বাসবুসা বা সুজির কেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসবুসা মধ্যপ্রাচ্যের একটি ঐতিহ্যবাহী মিষ্টান্ন। গুগল থেকে জানলাম, এই মিষ্টির প্রথম আবির্ভাব হয় মিশরে। তারপর ধিরে ধিরে মধ্যপ্রাচ্যের অন্য দেশে এটি বেশ জনপ্রিয় হয়ে ওঠে।
বাসবুসাকে সেমোলিনা কেকও বলা হয় কারণ সুজি দিয়েই এর কারবার। মজার ব্যাপার হলো মধ্যপ্রাচ্যের ডেজার্টগুলোতে চিনির সিরাপের আলাদা একটা ভূমিকা থাকে।
উপকরণ: (সিরাপ তৈরি) চিনি ২ কাপ, পানি আড়াই কাপ, লেবুর রস ১/৪ চা চামচ, গোলাপ জল ১ টেবিল চামচ। (বাসবুসার জন্য) দানাদার সুজি ১ কাপ, ময়দা অথবা মিহি সুজি ১ কাপ, বেকিং পাউডার ২ চা চামচ, ডিম ৩টা, চিনি হাফ কাপ, বাটার/তেল দেড় কাপ, নারকেল কুচি ১ কাপ, টক দই ১ কাপ, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ।
প্রণালি: একটি পাত্রে ডিম চিনিসহ ফেটে নিতে হবে। এরপর তেল/বাটার, বেকিং পাউডার, টক দই আর নারকেল কুচি, ভেনিলা এসেন্স দিয়ে আবারও ভালো মতো মেশাতে হবে। এরপর এর মধ্যে দুই ধরনের সুজি অথবা সুজি আর ময়দা দিয়ে খুব ভালো মতো মেশাতে হবে। একটু ভারি হবে মিশ্রণটা, নাড়তে একটু কষ্ট হবে। কিন্তু মিশ্রণকে খুব ভালোভাবে মেশাতে হবে যাতে তাতে কোনো দলা না থাকে।
এরপর ওভেনকে প্রি হিট করতে দিতে হবে ১৮০ ডিগ্রিতে দশ মিনিটের জন্য। তারপর একটি ওভেন প্রুফ ডিশে বাটার অথবা তেল মাখিয়ে মিশ্রণটি ঢেলে সমান করে দিতে হবে। তারপর ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট অথবা ওপরে সোনালি বাদামি রঙ না আসা পর্যন্ত বেক করতে হবে।
এই ফাঁকে চিনির সিরা তৈরি করতে দিতে হবে। চিনির সিরা খুব বেশি ঘন বা পাতলা হবে না। চিনি গলে গেলে একটু নেড়ে অল্প আঁচে ঢাকনা দিয়ে বসিয়ে রাখতে হবে। কারণ এটি গরম গরম বাসবুসাতে ঢালতে হবে।
বাসবুসা ওভেন থেকে নামানোর পর ঘরের তাপমাত্রায় আসলে এর ওপর সিরা ঢালতে হবে। ততক্ষণ ঢালতে হবে যতক্ষণ পর্যন্ত না সিরা সম্পূর্ণভাবে কেকের লেভেলে আসে এবং যখন আর শুষবে না তখন সিরা দেওয়া বন্ধ করতে হবে। বাকি সিরা পরে কাজ লাগবে। এরপর ছুরি দিয়ে পছন্দ মতো আকারে কেটে নিতে হবে। কেউ চাইলে ওপরে কাজু/পেস্তা/কাঠ বাদাম দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

অ্যাডিলেড, অস্ট্রেলিয়া।