বড়দিনের আপ্যায়ন
উৎসবে আপ্যায়ন না হলে কি হয়! বড়দিনের ডিনার টেবিলে পরিবেশনের জন্য রেসিপি দিয়েছেন হোটেল দ্য ওয়েস্টিন ঢাকার শেফরা। সঙ্গে কেক-কুকিজ তো আছেই।

প্রন-অ্যাভোকাডো ককটেল

উপকরণ: মেয়োনিজ আধা কাপ, লেবুর রস ২ টেবিল-চামচ, টমেটো পেস্ট দেড় টেবিল-চামচ, ওরচেস্টারশায়ার সস দেড় চা-চামচ, আইসবার্গ লেটুস ১টি, (টুকরা করে নেওয়া), বেবি রকেট (সালাদে ব্যবহারের একজাতীয় পাতা) ৫০ গ্রাম, অ্যাভোকাডো ২টি, পাকা আম (পাওয়া গেলে) ১টি, লেজসহ সেদ্ধ করা বাগদা চিংড়ি (শিরা ও খোসা পরিষ্কার করে নেওয়া) ৭৫০ গ্রাম, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো।
প্রণালি: মেয়োনিজ, লেবুর রস, টমেটো পেস্ট, সস ও দেড় টেবিল-চামচ ঠান্ডা পানি একসঙ্গে মিশিয়ে নিন। লবণ ও গোলমরিচ দিন। পরিবেশন পাত্রে লেটুস, রকেট, অ্যাভোকাডো ও আম দিয়ে সাজান। এতে মেয়োনিজের মিশ্রণ মিশিয়ে পরিবেশন করুন।
রেড ভেলেভেট লগ কেক

উপকরণ: ডিম ৩টি, ক্যাস্টর সুগার আধা কাপ ও ১ টেবিল-চামচ. ময়দা পৌনে এক কাপ, কোকো পাউডার ১ টেবিল-চামচ, ফুটন্ত পানি ১ টেবিল-চামচ, তরল লাল ফুড কালার ১ চা-চামচ, আইসিং সুগার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য।
চকলেট আইসিংয়ের জন্য: মাখন ২৫০ গ্রাম, গলানো ডার্ক চকলেট ২৫০ গ্রাম, আইসিং সুগার দেড় কাপ।
প্রণালি: ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। ২৫ x ৩০ সেন্টিমিটার আকারের সুইস রোল প্যানে মাখন ব্রাশ করুন এবং বেকিং পেপার দিয়ে লাইন করুন। ডিম ও চিনি বিট ভালোভাবে বিট করে নিন। তাতে কোকো পাউডার ও ময়দা দিয়ে দিন। তরল ফুড কালার ও পানি ঢেলে দিন পাত্রের এক পাশ থেকে। ধাতব চামচ দিয়ে মিশিয়ে দিন। বেকিং পাত্রে ঢেলে ওপরটা সমান করে দিন। ১০-১২ মিনিট বেক করুন।

