ভাত পোলাও বিরিয়ানি
ঈদের দিন মাংস, মাছ বা সবজি যা-ই খান, তার সঙ্গে পোলাও তো লাগবেই। তেমনই নতুন স্বাদের তিনটি পোলাওয়ের রেসিপি থাকছে এখানে। রেসিপি দিয়েছেন আলপনা হাবিব

গরুর মাংসের বিরিয়ানি
উপকরণ: গরুর মাংসের জন্য: গরুর মাংস ২ কেজি, টক দই আধা কাপ, আদা বাটা, রসুন বাটা ও কাঁচা মরিচ বাটা ২ টেবিল চামচ করে, পেস্তা বাদাম ও চীনাবাদাম বাটা ২ টেবিল চামচ করে, পোস্ত বাটা ১ টেবিল চামচ, চিনি ১ টেবিল চামচ, টমেটো সোয়া এক কাপ, গুঁড়া দুধ আদা কাপ, গরম মসলার গুঁড়া ২ চা-চামচ, এলাচ দেড় টেবিল চামচ, দারুচিনি দেড় টেবিল চামচ, শাহি জিরা ১ চা-চামচ, গোলমরিচ ১ চা-চামচ, জয়ফল ২টি ও জয়ত্রী ১ চা-চামচ।
পোলাওয়ের জন্য: তেল আধা কাপ, এলাচ ৬টা, দারুচিনি ৩টা, কাঁচা মরিচ ২০টা, গুঁড়া দুধ ১ কাপ, পোলাও চাল ১ কেজি, পানি চালের দ্বিগুণ পরিমাণ, আলুবোখারা ১০টি, মাওয়া আধা কাপ, বেরেস্তা ১ কাপ ও কেওড়া ১ টেবিল চামচ।
প্রণালি: প্রথমে মাংস রান্নার জন্য দুধ ছাড়া বাকি উপকরণগুলো দিয়ে মাংস মেখে নিন। তেল গরম করে তাতে পেঁয়াজ লাল করে ভেজে মাংস দিয়ে কষিয়ে রান্না করুন। নামানোর আগে গুঁড়া দুধ দিন।
বিরিয়ানি রাঁধতে: তেল গরম করে তাতে গরম মসলা ও কাঁচা মরিচ দিয়ে ভাজুন। রান্না করা মাংস থেকে তেল ও ঝোল নিয়ে চাল কষিয়ে নিন। পানি ঢেলে দিয়ে ফুটিয়ে নিন। এবার তাতে চাল, লবণ ও আলুবোখারা দিয়ে আধা সেদ্ধ হলে কেওড়া জল দিয়ে ঢিমা আঁচে ২০ মিনিট দমে রেখে দিন। এবার তিন ভাগের দুই ভাগ পোলাও নামিয়ে রেখে বাকিটার ওপরে অর্ধেকটা রান্না করা মাংস বিছিয়ে দিন। তার ওপর দিন অর্ধেক মাওয়া ও অর্ধেক বেরেস্তা। আবার তুলে রাখা পোলাও থেকে অর্ধেকটা দিয়ে তার ওপর একই নিয়মে মাংস, মাওয়া ও বেরেস্তা বিছিয়ে দিন। সবশেষে বাকি পোলাও দিয়ে ২০ মিনিট দমে রাখুন।

