বিয়ের পর প্রথম পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার কাছে নানা ঐতিহ্যবাহী খাবার রান্না শিখেছেন উর্মিলা। ছবি: সুমন ইউসুফ
মার কাছে নানা ঐতিহ্যবাহী খাবার রান্না শিখেছেন উর্মিলা। ছবি: সুমন ইউসুফ

পূজার আনন্দকে উপভোগ করার প্রস্তুতিটা বেশ জোরেশোরেই চলছে মডেল ও অভিনেত্রী উর্মিলা করের। বিয়ের পর এটাই প্রথম পূজা। নতুন পরিবারের সদস্যদের জন্য কেনাকাটার পাশাপাশি এবার নিজের হাতে সবাইকে কী রেঁধে খাওয়াবেন, চলছে তার আয়োজনও। এবারের পূজাটা কাটাবেন দেশের বাইরে, স্বামী জয়দীপ সিনহা রায়ের পরিবারের সঙ্গে।

পরিবারের সবার জন্য এবার রাঁধবেন উর্মিলা নিজেই
পরিবারের সবার জন্য এবার রাঁধবেন উর্মিলা নিজেই

উর্মিলা জানালেন, তাঁর বাবা চাকরি করতেন বাংলাদেশ সেনাবাহিনীতে। তাই শৈশবের পূজার বেশির ভাগ দিনগুলোই কেটেছে চট্টগ্রাম সেনানিবাসে। ‘সেই সময় পূজা মানেই ছিল মায়ের হাতের রান্না। ত্রিশ থেকে চল্লিশ পদের রান্না রেঁধে আশপাশের সবাইকে খাওয়াতেন মা।’ তবে পূজার আনন্দের মাত্রাটা ছাড়িয়ে যেত যেবার সুযোগ মিলত মামাবাড়ি শেরপুর যাওয়ার। বাড়িতেই হতো দুর্গাপূজা। পূজার কয়েক দিন আগে থেকেই নারকেল আর দুধের নাড়ু, মোয়া, মুড়কির গন্ধে ম-ম করত মামাবাড়ি। পূজার সকালে ঢাকের বাজনায় ভাঙত ঘুম। ভাইবোনদের খুনসুটি আর আড্ডা, বিকেলে নতুন পোশাক পরে আশপাশের পূজামণ্ডপগুলো ঘুরে বেড়ানোর অনুভূতিগুলো একবারেই অন্য রকম ছিল উর্মিলার কাছে। উদ্যাপনের ধরনটা বদলালেও খাবারদাবারে সেই পুরোনো ঐতিহ্য এখনো ধরে রাখার চেষ্টা করেন তিনি। মা তৃপ্তি করের কাছেই তাঁর রান্নার হাতেখড়ি। মায়ের মতোই এবারের পূজায় উর্মিলাও নিজ হাতে রান্না করে নতুন পরিবারের লোকদের চমকে দেওয়ার চেষ্টা করবেন।
আলু-পটলের সবজি

আলু-পটলের সবজি
আলু-পটলের সবজি

উপকরণ: পটল আদা কেজি, পটলের অর্ধেক পরিমাণ আলু। হলুদ ও লবণ স্বাদমতো, তেজপাতা ২টি, সরিষা এক চিমটি, মেথি এক চিমটি, জিরাবাটা ১ চা-চামচ, আদা বাটা ১ চা-চামচ, কাঁচা মরিচ স্বাদমতো এবং ঘি পরিমাণমতো।

.
.

প্রণালি: আলু, পটল কেটে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে তেলে ভেজে নিতে হবে। তারপর কড়াইয়ে তেল গরম করে তেজপাতা, জিরাবাটা, সরিষা ও মেথি ফোড়ন দিয়ে তাতে আলু পটল ছেড়ে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। তেল ওপরে উঠে আদা বাটা ও হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিতে হবে। সবজি সেদ্ধ হয়ে মাখা মাখা ভাব চলে এলে পছন্দমতো ঘি দিয়ে পরিবেশন করতে হবে।

.
.

খিচুড়ি

খিচুড়ি
খিচুড়ি

উপকরণ: চাল ২ কেজি, ভাজা মুগডাল ১ কেজি, শুকনো মরিচ আস্ত ২০টি। আদা বাটা ৩ চা-চামচ, জিরাবাটা ৩ টেবিল চামচ, চেরা কাঁচামরিচ ৫-৬টি। তেজপাতা, গোটা জিরা, ছেঁচা এলাচ, গোটা দারুচিনি, ছেঁচা আদা, হলুদ, লবণ পরিমাণমতো। ঘি ও কিশমিশ স্বাদমতো।
প্রণালি: কড়াইতে তেল দিয়ে শুকনো মরিচ, তেজপাতা, জিরা, এলাচ, আদা ও দারুচিনি দিয়ে ফোড়ন দিতে হবে। তারপর ৬ লিটার পানি দিয়ে তাতে চাল-ডাল দিয়ে দিতে হবে। সামান্য নেড়ে আদা বাটা, জিরাবাটা, চেরা কাঁচা মরিচ, হলুদ ও লবণ দিয়ে ঢেকে দিতে হবে। রান্না প্রায় হয়ে এলে ৩ টেবিল চামচ চিনি দিতে হবে। সব শেষে স্বাদমতো ঘি ও কিশমিশ দিয়ে নামিয়ে নিতে হবে।

