বৈশাখী ভোজ

পয়লা বৈশাখে খাবারে বৈচিত্র্য থাকবে না তা কী হয়! জোবাইদা আশরাফ দিয়েছেন চার পদের রেসিপি
পাহাড়ি ঘণ্ট
উপকরণ
ক বিভাগ: ১২ রকমের সবজি এক কাপ করে। বাঁশকুড়োল, এঁচড়, কলার মোচা, কলার থোড় (লাইপাং), রোদে শুকানো করলা, করলার পাতা, থানকুনি (থাইসমু), হলুদ ফুল—সব এক কাপ করে। এসব কুটে-বেছে পরিষ্কার করে নিতে হবে। শজনে ডাটা, পুঁই ডগা, লাউ ডগা, মারিশ ডাটা, মো (মাশরুম), চাঁয়াং (তারা), টক গুলা, টকপাতা আধা কাপ করে (তৈরি করা)। শিমের বিচি, কলাইয়ের ডাল, ফরাস শিমের বিচি, মসুর ডাল ও ফেলন আধা কাপ করে। নাপ্পি তিন ভাগের এক কাপ (যদি প্রয়োজন হয়)।
খ বিভাগ: শুকনো মরিচের গুঁড়া ৬ টেবিল চামচ, হলুদ গুঁড়া ৩ টেবিল চামচ, ধনে গুঁড়া ২ টেবিল চামচ, জিরা গুঁড়া ২ টেবিল চামচ, আদা পেস্ট ৪ টেবিল চামচ, রসুন পেস্ট ৪ টেবিল চামচ, পেঁয়াজ কুচি এক কাপ, পেস্ট আধা কাপ, পোস্ত পেস্ট ২ টেবিল চামচ ও লবণ পরিমাণমতো।
গ বিভাগ: আস্ত জিরা ১ টেবিল চামচ, রসুন কুচি ২ টেবিল চামচ, আস্ত শুকনো মরিচ ৭-৮টি, বাগারের জন্য সরিষার তেল এক কাপ।
প্রণালি: সব রকমের সবজি, লতা, শাক, বাঁশকোড়ল, ডাল-বিচি কুটে–ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। প্রথমে বিভিন্ন রকমের বিচিগুলো খ বিভাগের মসলা দিয়ে পরিমাণমতো পানি দিয়ে সেদ্ধ করতে হবে। এরপর কলার মোচা কুচি করে সেদ্ধ করে নিতে হবে। বিচি ফুটতে শুরু করার পর শক্ত সবজিগুলো আগে দিতে হবে। পর্যায়ক্রমে সব সবজি দিয়ে রান্না করে নিন। সবজি গলে এলে অন্য আরেকটি পাত্রে সরিষার তেলে জিরা, মরিচ রসুনের ফোড়ন দিয়ে ঘণ্ট বাগারে দিতে হবে। এরপর ধনেপাতা, কাঁচা মরিচ ও টমেটো দিয়ে নামিয়ে নিন।