বিষণ্নতা কমাবে যেসব খাবার
বিষণ্ন লাগছে? মন খারাপ করে বসে থাকবেন না। মনোযোগী হন খাবারের প্রতি ৷ বিষণ্নতার সঙ্গে খাবারের আছে গভীর সম্পর্ক!
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক সুলতানা আলগিন জানালেন, সাধারণত শরীরে ফিরোটোনিনের অভাব দেখা দিলে বিষণ্নতার সৃষ্টি হয় ৷ এ জন্য যখন মনে হবে বিষণ্নতায় ভুগছেন, তখনই সামুদ্রিক মাছ, ডিম, দুধ, কলিজা, পালংশাক ও পুঁইশাকের মতো খাবারগুলো বেশি করে খান ৷ কারণ, এসব খাবারে খুব বেশি পরিমাণে ফিরোটোনিন থাকে, যা বিষণ্নতা দূর করতে সাহায্য করে।
বিষণ্নতায় যখন ভুগবেন, তখন এড়িয়ে চলবেন ক্যাফেইন এবং কার্বোহাইড্রেট–জাতীয় খাবার ৷ বলছিলেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের পুষ্টিবিদ সালমা পারভীন। কারণ, ক্যাফেইন মস্তিষ্কের কোষগুলোকে উদ্দীপ্ত করে মস্তিষ্ককে বিষণ্নতার প্রতি আরও মনোযোগী করে তোলে ৷ এ ছাড়া কার্বোহাইড্রেট–সমৃদ্ধ খাবার, যেমন ভাত, আলু শরীর ভারী করে তোলে। এ ধরনের খাবার খেলে শরীরে ঝিমুনি ভাব আসে।
অনেকের মধ্যে এই ধারণা রয়েছে যে চকলেট খেলে বিষণ্নতা কমে যায় ৷ এটা ঠিক, তবে আমরা অধিকাংশ সময়ে যে চকলেট খাই, সেসব খেলে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। বিষণ্নতা কাটাতে খেতে হবে ডার্ক চকলেট। যেটার স্বাদ ভীষণ তিতকুটে। অন্যদিকে বাজারে যেসব চকলেট পাওয়া যায়, তার মধ্যে অধিকাংশই মিষ্টি। এই মিষ্টিজাতীয় উপাদান বিষণ্নতার মাত্রা আরও বাড়িয়েও দিতে পারে! ফলে বিষণ্নতা কাটাতে যদি চকলেট খেতেই চান, তাহলে সেটা যেন অবশ্যই ডার্ক চকলেট হয়।
এ ছাড়া তেল, চর্বি এবং মসলাজাতীয় খাবার খুব ধীরে ধীরে হজম হয় ৷ তাই এসব খাবার হজমের সময় মস্তিষ্ক পাকস্থলীর প্রতি বেশি মনোযোগী হয়ে ওঠে ৷ এতে শরীরে স্বাভাবিক রক্ত সঞ্চালনে ব্যাঘাত ঘটে দ্রুত অবসাদগ্রস্ত হয়ে পড়ে শরীর ৷ আর শরীরের এই প্রভাব মনের ওপরেও পড়ে।