বড়দিনের আপ্যায়নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনে বাড়িতে অতিথি আপ্যায়ন তো হবেই। ক্রিসমাস ট্রি সাজানোর পাশাপাশি খাবারের আয়োজনটাও হওয়া চাই জম্পেশ। দেখে নিন আতিয়া আমজাদের দেওয়া রেসিপিগুলো।

ল্যাভেন্ডার মিস্ট
ল্যাভেন্ডার মিস্ট

ল্যাভেন্ডার মিস্ট
উপকরণ: যেকোনো ব্র্যান্ডের সোডাজাতীয় পানীয় ১ গ্লাস, লেবুর রস ১ চা-চামচ, বিট লবণ ১ চিমটি, বেগুনি ফুড কালার (লাল ও নীল রং মিশিয়ে বানিয়ে নিতে পারেন) ১ ফোঁটা, বরফ কিউব ৩-৪টা।
প্রণালি: গ্লাসে বরফ, সোডা, লেবুর রস ও বিট লবণ ঢালুন। সবশেষে ফুড কালার দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

ডিমের শাশলিক
ডিমের শাশলিক

ডিমের শাশলিক
উপকরণ: কোয়েল পাখির ডিম ১২টা, চেরি টমেটো ১২টা অথবা লাল টমেটো ৬টা (দুই টুকরা করে নেওয়া), সবুজ ও হলুদ ক্যাপসিকাম ১টা করে, মাখন ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ সামান্য, টুথপিক ১২টা।
প্রণালি: ডিমগুলো সেদ্ধ করে ছিলে নিন। ক্যাপসিকামগুলো ছয় টুকরা করে নিন। টমেটো আর ক্যাপসিকাম মাখনে সামান্য ভেজে নিন। এতে লবণ ও গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিন। এবার প্রিহিটেড ওভেনে ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট বেক করে নিন। ওভেন থেকে বের করে টুথপিকে ডিমের সঙ্গে পছন্দমতো গেঁথে পরিবেশন করুন।

পেঁপের সালাদ
পেঁপের সালাদ

পেঁপের সালাদ
উপকরণ: চেরি টমেটো ৫টি, কাঁচামরিচ ২টি, মাখনে ভেজে নেওয়া চিংড়ি ৫টি, ফিশ সস দেড় টেবিল চামচ, রসুন ১ কোয়া, ফ্রেঞ্চ বিন ৬টি, পেঁপে কুচি ২ কাপ, চিনি দেড় টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, বাদাম ভাজা ২ টেবিল চামচ (না দিলেও চলবে)।
প্রণালি: সব উপকরণ একসঙ্গে মিশিয়ে পরিবেশন করুন।

ডিম-সবজি ক্যাসারোল
ডিম-সবজি ক্যাসারোল

ডিম-সবজি ক্যাসারোল
উপকরণ: মাঝারি পেঁয়াজ ১টা (কুচি করা), ব্রকলি কুচি ২ কাপ, মাশরুম কুচি আধা কাপ, ডিম ৮টা, তরল দুধ ২ টেবিল চামচ, মোজারেলা পনির ৭ আউন্স, পুদিনাপাতা ও ধনেপাতা কুচি ১ টেবিল চামচ করে, লবণ সিকি চা-চামচ, গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, মাখন ১ টেবিল চামচ।
প্রণালি: ওভেনপ্রুফ পাত্রে পেঁয়াজ, মাশরুম ও ব্রকলি কুচি ছড়িয়ে দিন। এতে এক টেবিল চামচ পানি দিয়ে প্লাস্টিক র‍্যাপ দিয়ে মুড়ে দিন। ওপরে ছোট ছোট ছিদ্র করে দিন। এবার মাইক্রোওয়েভ ওভেনে দুই মিনিট গরম করে নিন। বড় ক্যাসারোলে মাখন ব্রাশ করে সবজিগুলো ঢেলে দিন। অন্য বাটিতে ডিম ও দুধ মিশিয়ে নিন। এতে পনির, ধনেপাতা ও পুদিনাপাতা দিয়ে নেড়ে নিন। সবজির ওপর ডিমের মিশ্রণ ঢেলে দিন। এবার ইলেকট্রিক ওভেনে ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩৫ মিনিট বেক করে নিন।

