বর্ষার ইলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই বর্ষায় অভিনেত্রী বর্ষা রান্না করলেন ইলিশের কয়েক পদ—নিজেই করছেন পরিবেশন। ছবি: খালেদ সরকার
এই বর্ষায় অভিনেত্রী বর্ষা রান্না করলেন ইলিশের কয়েক পদ—নিজেই করছেন পরিবেশন। ছবি: খালেদ সরকার

আগের রাতেই চীন থেকে ফিরেছেন অভিনেতা অনন্ত জলিল। ফেরার পথে স্ত্রী অভিনেত্রী বর্ষার জন্য নিয়ে এসেছেন পছন্দের ‘ডিজাইনার ব্যাগ’। দেশে ফিরে অনন্ত দেখলেন, তাঁর জন্য বর্ষা আরও বড় চমক তৈরি করে রেখেছেন। বাড়িজুড়ে সরষে তেলে ভাজা ইলিশের মনভোলানো ঘ্রাণ! এটা অনন্তের সবচেয়ে পছন্দের খাবার। জিবে যেন পানি চলে আসে। তাই ডিজাইনার ব্যাগের চেয়েও এই বর্ষায় বর্ষার হাতের ইলিশের কয়েক পদ করল বাজিমাত। ভালোবাসার এই একটু চমক দেওয়া-নেওয়াই তাঁদের সম্পর্ককে এই বর্ষায় করে তুলেছে ভাজা ইলিশের মতো মচমচে!

১৪ জুলাই ইলিশের কয়েক পদ নিজের হাতে রেঁধেছিলেন বর্ষা। রাজধানীর মোহাম্মদপুর অনন্ত-বর্ষার বাড়িতে গিয়ে দেখা গেল ইলিশের নানা পদ। সরষে তেলে ভাজা আস্ত ইলিশ, মিষ্টিকুমড়া দিয়ে ইলিশের ডিম, মুখি কচু-ইলিশের তরকারি আর পোলাওয়ে লাউপাতায় মোড়ানো ইলিশ। সবই বর্ষার নিজ হাতে রান্না করা। যখন তিনি রান্নার উপকরণ-প্রণালি বলছিলেন, তখন তাঁর ঝরঝরে বয়ান শুনেই বোঝা যাচ্ছিল প্রায়ই এ পদগুলো রাঁধেন অভিনেত্রী বর্ষা। আর নকশার পাঠকদের জন্য িবশেষ যত্ন নিয়ে রাঁধলেন ইলিশের কয়েকপদ। দিলেন পাঁচ রকম রেসিপি।

কথার ফাঁকে ফাঁকে বর্ষা তাঁর ইলিশ রান্নার কিছু টোটকাও জানাচ্ছিলেন আমাদের। বর্ষার দেওয়া ইলিশ রান্নার টিপসের মধ্য রয়েছে—

* ইলিশ ভাজার জন্য সরষের তেল ব্যবহার করা ভালো, তাতে নাকি ইলিশের সঙ্গে সরষের ঝাঁজ মিলে মোহনীয় এক স্বাদের জন্ম দেয়।

* বেশি মচমচে নয়, কম তেলে মাঝারি ভাজা ইলিশ বর্ষার পছন্দ। বেশি ভাজা হলে ইলিশের মূল স্বাদ একটু ম্লান হয়ে যায়।

*তরকারিতে সরাসরি কাঁচা ইলিশ দিয়ে কষিয়ে নেওয়া খুব একটা পছন্দ করেন না বর্ষা। তাই তরকারিতে কষানো মসলায় ইলিশ দেওয়ার আগে হালকা ভেজে নেন।

*পোলাও দমে দেওয়ার জন্য একদম পাকা রাঁধুনিদের মতো আটার গোলা দিয়ে হাঁড়ি মুড়িয়ে দমে দেন না বর্ষা। চুলার আঁচ একেবারে কমিয়ে হাঁড়ি ঢেকে পোলাও দমে দেন।

*চুলা থেকে নামানোর আগে যে মরিচ তরকারিতে ছড়িয়ে দেন, এর জন্য লাল মরিচ ব্যবহার করেন বর্ষা। খাবার পরিবেশনের সময় রঙের বৈচিত্র্য ভালো লাগে তাঁর।

এই সব টোটকা দিতে দিতে খাবার টেবিলের সামনে মেহমানদারিতে ব্যস্ত হয়ে পড়েন বর্ষা। ধোঁয়া ওঠা পোলাও চামচ দিয়ে নাড়তেই এক বাদশাহি সুঘ্রাণ সবার ইন্দ্রিয়কে করে তোলে আরও ক্ষুধার্ত। এখানেই থামি। বর্ষায় বর্ষার হাতের ইলিশ—এটুকুতেই থেমে গেলে মন্দ কি?

ইলিশ মাছের ডিমে মিষ্টিকুমড়া

উপকরণ: কাঁচা মিষ্টিকুমড়া ৫০০ গ্রাম, মাছের ডিম ২টা, পেঁয়াজ ২টা, লবণ পরিমাণমতো, তেজপাতা ১টা, কাঁচা মরিচ (লাল) পরিমাণমতো।

প্রণালি: মিষ্টিকুমড়া টুকরো (কিউব) করে কেটে নেওয়া। পেঁয়াজ হালকা ভাজা। তাতে মিষ্টিকুমড়া দিয়ে, লবণ দিতে হবে পরিমাণমতো। এতে আলাদা কোনো বাটা/গুঁড়া মসলা দিতে হবে না। শুধু পেঁয়াজই যথেষ্ট। ১টি তেজপাতা দিতে হবে। এই রান্না করার সময় হাঁড়ি ঢাকতে হবে না। ঢেকে দিলে মিষ্টিকুমড়ার রং নষ্ট হয়ে যাবে। কুমড়া সেদ্ধ হয়ে এলে মাছের ডিম দেওয়া হবে তাতে। ডিমের রং যেন ভালো দেখায় এ জন্য হলুদ দিতে হবে আধা চা-চামচ পরিমাণ। ধীরে ধীরে নাড়তে হবে। ডিম আধা সেদ্ধ হয়ে এলে তাতে কাঁচা মরিচ দিয়ে চুলায় আরও ৫ মিনিট রেখে দিন।

