ভালোবাসার কেক
স্ট্রবেরি কেক

উপকরণ: ভ্যানিলা ৬০০ গ্রাম, বাটার ক্রিম/মাখনের ননি ২৫০ গ্রাম, চিনির সিরাপ ১০০ মিলিলিটার, স্ট্রবেরি পিউরি ১০০ গ্রাম, স্ট্রবেরি এসেন্স ১০০ গ্রাম।
প্রণালি: তিন লেয়ারে স্পঞ্জটি কেটে নিতে হবে। এরপর বাটার ক্রিম, স্ট্রবেরি পিউরি ও এসেন্স একসঙ্গে মিশিয়ে নিন। এবার কেকটির প্রতিটি লেয়ারে মিশ্রণটি দিয়ে ঢেকে দিতে হবে। এরপর এটি ঠান্ডা করে নিন। হৃদয় আকৃতির পাত্রে চকলেট ও পুদিনা পাতা দিয়ে সাজিয়ে নিতে পারেন।
রেড ভেলভেট কেক

উপকরণ: মাখন ৩০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিম ৪টি, ময়দা ২০০ গ্রাম, ক্রিম চিজ/ননিযুক্ত পনির ১০০ গ্রাম, খাবার রং (লাল) ৫ গ্রাম, চিনির সিরাপ ৫০ মিলিলিটার ও ভ্যানিলা এসেন্স ৫০ গ্রাম।
প্রণালি: শুরুতে মাখন ও চিনি বিট করে নিতে হবে। এরপর এতে ডিম মিশিয়ে ধীরে ধীরে ফেটিয়ে নিন। এবার আলাদাভাবে ময়দা ও খাবার রং মিশিয়ে এতে আগে বানানো মাখনের মিশ্রণটি মেশাতে হবে। পুরো মিশ্রণ এবার একটি পাত্রে ঢেলে বেক করে নিতে হবে। এরপর এটি ঠান্ডা করে তিন লেয়ারে কেটে নিয়ে এতে সিরাপ, মাখন ও চিজ দিন। সবশেষে স্ট্রবেরি, চকলেট ও গ্রিন লিফ দিয়ে সাজিয়ে নিন।
চকলেট ফাজ কেক

উপকরণ: মাখন ২০০ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিম ৪টি, ময়দা ২০০ গ্রাম, কোকো পাউডার ৪০ গ্রাম, চিনির সিরাপ ৫০ মিলিলিটার, দুধ ৫০ মিলিলিটার, ডার্ক চকলেট ১৫০ গ্রাম ও ফ্রেশ ক্রিম ৫০ গ্রাম।
প্রণালি: শুরুতেই মাখন ও চিনি বিট করে নিতে হবে। এরপর মিশ্রণে একে একে ডিম দিয়ে ভালোভাবে বিট করে নিতে হবে। এবার আলাদাভাবে কোকো পাউডার ও ময়দা মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটির সঙ্গে মাখনের মিশ্রণটি মিশিয়ে নিয়ে সতর্কতার সঙ্গে তরল দুধ মেশাতে হবে। এবার বেক করে নিয়ে ঠান্ডা করতে হবে।
ফ্রেশ ক্রিম চুলায় জ্বালিয়ে এর সঙ্গে ডার্ক চকলেট মেশাতে হবে। স্পঞ্জটি তিন লেয়ারে কেটে চকলেট মিশ্রণ এতে ঢেলে দিয়ে গ্রিন লিফ দিয়ে সাজিয়ে নিতে হবে।
ভ্যানিলা কেক

উপকরণ: ডিম ৫টি, চিনি ২০০ গ্রাম, ময়দা ১০০ গ্রাম, বাটার ক্রিম/মাখনের ননি ২৫০ গ্রাম, চিনির সিরাপ ৭৫ মিলিলিটার, র্যাসবেরি ফল ৭৫ গ্রাম ও ভ্যানিলা এসেন্স ১৫০ গ্রাম।
প্রণালি: শুরুতে মাখন ও চিনি একসঙ্গে মিশিয়ে বিট করতে থাকুন ফোমের মতো না হওয়া পর্যন্ত। এরপর এতে সতর্কতার সঙ্গে ময়দা মিশিয়ে বেক করে নিতে হবে। ঠান্ডা করে স্পঞ্জের ওপর বাটার ক্রিম, ভ্যানিলা এসেন্স ও সিরাপের লেয়ার দিয়ে ফ্রিজে রেখে দিতে হবে। জমে গেলে হুইপড ক্রিম ও র্যাসবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।