রূপকথার কাব্যে এসে তা মনে পড়ছে।’ এমনটা লিখেছেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী।
পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ সেলিমা আহম্মেদ লিখেছেন, ‘রূপকথার কাব্যে এসে একই সঙ্গে কফি পান, বইপড়া ও পুরোনো দিনের গান শোনার মধ্য দিয়ে চমৎকার সময় কেটেছে।’
সোহানী হোসেন জানালেন রূপকথার কাব্যে দেশ-বিদেশের আরও বই ও সাময়িকী যুক্ত হচ্ছে। সংগ্রহ করা হচ্ছে নামীদামি কফিবিট। সব মিলিয়ে রূপকথার গল্পের মতো করে রূপকথার কাব্যকে সাজানোর স্বপ্ন দেখছেন তিনি।