এর মধ্যে বড় বেকিং পেপারে ১ টেবিল-চামচ ক্যাস্টর সুগার ছড়িয়ে দিন। এর ওপর স্পঞ্জ কেকটি বের করে রাখুন। কেকের বেকিং পেপার সরিয়ে নিন। বড় বেকিং পেপার দিয়ে কেকটি লগের আকারে রোল করে নিন। ঠান্ডা হতে দিন।
চকলেট আইসিং তৈরির জন্য মাখন ভালোমতো বিট করে নিন। তাতে আইসিং সুগার দিয়ে আরও বিট করুন। এবার গলানো চকলেট দিয়ে বিট করতে থাকুন। খুব ভালোমতো মিশিয়ে নিন।
কেক থেকে বেকিং পেপার খুলে নিন। ওপরে একটু চকলেট আইসিং নিয়ে পুরো অংশে ছড়িয়ে দিন। এবার কেকের কিছুটা অংশ কেটে পাশে ছবির মতো করে বসিয়ে দিন। দেখতে গাছের শাখার মতো মনে হবে।
বাকি আইসিং ভালোমতো ছড়িয়ে কাঁটাচামচ দিয়ে গাছের বাকলের মতো আবার দিন। হালকাভাবে আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করুন।
সিনামন স্টার কুকি
উপকরণ: মারজারিন ২৫০ গ্রাম, ক্যাস্টর সুগার ১ কাপ, ময়দা ২ কাপ, চালের গুঁড়া আধা কাপ, দারুচিনি গুঁড়া দেড় চা-চামচ, আইসিং সুগার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য।
প্রণালি: ১৬০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। দুটি বেকিং ট্রেতে বেকিং পেপার লাইন করুন। মারজারিন ও ক্যাস্টর সুগার বাটিতে নিয়ে বিট করুন। তাতে ময়দা, চালের গুঁড়া ও দারুচিনি গুঁড়া দিন। ডো বানিয়ে চাকতির আকার করুন। প্লাস্টিক র্যাপে মুড়িয়ে ৩০ মিনিট ফ্রিজে রাখুন। এবার ডো বের করে রোল করে ৩ মিলিমিটার পুরু চাকতি বানান। তারা আকারের কুকি কাটার দিয়ে ডো থেকে কেটে নিন। এবার বেকিং ট্রেতে আইসিং সুগার ছড়িয়ে তাতে কুকিগুলো দিন। ১২-১৫ মিনিট বেক করুন। বের করে ঠান্ডা হলে পরিবেশন করুন।

রোস্ট লেগ অব ল্যামব
উপকরণ: ভেড়ার (ল্যামব) কাঁধ বা পায়ের অংশ আস্ত ১ দশমিক ৮ কেজি, রসুন কোয়া ২টি (সরু কুচি করে নেওয়া), রোজমেরি স্বাদমতো, অলিভ অয়েল মাংসে ব্রাশ করার জন্য ও আড়াই টেবিল-চামচ, লবণ ও গোলমরিচ গুঁড়া স্বাদমতো, বড় সাদা আলু ৬টি (ছিলে, ধুয়ে, পানি ঝরিয়ে চার ভাগ করে নেওয়া), মিষ্টি কুমড়া ১ কেজি (খোসাসহ, বিচি ছাড়িয়ে ৪-৫ সেন্টিমিটার টুকরা করে নেওয়া), ময়দা ১ টেবিল-চামচ, বিফ স্টক ৩৭৫ মিলিলিটার, সেদ্ধ গ্রিন বিন ৫০০ গ্রাম।
প্রণালি: ২২০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। ধারালো ছুরি দিয়ে মাংসের নানা স্থানে চিরে নিন। ১ সেন্টিমিটার গভীর করে ১৬টি চিড় হবে। প্রতিটি চিড়ে এক কুচি রসুন ও কিছু রোজমেরি ভরে দিন। রোস্টিং প্যানে মাংসের টুকরা রেখে তার ওপর অলিভ ওয়েল ব্রাশ করে দিন। গোলমরিচ ও লবণ ছড়িয়ে দিন। আরেকটি পাত্রে আলুর টুকরাগুলোতে দেড় টেবিল-চামচ তেল, পরিমাণমতো লবণ ও গোলমরিচ গুঁড়া মাখান। এবার মাংসের পাশে আলুগুলো বসিয়ে দিন। ওভেনে ১৫ মিনিট রোস্ট করুন।
এর মধ্যে আরেকটি পাত্রে মিষ্টি কুমড়ার টুকরাতে একইভাবে তেল, লবণ ও গোলমরিচ মাখান। এবার ওভেনের তাপ কমিয়ে ১৮০ ডিগ্রি সেলসিয়াস করুন।
মাংসের পাত্র বের করে তাতে মিষ্টি কুমড়ার টুকরা সাজান। তবে পাত্রে জায়গা না থাকলে আলাদা আরেকটি পাত্র ব্যবহার করুন। এক ঘণ্টা রোস্ট করুন। ‘ওয়েল ডান রোস্ট’ চাইলে আরও ৩০ মিনিট ওভেনে রাখতে পারেন। এবার মাংসের টুকরাটি শুধু বের করে আরেকটি অগভীর পাত্র বা ট্রেতে সাবধানে রেখে ফয়েল দিয়ে মুড়িয়ে দিন। এবার বেকিং পেপার দিয়ে লাইন করা আরেকটি পাত্রে সবজিগুলো ঢেলে আবার ওভেনে দিন। আগের পাত্রে গ্রেভি বানাতে হবে। এই পাত্রটি এখন চুলায় মাঝারি আঁচে দিন। তাতে ময়দা দিয়ে এক মিনিট রাখুন। চামচ দিয়ে নাড়তে থাকুন, যাতে দলা না বাঁধে। এতে স্টক দিয়ে ভালোমতো মিশিয়ে নিন। এবার আঁচ বাড়িয়ে ফুটিয়ে নিন। আরও ৪-৫ মিনিট নেড়েচেড়ে ঘন হলে নামিয়ে নিন। এবার মাংস, সবজি, গ্রেভি ও গ্রিন বিনস পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন।
স্টলেন ব্রেড