স্বামী জয়দীপের সঙ্গে উর্মিলা
স্বামী জয়দীপের সঙ্গে উর্মিলা

সয়া কারি

সয়া কারি
সয়া কারি

উপকরণ: সয়া নাগেট আদা কেজি, আলু ২৫০ গ্রাম, হলুদ, লবণ, জিরা আস্ত, তেজপাতা, আদা বাটা ২ টেবিল চামচ, জিরা বাটা ২ টেবিল চামচ, মরিচ বাটা ১ টেবিল চামচ, এলাচ, দারুচিনি, ঘি।
প্রণালি: সয়া নাগেট এবং আলু নিয়ে কেটে নিতে হবে। সয়া নাগেট সেদ্ধ ও আলু ভাপিয়ে নিতে হবে। আলু এবং সয়াতে হলুদ লবণ মেখে অল্প অল্প করে ভেজে নামিয়ে তুলে নিতে হবে। ওই কড়াইতে তেল দিয়ে গোটা জিরা ও তেজপাতা ফোড়ন দিয়ে এতে আদা বাটা, জিরা বাটা, মরিচ বাটা ও পরিমাণমতো হলুদ গুঁড়া দিয়ে খানিকটা কষিয়ে নিতে হবে। তেল ওপরে চলে এলে সয়া নাগেট ও আলু দিয়ে আরও খানিকটা কষিয়ে পানি দিয়ে ঢেকে দিতে হবে। মাখা মাখা হয়ে এলে নামিয়ে এলাচ ও দারুচিনি গুঁড়া এবং পছন্দমতো ঘি দিয়ে পরিবেশন করতে হবে।
পাঁচ ফোড়নে সবজি

পাঁচ ফোড়নে সবজি
পাঁচ ফোড়নে সবজি

উপকরণ: লাউ বাদে বাজারের নানা সবজি এক কাপ করে, শুকনো মরিচ ৪/৫টা, তেজপাতা ২টি, পাঁচ ফোড়ন এক চা-চামচ। আদা ছেঁচা, আদা বাটা, জিরা বাটা, চিনি, হলুদ গুঁড়ো পরিমাণমতো। চিনি ও ঘি এক টেবিল চামচ করে।
প্রণালি: কড়াইতে তেল গরম করে তাতে তেজপাতা, শুকনো মরিচ আস্ত, একটু আদা ছেঁচা ও পাঁচ ফোড়ন ছেড়ে দিতে হবে। কালো রং ধরতেই তাতে সবজিগুলো ছেড়ে নাড়তে হবে। তারপর কয়েকটি কাঁচা মরিচ চিরে দিয়ে ১ টেবিল চামচ জিরাবাটা, আধা টেবিল চামচ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিতে হবে। সবজির পানিতেই সেদ্ধ করতে হবে। যদি তা না হয় তবে সামান্য পানি দিয়ে অল্প আঁচে ঢেকে দিতে হবে। রান্না হয়ে এলে চিনি ও ঘি দিয়ে নামিয়ে নিতে হবে।
পায়েস

পায়েস
পায়েস

উপকরণ: দুধ ২ লিটার, চিনিগুঁড়া চাল দুই মুঠ, চিনি ১ পোয়া, কিশমিশ সাজানোর জন্য।
প্রণালি: চাল ভিজিয়ে রাখতে হবে। দুধটা মাঝারি আঁচে চুলায় বসিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। ফুটে উঠলে চালটা পানি ঝরিয়ে দুধে দিয়ে দিতে হবে এবং নাড়তে হবে। চাল গলা গলা হয়ে এলে চিনি দিতে হবে। আরও কিছুক্ষণ জ্বাল দিয়ে ঘন এবং আঠা আঠা হলে এলে কিশমিশ দিয়ে নামাতে হবে।

মোয়া

মোয়া
মোয়া

উপকরণ: ভাজা চিড়া ২৫০ গ্রাম, গুড় আদা কেজি, পানি ১ কাপ, জিরার গুঁড়া সামান্য।
প্রণালি: চিড়া বালিতে ভেজে শুকনো কাপড়ে বালি পরিষ্কার করে নিতে হবে। চুলায় এক কাপ পানি দিয়ে তাতে গুড় জ্বাল দিতে হবে। আঠালো হয়ে এলে চিড়া দিয়ে নাড়তে হবে। কিছুটা জিরার গুঁড়া ছিটিয়ে দিতে হবে। গুড়ে চিড়া ভালোভাবে জড়িয়ে গেলে নামিয়ে নিতে হবে। হাতে সামান্য তেল মেখে দু’হাতের চাপে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল মোয়া তৈরি করতে হবে।
একই ভাবে মুড়ির মোয়াও বানানো যায়।