পিকিং ডাক
পিকিং ডাক

পিকিং ডাক
উপকরণ: চামড়াসহ গোটা রাজহাঁস (সাড়ে তিন কেজি), দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, আদাবাটা ১ চা-চামচ, কাঁচা পেঁপেবাটা ২ টেবিল রসুনবাটা ২ চা-চামচ, জয়ফল গুঁড়া আধা চা-চামচ, সাদা গোলমরিচের গুঁড়া আধা চা-চামচ, লবঙ্গ গুঁড়া সিকি চা-চামচ, সয়াসস ৬ টেবিল চামচ, মধু ২ টেবিল চামচ, পেঁয়াজ ১০টি, আপেল জ্যাম আধা কাপ, চিনি ৩ চা-চামচ, সাদা ভিনেগার ৩ চা-চামচ, পুদিনা ও ধনেপাতা মিহি কুচি সিকি কাপ, লেবুর খোসা কুচি ৪ টেবিল চামচ।
প্রণালি: হাঁস ধুয়ে পানি ঝরিয়ে শুকিয়ে নিন। লেজের অংশ কেটে নিন। পেটের ভেতরের অংশ পরিষ্কার করে নিন।
বাটিতে পেঁপেবাটাসহ সব বাটা ও গুঁড়া মসলা মিশিয়ে নিন। হাঁসের পেটের ভেতর দুই চা-চামচ মসলা মেখে নিন। এবার বাকি মসলায় দুই টেবিল চামচ সয়াসস মেখে নিন। এটি হাঁসের বাইরের অংশে ভালোভাবে মেখে নিন। দুটি পেঁয়াজ মাঝখানে কেটে হাঁসের পেটের ভেতর ভরে দিন। এবার হাঁসটি ঢেকে ফ্রিজে রেখে দিন সারা রাত।

বড় পাত্রে হাঁসটির বুকের অংশ ওপরের দিকে করে রাখুন। পাত্রে পরিমাণমতো পানি দিয়ে এক ঘণ্টা সেদ্ধ করুন। হাঁসটি তুলে নিয়ে পেটের ভেতরের পানি ও পেঁয়াজ ফেলে দিন।

এবার ওভেনের ট্রেতে হাঁস রেখে কাঁটাচামচ দিয়ে চামড়া ফুটো করে দিন। প্রিহিটেড ওভেনে ১৯০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৩০ মিনিট রোস্ট করুন। বাকি মধু ও সয়াসস হাঁসের গায়ে ব্রাশ করে দিন। ৩০ মিনিট হয়ে গেলে তাপ বাড়িয়ে ২৬০ ডিগ্রি করুন। পাঁচ মিনিট রোস্ট করে নামান।

এবার ডাক সস তৈরি করুন। আপেল জ্যাম, চিনি ও ভিনেগার একটি বাটিতে মেশান। আরেকটি বাটিতে পেঁয়াজ কুচি করে রাখুন। এবার পাত্রে হাঁস রেখে পাশে কমলার টুকরা, ধনেপাতা ও পুদিনাপাতার কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

আপেল পাই
আপেল পাই

আপেল পাই
উপকরণ: পাই ক্রাস্টের জন্য: ওটস এক কাপ, ময়দা সিকি কাপ, অ্যামন্ড বাদাম গুঁড়া সিকি কাপ, ব্রাউন সুগার ২ টেবিল চামচ, সাদা তেল ৩ টেবিল চামচ, পানি ১ টেবিল চামচ।
ফিলিংয়ের জন্য: আপেল চারটি (খোসা ছাড়িয়ে টুকরা করে নিন), আপেল জুস এক কাপের চার ভাগের তিন ভাগ, মাখন ২ টেবিল চামচ, দারুচিনি গুঁড়া ১ টেবিল চামচ।
প্রণালি: সব শুকনো উপকরণ বড় বাটিতে মেশান। অন্য বাটিতে পানি ও তেল মেশান। এবার শুকনো উপকরণের সঙ্গে পানি ও তেল হাত দিয়ে মেশান, যাতে মসৃণ ডো হয়। পাই প্লেটে চেপে ডো বসিয়ে নিন। এটিই পাই ক্রাস্ট।
চুলায় প্যান গরম করে তাতে মাখন দিন। এতে আপেল ও দারুচিনি গুঁড়া দিয়ে নাড়ুন। দুই মিনিট পর আপেল জুস দিন। নরম হওয়া পর্যন্ত চুলায় রাখুন। টক টক মনে হলে একটু চিনি দিন। আরও ১০ মিনিট রাখুন। মাখা মাখা হলে নামিয়ে ঠান্ডা করুন। এবার পাই প্লেটে ক্রাস্টের ওপর ঢেলে ওভেনে ১৪০ ডিগ্রি সেলসিয়াস তাপে ৪০ মিনিট বেক করুন। নামিয়ে পরিবেশন করুন।

চাইলে পাইয়ের ওপরে ক্রাস্ট দিতে পারেন। সে ক্ষেত্রে আরও ক্রাস্টের ডো বানিয়ে বেক করার আগে পাই ফিলিংয়ের ওপর দিন। ওভেনে দেওয়ার আগে ওপরে কয়েকটা ছিদ্র করে দিন।