উপকরণ: কুসুম গরম দুধ ২ কাপ, ক্যাস্টর সুগার ২ চা-চামচ ও এক কাপের তিন ভাগের এক ভাগ, শুকনা ইস্ট ২ চা-চামচ, ময়দা ৩ কাপ, গরমমসলা ১ চা-চামচ, মাখন ১০০ গ্রাম, ডিম ১টি হালকা বিট করে নেওয়া, ভ্যানিলা এসেন্স ১ চা-চামচ, নানা রকম কিশমিশ ১ কাপ, মিক্সড পিল (লেবু, কমলা ইত্যাদি ফলের খোসা শুকিয়ে নেওয়া, সুপারশপে কিনতে পাবেন) ১ কাপ, আমন্ড খোসা ছাড়িয়ে কুচি করা ১ কাপ, আইসিং সুগার ওপরে ছড়িয়ে দেওয়ার জন্য।
প্রণালি: দুধ, চিনি ও ইস্ট একটি জগে মিশিয়ে ১০ মিনিট রেখে দিন যাতে ফেনা জমে। বড় বাটিতে ময়দা ও মসলা মেশান এবং ২ চা-চামচ ক্যাস্টর সুগার ঢেলে দিন। এর মাঝে একটি গর্ত করুন। তাতে দুধের মিশ্রণ, ডিম, ভ্যানিলা এসেন্স ঢেলে কাঠের চামচ দিয়ে মিশিয়ে নিন। এবার হাত দিয়ে মসৃণ করে ১০ মিনিট মথে নিন। হালকা তেল ব্রাশ করা একটি বাটিতে ডো রেখে প্লাস্টিক র্যাপ দিয়ে মুড়ে নিন। এভাবে ১ ঘণ্টা রাখুন। ডো ফুলে উঠবে।
১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। বড় বেকিং পাত্রে বেকিং পেপার লাইন করুন। এতে ডো রেখে হাত দিয়ে ২ সেন্টিমিটার পুরু করে ছড়িয়ে দিন। ওপরে ফল ও আমন্ড ছড়িয়ে হালকা মথে নিন। ডো দুইভাগে ভাগ করুন। রোলিং পিন বা বেলন দিয়ে দুটি অংশই ডিম্বাকার করে বেলে নিন। প্রতিটি দৈর্ঘ্য-প্রস্থে মোটামুটি ২৮ বাই ১৮ সেন্টিমিটার হবে। এবার দুটি অংশই লগ আকারে রোল করে বেকিং ট্রেতে রাখুন। দুটো রোলের মাঝে কিছু জায়গা ফাঁকা রাখুন। ৩০ মিনিট বেক করুন। বের করে ঠান্ডা করে ওপরে আইসিং সুগার ছড়িয়ে পরিবেশন করুন।
ক্রিসমাস কেক