মোরগ পোলাও
উপকরণ: মুরগি রান্নার জন্য: মুরগি ২টি, মিষ্টি দই ১ কাপ, আদা বাটা সাড়ে পাঁচ টেবিল চামচ, রসুন বাটা দেড় টেবিল চামচ, পেঁয়াজ বাটা সাড়ে পাঁচ টেবিল চামচ, কাঁচা মরিচ ৭-৮টা, তেজপাতা ২টা, দারুচিনি ৩টা, এলাচ ৩টা, তেল এক কাপের তিন ভাগের এক ভাগ ও ঘি এক কাপের তিন ভাগের এক ভাগ (তেল ও ঘি একসঙ্গে মিশিয়ে নিতে হবে, এই মিশ্রণের অর্ধেকটা মুরগিতে দিতে হবে), পানি ১ কাপ ও লবণ স্বাদমতো।
পোলাওয়ের জন্য: তেল ও ঘিয়ের মিশ্রণের বাকি অর্ধেক, জিরা ১ চা-চামচ, পেঁয়াজ বাটা ১ টেবিল চামচ, চিকেন পাউডার ১ টেবিল চামচ, কাঁচা মরিচ ২৫টি, লবণ স্বাদমতো, লেবুর রস ১ চা-চামচ, গুঁড়া দুধ আধা কাপ ও চিনি ১ টেবিল চামচ।
প্রণালি: মুরগি ৪ টুকরা করে রানের হাঁটুগুলো চিরে নিতে হবে। ১ টেবিল চামচ করে আদা বাটা, রসুন বাটা ও পেঁয়াজ বাটা, ২ টেবিল চামচ দই ও ২ চা-চামচ লবণ দিয়ে মুরগি মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। চুলায় পাত্র বসিয়ে মুরগির জন্য রাখা তেল-ঘিয়ের মিশ্রণ দিয়ে তাতে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে কয়েক সেকেন্ড নাড়ুন। এবার তাতে বাকি মসলা দিয়ে ভালো করে কষাতে হবে। মসলা কষানো হলে তাতে মাখিয়ে রাখা মুরগি ঢেলে দিয়ে আবার কষাতে থাকুন। কষানোর গন্ধ বের হলে ঢাকনা লাগিয়ে ১০ মিনিট রান্না করুন। ঢাকনা খুলে ১ কাপ পানি দিয়ে আবার ঢাকনা লাগিয়ে দিন। ২০ মিনিট রান্না করুন। মুরগি রান্না শেষে নামিয়ে রাখুন। এবার একটি বড় পাত্র চুলায় দিয়ে বাকি তেলটুকু ঢেলে দিন। তেল গরম হলে তাতে দারুচিনি, এলাচ ও জিরা দিয়ে ফোড়ন দিতে হবে। এবার ১ চা-চামচ করে আদা, পেঁয়াজ ও রসুন বাটা দিয়ে দিন। মসলা কষানোর পর চাল দিয়ে কষিয়ে নিয়ে ৫ কাপ পানি দিন। চিকেন পাউডার, চিনি, লবণ, দুধ ও কাঁচা মরিচ চালের মধ্যে দিয়ে দিন। চাল অর্ধেক সেদ্ধ হলে তার মধ্যে আগে থেকে রান্না করে রাখা মুরগি ১ কাপ ঝোলসহ ঢেলে দিন। এবার ঢাকনাসহ অল্প আঁচে ২০ মিনিট রান্না করতে হবে। রান্না শেষে নামিয়ে লেবুর রস মিশিয়ে গরম গরম পরিবেশন করুন।

লেমন পিল রাইস
উপকরণ: পোলাওয়ের চাল ৪ কাপ, পানি ৮ কাপ, চিকেন কিউব ৪টা, লবণ ১ টেবিল চামচ, মাখন ২০০ গ্রাম, লেবুর খোসা কোরানো ২ টেবিল চামচ, গুঁড়া দুধ ১ কাপ ও চিনি ১ টেবিল চামচ।
প্রণালি: একটি পাত্রে মাখন গরম করে তাতে লেবুর খোসা কয়েক সেকেন্ড ভেজে নিন। এবার চাল দিয়ে নাড়াচাড়া করে পানি দিন। এবার তাতে গুঁড়া দুধ, চিকেন কিউব, লবণ ও চিনি দিয়ে ফুটতে দিন। চাল আধা সেদ্ধ হলে ঢেকে হালকা আঁচে ২০ মিনিট রান্না করুন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।