কচুশাক দিয়ে ইলিশের মাথা

উপকরণ: কচুশাক ২৫০ গ্রাম, ইলিশ মাছের মাথা ২টা, পেঁয়াজ ১টা (ছেঁচা), রসুন ১টা (ছেঁচা), জিরাবাটা অল্প পরিমাণ, তেজপাতা ১টা, লবণ পরিমাণমতো।

প্রণালি: শাক সেদ্ধ করে নিতে হবে। পেঁয়াজ ছেঁচা, রসুন ছেঁচা, জিরাবাটা, তেজপাতা ও লবণ দিয়ে মাছের মাথা কষিয়ে নিন। সেদ্ধ কচুর শাক কষানো মাছে দিয়ে আস্তে আস্তে নাড়ুন। নামানোর আগে লেবুর রস দিয়ে দিন।

মুখি কচুতে ইলিশ

উপকরণ: ইলিশ মাছ চার টুকরা, মুখি কচু ২৫০ গ্রাম (ছড়া কচু নামেও পরিচিত), আদাবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, লবণ, হলুদগুঁড়া ও মরিচগুঁড়া পরিমাণমতো।

প্রণালি: মাছে সামান্য পরিমাণ হলুদগুঁড়া, মরিচগুঁড়া ও লবণ দিয়ে হালকা ভেজে নিতে হবে আগে। এখানে ভাজার জন্য সরিষার তেল ব্যবহার করুন। এরপর সব বাটা মসলা আর লবণ দিয়ে কচুর ছড়া কষিয়ে নিতে হবে। কষানো হলে তাতে পানি দিয়ে দিন ঝোলের জন্য। চুলায় মাঝারি আঁচে কচু হতে থাকুক। ফুটে উঠলে মাছ দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। নামানোর পাঁচ মিনিট আগে কয়েকটি কাঁচা মরিচ তরকারির ওপর ছড়িয়ে দিন।

ইলিশ ভাজা

উপকরণ: মাঝারি আকারের ইলিশ ১টি (মাথা-লেজসহ ৬ টুকরা), আদাবাটা ২ টেবিল চামচ, জিরাবাটা ২ টেবিল চামচ, রসুনবাটা ২ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, মরিচগুঁড়া পরিমাণমতো, হলুদগুঁড়া পরিমাণমতো, সরিষার তেল পরিমাণমতো।

প্রণালি: মাছের টুকরোগুলো ধুয়ে নিতে হবে। আদাবাটা, জিরাবাটা, রসুনবাটা, পেঁয়াজবাটা বাটিতে নিয়ে এর সঙ্গে পরিমাণমতো মরিচগুঁড়া, হলুদগুঁড়া ও লবণ নিন। এগুলো একসঙ্গে মাছের সঙ্গে মেখে ১০ মিনিট রেখে দিতে হবে। এরপর সরিষার তেলে মাঝারি আঁচে ভেজে নিন। খুব অল্প তেলে ইলিশ মাছ ভাজলে পরিবেশনের সময় ভালো দেখায়। মাছের তেলে কয়েকটা শুকনো মরিচও ভেজে নিন। পরিবেশনের সময় ভাজা মরিচ মাছের পাশে সাজিয়ে দিতে পারেন।

পোলাওয়ে লাউপাতায় মোড়ানো ইলিশ

উপকরণ: মাছ ৬ টুকরা, আধা কেজি পোলাওয়ের চাল, সাদা সরিষাবাটা ৩ টেবিল চামচ, কাঁচা মরিচবাটা ৩ টেবিল চামচ, পেঁয়াজবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লাউপাতা পরিমাণমতো, সয়াবিন তেল পরিমাণমতো, ঘি পরিমাণমতো, আদার রস দুই চা-চামচ, পেঁয়াজের রস দুই চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা পরিবেশনের জন্য, কাঁচা মরিচ পরিবেশনের জন্য।

প্রণালি: প্রথমে মাছে ৩ টেবিল চামচ সাদা সরিষাবাটা, কাঁচা মরিচবাটা, ১ টেবিল চামচ পেঁয়াজবাটা, রসুনবাটা, লবণ পরিমাণমতো দিয়ে মেখে ১০ মিনিট রেখে দিন। এরপর প্রতি টুকরা মাছকে পরিষ্কার লাউপাতা দিয়ে মুড়ে সুতো দিয়ে বেঁধে রাখুন। কড়াইয়ে তেল দিয়ে, একটু (দুই চা-চামচ) আদার রস, পেঁয়াজের রস দিয়ে ধোয়া পোলাওয়ের চাল কিছুক্ষণ ভেজে নিন। এর সঙ্গে ঘি দিন অল্প পরিমাণে। চাল হালকা লালচে হয়ে এলে পানি দিন এবং সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দিন। কিছুক্ষণ পর চাল ফুটে উঠলে সরিয়ে তাতে লাউপাতা মোড়ানো ইলিশগুলো ছেড়ে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। ২০-২৫ মিনিট অল্প আঁচে চুলায় রাখুন। নামিয়ে নেওয়ার আগে দেখে নিন চাল পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না। এরপর পরিবেশনের আগে পেঁয়াজের বেরেস্তা, মরিচ দিয়ে পরিবেশন করুন।