উপকরণ: নানা রকম ড্রাই ফ্রুটস ১ কেজি, মিক্সড পিল আধা কাপ, ড্রাই অ্যাপ্রিকট কুচি ১ কাপ, ড্রাই ফিগ কুচি ১ কাপ, চেরি ১০০ গ্রাম, আপেল জুস পৌনে এক কাপ, মাখন ২৫০ গ্রাম, ব্রাউন সুগার ১ কাপ, ডিম ৫টি, ময়দা ১ কাপ, আটা ১ কাপ, বাই কার্বোনেট অব সোডা ১ চা-চামচ, গরমমসলা ১ চা-চামচ, দারুচিনি গুঁড়া ১ চা-চামচ, ওয়ালনাট ১ কাপ, রেডিমেড আইসিং ৫০০ গ্রামের তিনটি প্যাকেট (সাজানোর জন্য), অ্যাপ্রিকট জ্যাম সিকি কাপ।
প্রণালি: সব রকম ড্রাই ফ্রুট ও আপেল জুস বড় বাটিতে মেশান। প্লাস্টিক র্যাপ দিয়ে ঢেকে সারা রাত কিংবা অন্তত চার ঘন্টা রেখে দিন। কেক বানানোর সময় ১৫০ ডিগ্রি তাপে ওভেন প্রিহিট করুন। ২৩ সেন্টিমিটার ব্যাসের গোল বেকিং টিনে হালকা মাখন ব্রাশ করুন। বেকিং পেপার দিয়ে মাঝে ও পাশে লাইন করুন।
ইলেকট্রিক বিটার দিয়ে মাখন ও চিনি বিট করুন। এতে একটি একটি করে ডিম দিয়ে খুব ভালো করে বিট করুন। এবার এই মিশ্রণ ফলের বাটিতে ঢেলে তাতে বাই কার্বোনেট অব সোডা ও মসলা দিয়ে দিন। বড় চামচ দিয়ে মিশিয়ে ওয়ালনাট দিয়ে আবার মেশান।
এবার বেকিং টিনে এই মিশ্রণ ঢেলে ভালোমতো সেট করে নিন। ওপরটা চামচ দিয়ে সমান করে দিন। ওপরে ব্রাউন পেপার কিংবা খবরের কাগজ দিয়ে ঢেকে চিকন দড়ি দিয়ে বেঁধে দিন। ওভেনের সবচেয়ে নিচের তাকে তিন ঘণ্টা বেক করুন। একটি সরু কাঠি কেকে ঢুকিয়ে দেখুন কেক তৈরি হয়ে গেছে কি না। কাঠিতে কেক মিশ্রণ লেগে থাকলে বুঝবেন আরেকটু বেক করা দরকার। হয়ে গেলে ঠান্ডা করে তারপর টিন উল্টে কেক বেক করে নিন।
এবার কেক সাজানোর জন্য পরিবেশন ট্রেতে রাখুন। নিচের দিকটি ওপরে থাকবে অর্থাৎ ওল্টানো অবস্থায় থাকবে। কেকের ওপরে অ্যাপ্রিকট জ্যাম ব্রাশ করে দিন।
সবার ওপরে আইসিং দিয়ে পছন্দমতো সাজিয়ে দিন।
স্মোকড স্যামন উইথ ক্রিম চিজ

উপকরণ: স্মোকড স্যামন স্লাইস ৬০০ গ্রাম, ক্রিম চিজ ৫০০ গ্রাম, ক্রিম সিকি কাপ, লেমন রাইন্ড (লেবুর খোসা কুচি), লেবুর রস ২ টেবিল চামচ, কেপার ২ টেবিল চামচ, শক্ত রুটি ও অলিভ ওয়েল পরিবেশনের জন্য। পারসলে পাতা, ধনেপাতা ইত্যাদি কুচি সাজানোর জন্য।
প্রণালি: স্যামনের চামড়া থাকলে তা ছাড়িয়ে নিন। ক্রিম চিজ, ক্রিম, লেমন রাইন্ড, লেবুর রস, নানারকম পাতা কুচিও কেপারগুলো ফুড প্রসেসরে ঢেলে দিন। স্বাদমতো মরিচগুঁড়া দিন। এবার ব্লেন্ড করে নিন।
৮ সেন্টিমিটার গভীর, ১০ বাই ২০ সেন্টিমিটার প্যানে মাখন ব্রাশ করে নিন। প্যানের তলা ও চারপাশ প্লাস্টিক র্যাপে মুড়ে নিন। ওপরে র্যাপের কিছুটা অংশ বাড়তি রাখুন। এবার এক স্তর স্যামন দিন। চ্যাপ্টা চামচ দিয়ে পৌনে এক কাপ ক্রিমের মিশ্রণ মাছের ওপর ছড়িয়ে দিন। আবার মাছ, তার ওরপর ক্রিম মিশ্রণ এভাবে কয়েক স্তর দিন। সবার ওপরে মাছ থাকবে। এবার র্যাপ দিয়ে প্যানে মুড়ে ফ্রিজে সারা রাত রেখে দিন।
পরিবেশন আগে ট্রেতে ঢেলে নিন। প্লাস্টিক র্যাপ ছাড়িয়ে, কেটে সামান্য একটু তেল ছড়িয়ে পরিবেশন করুন। নানারকম সালাদ পাতা ও রুটি দিতে পারেন সঙ্গে।
বিটরুট জুস

