>সাবরিনা আলম কাজ করছেন জাতীয় মহিলা সংস্থার ঝালকাঠি শাখার ক্যাটারিং প্রশিক্ষক হিসেবে। ২০১৪ সালের রূপচাঁদা-দ্য ডেইলি স্টার লাইফস্টাইল সুপার শেফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগে আঞ্চলিক রান্নায় অর্জন করেছিলেন প্রথম স্থান৷ সেরা রাঁধুনি প্রতিযোগিতায়ও বরিশাল বিভাগে সেরা ছয়জনের মধ্যে ছিলেন তিনি। নকশার পাঠকদের জন্য তাঁর তৈরি বরিশালের আমড়ার আচারের রেসিপি থাকছে এখানে।

আমড়ার কোরমা
উপকরণ: আমড়া ৪টা, আদা বাটা ২ চা-চামচ, পেঁয়াজ ২ চা-চামচ, বাদাম বাটা ১ চা-চামচ, চিনি ১ কাপ, গরমমসলা ৩ টুকরা, ঘি ২ টেবিল চামচ ও কাঁচা মরিচ ৫-৬টি।
প্রণালি: আমড়ার খোসা ছাড়িয়ে ধুয়ে ভালো করে কেচে নিতে হবে। এবার চুলায় পাত্র বসিয়ে তাতে ঘি ও গরমমসলা দিয়ে আমড়া হালকা ভেজে নিয়ে চিনি দিতে হবে। অন্য একটি পাত্রে একে একে সব মসলা কষিয়ে তাতে আমড়া দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এবার দুধ ও কাঁচা মরিচ দিয়ে ঢেকে রান্না করতে হবে। আমড়া সেদ্ধ হয়ে এলে পোলাও বা পরোটার সঙ্গে পরিবেশন করুন।

পাকা আমড়ার চাটনি
উপকরণ: পাকা আমড়া ৫টা, পাঁচফোড়ন ১ চা-চামচ, রসুন বাটা সামান্য, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, সরিষার তেল ১ টেবিল চামচ, চিনি ৫ চা-চামচ ও লবণ স্বাদমতো। প্রণালি: পাকা আমড়া খোসা ছাড়িয়ে স্লাইজারে ঘষে নিতে হবে। এবার প্যানে তেল দিয়ে তাতে পাঁচফোড়ন, সামান্য রসুন বাটা, আমড়া, চিনি, লবণ দিয়ে কষিয়ে নিন। সেদ্ধ হয়ে এলে নামানোর আগে শুকনা মরিচ গুঁড়া দিয়ে নামিয়ে নিন।

আস্ত রসুনে আমড়ার আচার
উপকরণ: কিউব করে কাটা আমড়া ৫টা, রসুন ৪ বা ৫টা, আদা বাটা দেড় চা-চামচ, রসুন বাটা আধা চা-চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ, শুকনা মরিচের গুঁড়া ১ চা-চামচ, হলুদ গুঁড়া ও পাঁচফোড়ন সামান্য এবং লবণ ও চিনি পরিমাণমতো৷
প্রণালি: প্রথমেই সরিষার তেল গরম করে পাঁচফোড়ন দিন৷ এবার রসুনের কোয়া, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, চিনি, লবণ, কাটা আমড়া দিয়ে ভেজে ঢেকে রাখুন। আমড়া সেদ্ধ হলে ঢাকনা তুলে দিন৷ পানি শুকিয়ে এলে তাতে শুকনা মরিচের গুঁড়া দিয়ে তুলে ফেলুন।