
ছোট মাছের পুরপুরি
উপকরণ: ছোট মাছ ২ কাপ, আলু কুচি ১ কাপ, করলা পাতলা চাক চাক করে কাটা আধা কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ফালি ৮-১০টা, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া আধা চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা আধা চা-চামচ, টমেটো ফালি ২টা, ধনেপাতা কুচি ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ও পানি পরিমাণমতো।
প্রণালি: মাছ, ধনেপাতা ও টমেটো বাদে বাকি সব উপকরণ একত্রে চটকিয়ে মেখে নিন। এরপর এতে মাছ, টমেটো, ধনেপাতা দিয়ে মেখে পানি দিয়ে ঢেকে বসিয়ে দিন। হয়ে এলে চারদিকে তেল উঠে এলে নামিয়ে পরিবেশন করুন।

মাগুর পোলাও
উপকরণ: মাছের জন্য: মাগুর মাছ ৪টা, হলুদ গুঁড়া আধা চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ফাড়া ২টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, তেজপাতা ১টা, আদা বাটা ১ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।
মাছ রান্নার প্রণালি: গরম তেলে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি ভেজে তাতে বাকি সব মসলা দিয়ে নেড়ে কষিয়ে মাছটা দিন। মাছ কষানো হলে কাঁচা মরিচ ও পানি দিয়ে ঢেকে দিন। মাখা মাখা হলে নামিয়ে নিন।
পোলাওয়ের উপকরণ: পোলাওয়ের চাল ৫০০ গ্রাম, রসুন কোয়া ৬টা, কাঁচা মরিচ ফাড়া ৬টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আস্ত গরমমসলা (তেজপাতা, এলাচি, দারুচিনি) পরিমাণমতো, আদা বাটা ১ চা-চামচ, তেল ও ঘি পরিমাণমতো, লবণ স্বাদমতো, বেরেস্তা ২ টেবিল চামচ এবং পানি ১ লিটার (বা পরিমাণমতো)।
মাগুর পোলাও রান্নার প্রণালি: চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর একটি পাত্রে তেল ও ঘি দিয়ে গরম করে পেঁয়াজ ভেজে তাতে গরমমসলা, রসুন কোয়া, আদা বাটা দিয়ে নেড়ে চাল ও লবণ দিয়ে নেড়ে ভেজে নিন। এবার পানি দিয়ে ঢেকে দিন। পোলাও প্রায় হয়ে এলে রান্না করা মাগুর মাছ, কাঁচা মরিচ এবং আরও খানিকটা ঘি দিয়ে ঢেকে দমে দিন ৭-৮ মিনিটের জন্য। এরপর নামিয়ে সার্ভিং ডিশে মাগুর পোলাও রেখে ওপরে বেরেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

রুই মাছের আলু ঘাটি
উপকরণ: আলুর ঘাটির জন্য—সেদ্ধ আলু আধা কাপ করা ২ কাপ, পেঁয়াজ ২ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, আদা বাটা ২ চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, মরিচ গুঁড়া ২ বা দেড় চা-চামচ, হলুদ গুঁড়া ১ চা-চামচ, আস্ত গরমমসলা পরিমাণমতো, পাঁচফোড়ন আধা চা-চামচ, জিরা বাটা ২ চা-চামচ, লবণ স্বাদমতো, তেল পরিমাণমতো, ধনেপাতা কুচি পরিমাণমতো, কাঁচা মরিচ ফালি ১ টেবিল চামচ ও টমেটো ফালি ২টা।
মাছের উপকরণ: রুই মাছ ৪ টুকরা, পেঁয়াজ কুচি ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ১ চা-চামচ, আদা বাটা আধা চা-চামচ, জিরা বাটা ১ চা-চামচ, মরিচ গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া আধা চা-চামচ, লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো।
মাছ রান্নার প্রণালি: গরম তেলে পেঁয়াজ কুচি ভেজে তাতে বাটা পেঁয়াজ দিয়ে নেড়ে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন। মাছগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিন। কষানো হলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে নিন।
আলু ঘাটি তৈরির প্রণালি: গরম তেলে পাঁচফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি ও আস্ত গরমমসলা দিয়ে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা একটু পানি দিয়ে কষিয়ে তাতে আধা ভাঙা সেদ্ধ আলু দিয়ে নেড়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিন। তারপর বেশ খানিকটা পানি দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। তারপর এতে মাছ ও টমেটো দিয়ে নেড়ে মাছগুলো আধা ভাঙা করে দিন। ধনেপাতা ও কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।