উপকরণ: বিটরুট ১৫০ গ্রাম পরিষ্কার করে নেওয়া, ব্লুবেরি কিংবা র্যাস্পবেরি ৫০ গ্রাম, বেদানা দানা ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, নারিকেলের পানি ১১০ মিলিলিটার।
প্রণালি: সব ফল ও বিটরুট জুসারে মিশিয়ে রস করে নিন। গ্লাসে বরফ দিয়ে বিটরুট জুস ঢেলে তার ওপর নারিকেলের পানি দিন। পুদিনাপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
ডাক লেগ কনফিট

উপকরণ: হাঁসের পা ২টি (১৮০ গ্রাম), মিষ্টি আলু ২০০ গ্রাম, অ্যাসপারাগাস ৮০ গ্রাম, বিটরুট ১০০ গ্রাম, বালসামিক ভিনেগার ৮০ মিলিলিটার, মাখন ৫০ গ্রাম, লবণ ২০ গ্রাম, মরিচগুঁড়া স্বাদমতো। রোজমেরি, রসুন পেস্ট হাঁসের পা রান্নার জন্য পরিমাণমতো।
প্রণালি: হাঁসের পাগুলো পরিষ্কার করে তাতে ভালোমতো লবণ, রোজমেরি ও রসুন পেস্ট মাখিয়ে রাখুন। গভীর কোন বেকিং পাত্রে হাঁসের পা রেখে হাঁসের চর্বি দিয়ে ঢেকে দিন। ওভেনে ১০০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১ ঘণ্টা বেক করুন। হয়ে গেলে বের করে রাখুন।
অ্যাসপারাগাস, আলু ও বিটরুট ধুয়ে পরিষ্কার করে নিন। আলু ও বিটরুট চারকোণা করে টুকরা করে নিন। পাত্রে পানি গরম করে সামান্য লবণ দিয়ে তাতে অ্যাসপারাগাস দিয়ে দিন। সামান্য চুবিয়েই উঠিয়ে নিন। এরপর ঠান্ডা পানিতে একটু রেখে উঠিয়ে নিন। একইভাবে আলু গরম পানিতে চুবিয়ে আধা সেদ্ধ করে উঠিয়ে নিন।
চুলায় পাত্রে ঠান্ডা পানি নিয়ে তাতে একটু লবণ দিন। বিটরুট দিয়ে দিন। এক ঘণ্টা মৃদু আঁচে ফুটান। এরপর বের করে ঠান্ডা পানিতে রেখে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে চার টুকরা করে নিন।
মাখন ব্রাশ করা একটি ট্রেতে হাঁসের পাগুলো রেখে প্রিহিট ওভেনে ১৭০ ডিগ্রি সেলসিয়াস তাপে ১০ মিনিট রাখুন।
আলুগুলো বাদামি করে ভেজে তুলে নিয়ে তার ওপর লবণ ছড়িয়ে দিন। সেই পাত্রে বিটরুটও ভেজে নিন। তুলে নিয়ে তার ওপর সামান্য লবণ ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে দিন। ফুটন্ত পানিতে আবার একটু অ্যাসপারাগাসগুলো চুবিয়ে নিন। স্টেইনলেস বাটিতে অ্যাসপারাগাস রেখে একটু মাখন ও লবণ-গোলমরিচ ছিটিয়ে দিন।
এবার প্লেটে পছন্দমতো সব সাজিয়ে ওপরে একটু বালসামিক ভিনেগার ছড়িয়ে দিন। সঙ্গে সঙ্গে পরিবেশন করুন।